বগুড়ার ধুনটে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে মাসুদ পারভেজ নামের এক মাটি ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার বিকেলে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের পাঁচথুপি এলাকায় এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পাঁচথুপি গ্রামের একটি ফসলি জমিতে পুকুর খননের নামে মাটি কেটে বিক্রি করছিলেন বেলকুচি গ্রামের ব্যবসায়ী মাসুদ পারভেজ। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আল মনছুর শোয়াইব থানা-পুলিশের সহযোগিতায় সেখানে অভিযান চালান। এ সময় মাটি কাটার সরঞ্জাম জব্দ করা হয়।
অভিযানে অবৈধভাবে মাটি কাটার দায়ে মাসুদ পারভেজকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাঁকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার টাকা পরিশোধ করায় এবং ভবিষ্যতে মাটি না কাটার শর্তে মুচলেকা নেওয়ার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আল মনছুর শোয়াইব বলেন, ভ্রাম্যমাণ আদালতের নির্দেশ অনুযায়ী জরিমানার টাকা পরিশোধ করেছেন ওই ব্যবসায়ী। ভবিষ্যতে মাটি কাটবেন না—এমন মুচলেকা দেওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।