গত বৃহস্পতিবার রাতেও বাবার ডাকে সাড়া দিয়েছিল ১০ বছরের নুর মোহাম্মদ আরাফাত। হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) শুয়ে বাবাকে জানিয়েছিল, সে ভালো আছে। কিন্তু পরদিন শুক্রবার সকালে আর কোনো সাড়া মেলেনি। হাম, ডেঙ্গু ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যায় আরাফাত।
বড় ছেলেকে দাফন করে আবার হাসপাতালে ছুটতে হয়েছিল মোহাম্মদ কবিরকে। কারণ, মৃত্যুর সঙ্গে লড়ছিল তাঁর ছোট ছেলে, মাত্র ১০ মাস বয়সী আবু বক্কর আরব। এক সন্তানকে কবরে রেখে অন্য সন্তানকে বাঁচানোর আশায় হাসপাতালের আইসিইউর সামনে অপেক্ষা করছিলেন তিনি। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে গত রোববার দিবাগত রাত সোয়া ১টার দিকে মারা যায় আরবও। মাত্র তিন দিনের ব্যবধানে দুই সন্তানকে হারিয়ে দিশাহারা কবির।
দুই সন্তানের শোকে মানসিকভাবে ভেঙে পড়েছেন মা আমেনা বেগমও। কখনো সন্তানদের খুঁজছেন, কখনো করছেন অসংলগ্ন আচরণ। এমনকি ঠিকমতো চিনতে পারছেন না স্বামীকেও। চট্টগ্রাম নগরের হিলভিউয়ের ১ নম্বর সড়কের বাসা ও আশপাশের এলাকায় এখন শোকের আবহ। প্রতিবেশীদের মনেও ঘুরপাক খাচ্ছে একই প্রশ্ন—এ শোক কীভাবে সামলাবে পরিবারটি?
যে ঘর দুই ভাইয়ের হাসি-খেলায় মুখর থাকত, সেখানে এখন শুধুই শূন্যতা। পড়ে আছে তাদের নানা স্মৃতি, ভাইয়ে ভাইয়ে খুনসুটির ছবি। পাশাপাশি দুটি কবরে শায়িত দুই ভাই। আর সন্তানহীন ঘরে শোক আর স্মৃতি নিয়ে দিন কাটছে কবির ও আমেনার।
আরাফাত ছিল হিলভিউ পাবলিক স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। পড়ালেখায়ও ভালো ছিল সে। প্রায় ১৫ থেকে ২০ দিন আগে তার জ্বর, বমি ও কাশি শুরু হয়। অবস্থার অবনতি হলে প্রথমে মেরিন সিটি হাসপাতাল, এরপর সাউদার্ন হাসপাতাল এবং পরে ইম্পেরিয়াল হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে আইসিইউতে চিকিৎসা চললেও অবস্থার উন্নতি হয়নি। চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে শেষ পর্যন্ত ছেলেকে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে ভর্তি করেন কবির। সেখানেই গত শুক্রবার সকালে মারা যায় আরাফাত।
কবির জানান, বৃহস্পতিবার রাতে ছেলের সঙ্গে তাঁর শেষ কথা হয়েছিল। বাবার ডাকে সাড়া দিয়ে আরাফাত জানিয়েছিল, সে ভালো আছে। পরদিন সকালে ছেলের জন্য ওষুধ আনতে বাইরে গিয়েছিলেন তিনি। এর মধ্যেই চিকিৎসকেরা তাঁকে দ্রুত হাসপাতালে ফিরতে বলেন। কিন্তু ততক্ষণে সব শেষ। যে ছেলেটি আগের রাতেও বাবার সঙ্গে কথা বলেছিল, শুক্রবার সন্ধ্যায় সেই ছেলেকেই মোমেনবাগ আবাসিক এলাকার কবরস্থানে দাফন করতে হয় তাঁকে।
আরাফাতের মৃত্যুর পরও হাসপাতাল ছাড়তে পারেননি কবির। কারণ, ছোট ছেলে আরবও একই ধরনের জটিলতায় আক্রান্ত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন ছিল। একপর্যায়ে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। চিকিৎসকেরা শিশুটির বেঁচে থাকার সম্ভাবনা খুব কম বলে জানিয়েছিলেন। তবু আশা ছাড়েননি বাবা। কিন্তু রোববার রাতেই নিভে যায় পরিবারের শেষ আশাটুকুও। গতকাল সোমবার সকালে বাবার কোলে বাড়ি ফেরে আরব। তবে জীবিত নয়, সাদা কাপড়ে মোড়ানো নিথর দেহে। পরে বড় ভাই আরাফাতের পাশেই তাকে দাফন করা হয়।
৩১ বছর বয়সী কবির একটি ওষুধ কোম্পানিতে লোডার হিসেবে কাজ করেন। তাঁর বাড়ি ময়মনসিংহে। দুই সন্তানের চিকিৎসায় চার লাখ টাকার বেশি খরচ হয়েছে তাঁর। ধারদেনা করে সন্তানদের বাঁচানোর চেষ্টা করেছিলেন। এখন মাথার ওপর ঋণের বোঝা, ঘরে দুই সন্তানের শূন্যতা। এর সঙ্গে যুক্ত হয়েছে মানসিকভাবে বিপর্যস্ত স্ত্রীকে নিয়ে অনিশ্চিত ভবিষ্যৎ।
দুই সন্তানকে হারানোর পর আমেনা বেগমের অবস্থাও ভালো নেই। তিনি বারবার সন্তানদের খুঁজছেন। কখনো বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন, কখনো অসংলগ্ন আচরণ করছেন। সন্তান হারানোর শোক তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
যে বাবার পৃথিবী ছিল দুই সন্তানকে ঘিরে, যে মায়ের সব আনন্দ ছিল দুই ছেলেকে নিয়ে, আজ তাদের দুজনেই পাশাপাশি দুটি কবরে। যে সন্তানদের বুকে আগলে বড় করেছেন, তাদের আর কোনো দিন ফিরে পাবেন না তাঁরা। অথচ শোকের এই বাস্তবতা যেন কিছুতেই মেনে নিতে পারছেন না কবির ও আমেনা।
দুই সন্তানের বাবা মোহাম্মদ কবির বলেন, ‘আমার ছোট ছেলেটাও চলে গেছে। আধঘণ্টা আগে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেছেন। আমি কী নিয়ে থাকব এখন? আমার আর কেউ রইল না।’