চাঁপাইনবাবগঞ্জে আম পাড়া ও বাজারজাতকরণে চলতি বছরেও কোনো সময় নির্ধারণ করেনি জেলা প্রশাসন। আম পরিপক্ব হলেই গাছ থেকে পাড়া যাবে। তবে কেউ অপরিপক্ব আম বাজারজাত করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে জেলা প্রশাসন।
আজ সোমবার (১১ মে) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রণয়ন, নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদন, বিপণন, পরিবহন ও বাজারজাত-সংক্রান্ত এক মতবিনিময় সভায় সবার সম্মতিতে এই ঘোষণা দেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
এদিকে ম্যাঙ্গো ক্যালেন্ডার না করায় স্বাগত জানিয়েছেন আমচাষি, ব্যবসায়ী ও উদ্যোক্তারা।
জেলা প্রশাসক জানান, আমচাষি ও অন্য সবার মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে গাছ থেকে কেউ যেন অপরিপক্ব আম বাজারজাত করতে না পারেন, সেদিকে সবাইকে নজর রাখার অনুরোধ জানান তিনি।
এ সময় জেলা প্রশাসক আরও বলেন, অপরিপক্ব আম কেউ যাতে বাজারজাত করতে না পারেন, সে জন্য তৎপর থাকবেন ভ্রাম্যমাণ আদালত। তবে কোনো অসাধু ব্যবসায়ী এর সুযোগ নিলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মতবিনিময় সভায় আমচাষি, ব্যবসায়ী ও উদ্যোক্তারা আম পরিবহনে কুরিয়ার সার্ভিসগুলোর অতিরিক্ত ভাড়া, রাস্তায় চাঁদাবাজি, আম রপ্তানি ও প্রক্রিয়াজাতসহ কানসাট আমের বাজারের যানজট নিরসনসহ ৪০ কেজিতে আম বিক্রির দাবি জানান এবং সমস্যাগুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক।
সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী, আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শরফ উদ্দিন, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ আমচাষি, উদ্যোক্তা, ব্যবসায়ী এবং আড়তদার সমিতি, আমচাষি সমিতি, কৃষি অ্যাসোসিয়েশন, রেল, ডাক, কুরিয়ার ও চেম্বারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।