হোম > সারা দেশ > বরিশাল

শৈশবে মা-বাবা হারানো ববি ছাত্রের মৃত্যু `অপবাদে'

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বাংলা বিভাগের শিক্ষার্থী শুভ বৈরাগীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, প্রেমিকাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে ‘চোর’ অপবাদ ও শারীরিক নিগ্রহের শিকার হয়ে লজ্জায়-অপমানে তিনি আত্মহত্যা করেছেন। ববির বাংলা বিভাগের চেয়ারম্যান ড. শারমিন আক্তার শুভর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ রোববার (৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী আশ্রয়ণ কেন্দ্রের নিজ ঘর থেকে শুভর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। শুভ বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি বৌলতলী গ্রামের প্রয়াত সুখলাল বৈরাগী ও শেফালী বৈরাগী দম্পতির ছেলে। শৈশবে মা-বাবাকে হারানো শুভ তাঁর বোন-ভগ্নিপতি ও মামাবাড়িতে বেড়ে ওঠেন। তিন বছর আগে বৌলতলী আশ্রয়ণ প্রকল্পে

শুভ একটি ঘর বরাদ্দ পান। মাঝেমধ্যে গ্রামে এলে তিনি মামাবাড়ি নয়তো আশ্রয়ণ কেন্দ্রের ওই ঘরে থাকতেন।

লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করে গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ পরিদর্শক মোল্লা আফজাল হোসেন বলেন, ‘আলামত দেখে ধারণা করা হচ্ছে আত্মহত্যা করেছে। এক-দুই দিন আগে আত্মহত্যার ঘটনা ঘটেছে। শীতের কারণে মরদেহে পচন ধরেনি। মরদেহ শক্ত হয়ে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাসে শুভ তাঁর প্রেমিকার পরিবারের বিরুদ্ধে তাঁকে নির্যাতন ও অপবাদ দেওয়ার অভিযোগ করেন। ১ জানুয়ারি শুভ লেখাটি ফেসবুকে পোস্ট করেন। ফেসবুক পোস্ট থেকে জানা গেছে, কোটালীপাড়া উপজেলার একটি গ্রামের এক তরুণীর সঙ্গে শুভর দুই বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্ক ছিল। গত ৩১ ডিসেম্বর রাতে ওই তরুণীর জন্মদিনে তাঁকে সরাসরি শুভেচ্ছা জানাতে তাঁদের বাড়িতে যান শুভ।

সেখানে তরুণীর পরিবারের সদস্যরা তাঁকে ধরে প্রচণ্ড মারধর করেন।

শুভ জানান, সম্পর্কের কথা জানানোর পরেও তরুণীর জ্যাঠাসহ পরিবারের সদস্যরা তাঁকে মেরে ফেলার হুমকি দিয়ে জোরপূর্বক একটি ‘মিথ্যা ভিডিও’ ধারণ করেন। সেখানে তাঁকে দিয়ে স্বীকার করানো হয়, তিনি ওই বাড়িতে ‘চুরি’ করতে গিয়েছিলেন। পরবর্তী সময় এই চুরির অপবাদ শুভর এলাকায় ছড়িয়ে দিয়ে তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হয়।

ফেসবুক স্ট্যাটাসে শুভ লিখেছেন, ‘তারা সত্যকে আড়াল করে আমাকে মিথ্যা চোর অপবাদ দিয়ে সকলের কাছে দোষী করেছে। এতে আমার মানসম্মান নষ্ট হয়েছে। আমি কারো সামনে মুখ দেখাতে পারবো না। তারা আমাকে জানে মারার চেয়েও বেশি মেরে ফেলেছে।’

আর্থিক স্বচ্ছলতা না থাকায় প্রেমিকার পরিবার সম্পর্ক মেনে নেয়নি উল্লেখ করে শুভ আরও বলেন, ‘টাকা আজ নেই কিন্তু কাল হতে পারত, কিন্তু এই অপমানের পর বেঁচে থাকা তার পক্ষে সম্ভব নয়।’ শুভ তাঁর মৃত্যুর জন্য প্রেমিকা, তাঁর বাবা, কাকা ও জেঠুকে সরাসরি দায়ী করে গেছেন।

শুভর মৃত্যুতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠীরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

‘শিক্ষামন্ত্রীর কি আক্কেল নেই’—ছাত্রদল নেতার ফেসবুক পোস্ট ঘিরে হিজলায় ক্ষোভ

বাকেরগঞ্জ: খাল দখল করে বহুতল ভবন, মানা হয়নি নকশা

মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে ২০০ পরিবার, সেতুর নিচ দিয়ে চলাচল

প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারল না রিপা

সৌদি আরবে পাচারের দায়ে ৪ ভাই-বোনকে কারাদণ্ড

আমরা স্বৈরাচার‌কে দেশ থে‌কে বিদায় ক‌রে‌ছি: ব‌রিশা‌লে প্রধানমন্ত্রী তা‌রেক রহমান

প্রধানমন্ত্রীর সমাবেশে যাওয়ার পথে ট্রলারডুবি

খুলনায় নিখোঁজের ৫ মাস পর ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার, স্বামী-স্ত্রী আটক

বরিশালে ৭টি শিয়াল পিটিয়ে হত্যায় আদালতে মামলা

গুজব ছড়িয়ে আগৈলঝাড়া থানায় হামলায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫