হোম > সারা দেশ > চাঁদপুর

ডোপ টেস্টের খবরে পুলিশ কর্মকর্তার গা ঢাকা দেওয়ার অভিযোগ

মুহাম্মদ মাসুদ আলম, চাঁদপুর

মামুন উর রশিদ। ছবি: সংগৃহীত

মাদক শনাক্তকরণে ডোপ টেস্টের উদ্যোগের খবর পাওয়ার পর গত দুই দিন ধরে চাঁদপুরের নতুন বাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মামুন উর রশিদকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।

গতকাল মঙ্গলবার ও আজ বুধবার তাঁর বাসায় পুলিশ সদস্যরা গেলেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত মোবাইল ফোন নম্বরও গতকাল থেকে বন্ধ রয়েছে।

আজ বিষয়টি নিশ্চিত করেন নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ জহিরুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত ১৮ সদস্যের মধ্যে এসআই মামুন উর রশিদের আচরণ নিয়ে কর্তৃপক্ষের সন্দেহ তৈরি হয়। তিনি নিয়মিত মাদক সেবন করেন—এমন অভিযোগও রয়েছে। বিষয়টি যাচাই করতে তাঁকে ডোপ টেস্টের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়।

এদিকে ডোপ টেস্টের খবর পাওয়ার পর তিনি কর্মস্থলে না আসায় বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। চাঁদপুরের পুলিশ সুপারের নির্দেশে তাঁকে খুঁজে বের করে ফাঁড়িতে নিয়ে আসার জন্য পুলিশ সদস্যরা তাঁর বাসায় যান। তবে দুই দিন গিয়েও তাঁর সন্ধান পাওয়া যায়নি।

নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, গতকাল ও আজ দুই দিনই পুলিশ সদস্যদের তাঁর বাসায় পাঠানো হয়েছে, কিন্তু তাঁকে পাওয়া যায়নি। তাঁর মোবাইল ফোনও গতকাল থেকে বন্ধ পাওয়া যাচ্ছে।

পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, ফাঁড়িতে কর্মরত সদস্যদের মধ্যে যাঁদের আচরণ সন্দেহজনক মনে হবে, তাঁদের পর্যায়ক্রমে ডোপ টেস্টের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এসআই মামুন উর রশিদের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগের সত্যতা ডোপ টেস্টের ফলাফল ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয়।