হোম > সারা দেশ > বরিশাল

কর্মস্থলে অনুপস্থিত: বরিশালে ভূমি অফিসের দুই কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বুধবার সকাল ৯টা ১৫ মিনিটে আমানতগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওবায়দুল্লাহ। ছবি: আজকের পত্রিকা

বরিশালে ভূমি অফিসে জেলা প্রশাসনের ঝটিকা পরিদর্শনে দুই কর্মচারীকে অনুপস্থিত পাওয়ায় তাঁদের স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক প্রত্যাহার) করা হয়েছে। আজ বুধবার সদর উপজেলার আমানতগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে অনুপস্থিত থাকায় দুই কর্মচারীর বিরুদ্ধে এ ব্যবস্থা নেয় জেলা প্রশাসন।

অভিযুক্ত কর্মচারীরা হলেন উপসহকারী ভূমি কর্মকর্তা শিমুল পাইন শান্তা ও অফিস সহায়ক মো. মজিবুর রহমান।

জানা গেছে, আজ সকাল ৯টা ১৫ মিনিটে আমানতগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওবায়দুল্লাহ। পরিদর্শনকালে উপসহকারী ভূমি কর্মকর্তা শিমুল পাইন শান্তা ও অফিস সহায়ক মো. মজিবুর রহমানকে কর্মস্থলে পাওয়া যায়নি।

নির্ধারিত সময়ে কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে বিকেলে তাঁদের বদলির আদেশ জারি করে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, উপসহকারী ভূমি কর্মকর্তা শিমুল পাইন শান্তাকে মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়ন ভূমি অফিসে এবং অফিস সহায়ক মজিবুর রহমানকে মেহেন্দীগঞ্জ উপজেলা ভূমি অফিসে বদলি করা হয়েছে।

এ ব্যাপারে বরিশাল জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেন, নির্ধারিত সময়ে কর্মস্থলে অনুপস্থিত থাকা সরকারি দায়িত্ব পালনে অবহেলার প্রমাণ। অভিযোগের পরিপ্রেক্ষিতে দুই কর্মচারীকে আজ বিকেলে বদলিপূর্বক স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। জেলা প্রশাসনের নিয়মিত মনিটরিং কার্যক্রম হিসেবে এ ধরনের আকস্মিক পরিদর্শন চলমান থাকবে বলে জানান জেলা প্রশাসক।