হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত ও স্বর্ণালংকার ছিনতাই

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

হাসপাতালে চিকিৎসাধীন স্কুলছাত্রী। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রাইভেট পড়তে বিদ্যালয়ে যাওয়ার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নাফিয়া সুলতানা তনিমা (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। দুর্বৃত্তরা তার গলায় থাকা একটি স্বর্ণের চেইন ও কানে থাকা দুই জোড়া দুল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ। আজ রোববার সকাল ৯টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের নুনাছড়া এলাকার জাফরনগর অপর্ণাচরণ উচ্চবিদ্যালয়সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

আহত তনিমা জাফরনগর অপর্ণাচরণ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

পরিবারের সদস্যরা জানান, হামলার পর তনিমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। দুপুরের পর তাকে বাড়িতে নেওয়া হয়েছে। ঘটনার পর থেকে তনিমা চরম আতঙ্কে রয়েছে। হামলার কথা মনে পড়লেই উচ্চস্বরে কেঁদে ওঠার পাশাপাশি ভয়ে সংজ্ঞাহীন হয়ে পড়ছে।

তনিমার বড় বোন ফারহানা পারভীন রিমা জানান, সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় জাফরনগর অপর্ণাচরণ উচ্চবিদ্যালয়সংলগ্ন সড়কে আগে থেকে সিএনজি নিয়ে দাঁড়িয়ে থাকা মুখোশধারী দুর্বৃত্তরা তনিমার গতিরোধ করে। দুর্বৃত্তরা গলায় ছুরি ধরে স্বর্ণের চেইন ও কানের দুল খুলে দিতে বলে। একপর্যায়ে দুর্বৃত্তরা তনিমার হাত, মুখ ও গলায় ছুরিকাঘাত করে। পরে গলায় থাকা স্বর্ণের চেইন ও কানে থাকা দুই জোড়া স্বর্ণের দুল ছিনিয়ে নেয়। তনিমার চিৎকারে তার বান্ধবীরা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে অচেতন অবস্থায় মাটিতে লুটিয়ে পড়া তনিমাকে স্থানীয় লোকজনের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

ফারহানা পারভীন রিমা বলেন, প্রায় তিন মাস আগে বিদ্যালয়ে যাওয়ার পথে দুর্বৃত্তরা তনিমার গতিরোধ করে তার প্রাইভেট শিক্ষক জাহেদের সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছিল। বিষয়টি পরিবারের সদস্য বা শিক্ষক জাহেদকে জানাতে নিষেধ করা হয়েছিল। ঘটনার পর বিদ্যালয়ে গিয়ে তনিমা শিক্ষক জাহেদকে বিষয়টি জানালে তিনি সীতাকুণ্ড থানার শরণাপন্ন হন।

ফারহানা পারভীন রিমা জানান, এরপর দুর্বৃত্তরা তনিমার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। গত বৃহস্পতিবার সকালে প্রাইভেটে যাওয়ার পথে তনিমার গতিরোধ করে হামলার চেষ্টা করা হয়। তনিমা দৌড়ে পালিয়ে যাওয়ায় সেদিন হামলা থেকে রক্ষা পায়।

জাফরনগর অপর্ণাচরণ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি রায় বলেন, ‘প্রাইভেট পড়তে যাওয়ার সময় বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীর ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে দপ্তরির মাধ্যমে জানতে পেরেছি। আগামীকাল বিদ্যালয় খুললে পরিচালনা পরিষদের সভাপতি ও অভিভাবক সদস্যদের সঙ্গে আলোচনা করে করণীয় নির্ধারণ করা হবে।’

সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু হেনা মোস্তফা কামাল বলেন, দশম শ্রেণির এক ছাত্রী দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়েছে কি না, সে বিষয়ে তিনি অবগত নন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিনুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুমতি ছাড়া ড্রোন ওড়ানো নিষিদ্ধ

মেয়রের মেয়াদ শেষের বিতর্কের মধ্যে চসিকের প্রশাসক হলেন শাহাদাত

পটিয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু: ‘নির্যাতনকারী’ সেই শাশুড়ি কারাগারে

চুয়েটে ৩৪ দিনের অচলাবস্থা, বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস

খাগড়াছড়িতে বন্দুক হাতে পাহাড়ি তরুণের মহড়ার ভিডিও ভাইরাল

বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন

ডিডিএনে চাঁদাবাজি ও ভাঙচুরের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পটিয়ায় লুট হওয়া চিনির আরও ১৫০ বস্তা চকরিয়ায় উদ্ধার, গ্রেপ্তার কাভার্ড ভ্যানচালক

চট্টগ্রামের সীতাকুণ্ড: বন উজাড়ে নীরব রেল-বন বিভাগ

ঝোপের আড়ালে গর্ত থেকে কান্নার আওয়াজ, পাতা সরিয়ে উদ্ধার হলো নবজাতক