বগুড়ার শিবগঞ্জে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারের সময় ৬ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
আজ শনিবার বেলা সোয়া ২টার দিকে শিবগঞ্জ উপজেলার ভরিয়া পাকুরতলা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবকের নাম সাহাবুদ্দিন আলম (২৭)। তিনি ঠাকুরগাঁওয়ের হরিপুর থানার মহেন্দ্রগাঁও গ্রামের সাহেব আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঢাকা থেকে দিনাজপুরগামী একটি যাত্রীবাহী বাসে ইয়াবা পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় বাসটিতে তল্লাশি করে যাত্রী সাহাবুদ্দিন আলমের শরীরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক সামসুল আলম বাদী হয়ে সাহাবুদ্দিন আলমের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, ইয়াবার এই চালানের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাঁদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।