হোম > সারা দেশ > বগুড়া

বিদ্যুৎ যায় না, মাঝে মাঝে আসে: জামায়াত আমির

ধুনট (বগুড়া) প্রতিনিধি

আব্দুল মালেকের কবর জিয়ারতের পর বক্তব্য দেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: আজকের পত্রিকা

দেশে গ্যাস, তেল ও জ্বালানির সংকট রয়েছে উল্লেখ করে এর সমাধানে সরকারকে সহযোগিতার প্রস্তাব দিয়েও সাড়া না পাওয়ার অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ শনিবার সকাল সাড়ে ৭টায় বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের মানিকপোটল দাখিল মাদ্রাসা চত্বরে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা এর সমাধানে অংশ নিতে চাই। আমাদের একটা টেকনিক্যাল এক্সপার্ট টিম আছে। আমরা সেই টিমটাকে কাজ করার জন্য সরকারের সঙ্গে যুক্ত করতে চেয়েছিলাম। কিন্তু তাদের কাছ থেকে কোনো সাড়া পাইনি। এরপর আমরা বলেছি, সব ক্রেডিট আপনারা নেন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু মানুষকে এই যন্ত্রণা থেকে মুক্তি দেন।’

দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে জামায়াত আমির বলেন, ‘এ বাংলাদেশ ভালো নেই। দুর্নীতি, চাঁদাবাজি, বেহায়াপনা, নির্লজ্জতা, সন্ত্রাস, অশান্তি ও ঘরে ঘরে আগুন। ভালো নেই সাধারণ খেটে খাওয়া মানুষ। জিনিসপত্রের দাম বাড়ছে, তাল মেলাতে পারছে না সরকার। সারা দিনের ক্লান্ত কাজ করে ঘরে ফিরবে মানুষ, কিন্তু বিদ্যুৎ নেই। এখন বিদ্যুৎ যায় না, মাঝে মাঝে বিদ্যুৎ আসে।’

এর আগে শনিবার ভোর সাড়ে ৬টায় ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ইসলামী শিক্ষা আন্দোলনের নেতা ও তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র সংঘের সভাপতি আব্দুল মালেকের কবর জিয়ারত করতে ধুনটের গোসাইবাড়ি ইউনিয়নের মানিকপোটল গ্রামে যান ডা. শফিকুর রহমান। সেখানে দলীয় নেতা-কর্মীদের নিয়ে তিনি কবর জিয়ারত করেন। পরে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল বাসেদ ও ধুনট উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম।

পরে আব্দুল মালেক ওয়েলফেয়ার ফাউন্ডেশন কমপ্লেক্সের নির্মাণকাজের উদ্বোধন করেন ডা. শফিকুর রহমান।