হোম > সারা দেশ > বরিশাল

আমাদের ভদ্রতাকে কেউ দুর্বলতা ভাববেন না, বললেন বরিশালের ডিসি

প্রতিনিধি, বরিশাল

বরিশাল সদর উপজেলা পরিষদে শোক দিবসের ব্যানার-ফেস্টুন অপসারণকে কেন্দ্র করে সিটি মেয়র ও তাঁর অনুসারীদের সঙ্গে প্রশাসন বিরোধ নিয়ে তুলকালাম কাণ্ড ঘটে গেছে। ঘটনার ১০ দিন পর নগরীতে গেলেন স্থানীয় এমপি পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। সেখানে ওই ঘটনা নিয়ে মুখ না খুললেও তাঁর জন সমাবেশে অনেকটা হুঁশিয়ারিই দিয়ে বসেছেন জেলা প্রশাসক। 

গতকাল শনিবার রাত থেকে নেতা কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এমপি জাহিদ ফারুক। আজ রোববার সদর উপজেলার চরমোনাইয়ে বিশাল সমাবেশে যোগ দেন। বক্তৃতায় সাম্প্রতিক ঘটনা এড়িয়ে গেছেন তিনি। অবশ্য সভায় বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার আলোচিত সদর ইউএনওকে সঙ্গে নিয়ে ইঙ্গিতে হুঁশিয়ারি দিয়েছেন। 

প্রতিমন্ত্রী আজ সদর উপজেলার চরমোনাইয়ে জেলা প্রশাসকের সভাপতিত্বে দুস্থদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে অংশ নেন। শনিবার রাতে ঢাকা থেকে সড়কপথে বরিশালে পৌঁছালে কর্মী সমর্থকেরা নগরীর বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে তাঁকে শুভেচ্ছা জানান। 

গত ১৮ আগস্ট রাতে সদর ব্যানার অপসরণকে কেন্দ্র করে ইউএনওর বাসভবনে হামলার পর থেকে এমপি জাহিদ ফারুক শামীম ঢাকায় অবস্থান করছিলেন। ২২ আগস্ট হতদরিদ্রদের মধ্যে ঘর বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সের অংশ নেওয়ার কথা থাকলেও অজ্ঞাত কারণে তিনি বরিশালের সফর স্থগিত করেন। ওই ব্যানার প্রতিমন্ত্রীর অনুসারীরা সদর উপজেলায় সাঁটিয়েছিলেন। 

ঘটনার ১০ দিন পর শনিবার রাত ৯টায় সড়কপথে তিনি তিন দিনের সফরে বরিশালে পৌঁছে তাঁর আবাসস্থল বান্দ রোড ভিআইপি কলোনিতে পানি উন্নয়ন বোর্ডের বাংলোতে অবস্থান নেন। তাঁর আগমন উপলক্ষে নেতা কর্মীরা নগরী থেকে ২০ কিলোমিটার দূরে উজিরপুরের ইচলাদীতে অভ্যর্থনার আয়োজন করেন। নগরীতে প্রবেশপথে গড়িয়ারপাড় মোড়, নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল, চৌমাথা, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বটতলাসহ বিভিন্ন পয়েন্টে তাঁর অনুসারী নেতা কর্মীরা তাঁকে স্বাগত জানান। 

ভিআইপি কলোনিতে পৌঁছে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম নেতা কর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তৃতা করেন। সেখানে ১৮ আগস্ট রাতের ঘটনা সম্পর্কে কিছুই বলেননি। শুধু এটুকু বলেছেন, ‘বরিশালে একটি ঘটনা ঘটেছে। যে কারণে আমাকে আসতে বারণ থাকায় এত দিন আমি বরিশালে আসিনি।’ 

রোববার সকাল ১১টায় সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের গিলাতলী গ্রামে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের সেলাইমেশিন বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাহিদ ফারুক। সেখানে প্রায় পনেরো মিনিট বক্তৃতা করেন। কিন্তু ১৮ আগস্টের ঘটনা নিয়ে কোনো কথা বলেননি। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার এবং বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনিবুর রহমান। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আনিসুর রহমান ও তিনজন সিটি কাউন্সিলরও এ অনুষ্ঠানে ছিলেন। 

 ১৮ আগস্টের ঘটনা নিয়ে প্রতিমন্ত্রী কিছু না বললেও আকারে ইঙ্গিতে কঠিন কথাই বলেছেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। জেলা প্রশাসক বলেন, ‘আমি এবং ইউএনও এখানে প্রধানমন্ত্রীর প্রতিনিধিত্ব করি। ইউএনওর গায়ে হাত তোলা মানে প্রধানমন্ত্রীর গায়ে হাত দেওয়ার সামিল। আমাদের ভদ্রতা নমনীয়তাকে কেউ দুর্বলতা মনে করবেন না। আমরাও মুক্তিযোদ্ধার সন্তান। ছাত্রজীবনে ছাত্রলীগ করে দলের জন্য কাজ করেছি। এখন প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে দেশের জন্য কাজ করছি।’ আমলাদের বহু বিষয়ে কথা বলার সমালোচনা নিয়ে জেলা প্রশাসক বলেন, ‘আমলারা তো কথা বলবেই, তাঁদের কাছে রাষ্ট্রের পরিসংখ্যান থাকে।’ 

সেরনিয়াবাত পরিবারের এক সময়ের ঘনিষ্ঠজন প্রবীণ আওয়ামী লীগ নেতা সৈয়দ আনিচ তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন বর্ণনা করে হতাশার সঙ্গে বলেন, বরিশালের রাজনীতিতে এখন সন্ত্রাস নির্ভর হওয়ায় তিনি স্বেচ্ছায় রাজনীতিতে অনেকটা নিষ্ক্রিয় হয়ে গেছেন। প্রতিমন্ত্রীর শান্তিপূর্ণ কর্মকাণ্ডের সঙ্গে থেকে তিনি আবারও রাজনীতিতে সক্রিয় হতে চান। 

উল্লেখ্য, গত ১৮ আগস্ট সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুসারী নেতা কর্মীরা সিটি করপোরেশনের কর্মী পরিচয়ে রাতে সদর উপজেলা পরিষদ চত্বরে জাতীয় শোক দিবসের ব্যানার-ফেস্টুন অপসারণ করতে যান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান এতে বাধা দিলে রাতেই তাঁর সরকারি বাসভবনে হামলা এবং পুলিশের সঙ্গে আওয়ামী লীগ নেতা কর্মীদের তুমুল সংঘর্ষ হয়। ওই ঘটনায় গ্রেপ্তার হওয়া এক সিটি কাউন্সিলরসহ মহানগর আওয়ামী লীগের ১২ জন নেতা কর্মী এখনো কারাগারে রয়েছেন। 

পানিসম্পদ প্রতিমন্ত্রীর অনুসারী নেতা কর্মীরা ওই ব্যানার ফেস্টুন সাঁটিয়েছিলেন। প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের ব্যানার ফেস্টুন অপসারণ করা নিয়ে স্থানীয় আওয়ামী লীগের মধ্যে গ্রুপিংয়ের বিষয়টি সামনে চলে আসে।

উজিরপুরে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা, মাইক্রোবাসসহ আটক ৯

জমি নিয়ে বিরোধ, চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ৮ জনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নিখোঁজ যুবকের লাশ ৫ দিন পর বরিশালে উদ্ধার

ট্রলার মেরামতের সময় বিদ্যুতায়িত যুবকের মৃত্যু

সম্মেলনের আগে অডিটরিয়ামের ফ্যান চুরি, ভোগান্তিতে জামায়াতের নেতা-কর্মীরা

বরিশালে সেপটিক ট্যাংকে কাজ করার সময় ২ শ্রমিকের মৃত্যু

বরিশালে বিএনপি নেতার মাদকবিরোধী অভিযান, মারধরের ভিডিও ভাইরাল

জলাশয় ভরাট থামছেই না, উদ্বেগ

মুলাদীতে জেলে ও খেয়াযাত্রীদের ওপর বোমা হামলা, ‘বোমারু জামাল’ গ্রেপ্তার

অপহরণের ৬ মাস পর উদ্ধার স্কুলছাত্রী, গ্রেপ্তার ২