চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় মোহাম্মদ হাসান প্রকাশ রাজু (২৪) নামের এক যুবককে গুলি করে হত্যার ঘটনার মূল পরিকল্পনাকারীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঘটনায় ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি এবং একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার ভোর পর্যন্ত চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।
আজ বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর বিভাগের উপকমিশনার মো. আমিরুল ইসলাম সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সৈয়দুল করিম (২৭), মো. আবদুল মান্নান (৩৭), মো. ইউনুচ, মো. আয়াতুল্লাহ আলী আদনান (২১), মো. আবু বক্কর ছিদ্দিক প্রকাশ খোকন (৪৮) ও আজগর আলী প্রকাশ বাচা মিয়া (৩৯)।
সংবাদ সম্মেলনে উপকমিশনার মো. আমিরুল ইসলাম বলেন, প্রায় দুই সপ্তাহ আগে রাউজানের কদলপুর এলাকায় ‘মধু নাসির’ নামের এক ব্যক্তি খুন হন। ওই হত্যা মামলার আসামি ছিলেন রাজু। সেই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতেই তাঁকে টার্গেট করে হামলা চালানো হয়।
ঘটনার পেছনে রাউজানের কদলপুর এলাকার পুরোনো বিরোধ কাজ করেছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন তিনি। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে।
এর আগে ৭ মে রাত সাড়ে ১০টার দিকে রৌফাবাদ এলাকার শহীদ মিনার কলোনির পাশে রাজুকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় ১১ বছর বয়সী এক শিশু গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় এবং বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছে।