ভোলার বোরহানউদ্দিনে অসহায়, দুস্থ ও জেলে পরিবারের জন্য বরাদ্দ সরকারি চাল জব্দ করা হয়েছে। কুতুবা ইউনিয়ন পরিষদ থেকে দুটি অটোরিকশায় করে চাল অন্যত্র নেওয়ার পথে ৩৩ বস্তা চাল জব্দ করা হয়েছে বলে দাবি করেছেন অটোরিকশার চালক আলাউদ্দিনসহ দুজন। তবে উপজেলা প্রশাসনের কার্যালয়ে নেওয়া হয়েছে ২৪ বস্তা চাল। জব্দের দাবি করা চালের সঙ্গে প্রশাসনের কাছে জমা হওয়া চালের হিসাবে ৯ বস্তার পার্থক্য নিয়ে স্থানীয়ভাবে প্রশ্ন উঠেছে।
জানা গেছে, আজ রোববার বিকেল ৩টার দিকে বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়ন পরিষদ থেকে দুটি অটোরিকশায় করে চাল অন্যত্র নেওয়া হচ্ছিল। এ সময় রানীগঞ্জ রাস্তার মাথায় অটোরিকশা দুটি আটক করেন স্থানীয় বিএনপির দুই নেতা কাজল ও রবিউল।
তাঁদের দাবি, অটোরিকশা দুটিতে মোট ২৪ বস্তা সরকারি চাল ছিল। তবে অটোরিকশায় থাকা চালকেরা দাবি করেন, সেখানে ৩৩ বস্তা চাল ছিল। তাঁদের অভিযোগ, বাকি ৯ বস্তা চাল ওই দুই নেতা সরিয়ে ফেলেছেন।
খবর পেয়ে উপজেলা প্রশাসন চালগুলো জব্দ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোরঞ্জন বর্মন তাঁর কার্যালয়ে ২৪ বস্তা সরকারি চাল নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে কুতুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আহসান জোবায়েদ মিয়া বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। দুপুর ২টার দিকে বাড়িতে যাওয়ার পর ঘটনাটি জানতে পেরেছেন।