চাঁদপুরে চব্বিশের গণ-অভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের স্মরণে নির্মিত ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে স্মৃতিস্তম্ভের বেদির নিচের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
আজ শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত স্মৃতিস্তম্ভে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি স্মৃতিস্তম্ভের বেদির নিচের অংশে পেট্রল ও টায়ার ব্যবহার করে আগুন ধরিয়ে দেন। আগুন জ্বলে ওঠার পরপরই তাঁরা ঘটনাস্থল থেকে চলে যান।
আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে স্মৃতিস্তম্ভের নিচের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।
এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও ছাত্রদলের নেতা-কর্মীরা স্মৃতিস্তম্ভ এলাকা পরিদর্শন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। দুর্বৃত্তরা স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।