হোম > সারা দেশ > বরগুনা

আমতলীতে বিদ্যালয়ের বই পুড়িয়ে ফেললেন প্রধান শিক্ষক

আমতলী (বরগুনা) প্রতিনিধি 

এমইউ বালিকা বিদ্যালয়ে পোড়ানো হচ্ছে বই। ছবি: আজকের পত্রিকা

বরগুনার আমতলীতে এমইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম কবিরের বিরুদ্ধে বিদ্যালয়ের বই ও আসবাবপত্র পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে। আজ সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আগুন দিয়ে এসব পোড়ানো হয় বলে অভিযোগ করেছে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা। ঘটনাটি নিয়ে বিদ্যালয়ে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন।

অভিযোগ অনুযায়ী, বিদ্যালয়ের গত ২০ বছরের নতুন-পুরোনো বই ও আসবাবপত্র একটি ভবনে রাখা ছিল। আজ দুপুরে প্রধান শিক্ষক প্রশাসন ও ব্যবস্থাপনা কমিটির অনুমতি ছাড়াই ওই ভবনের বই ও আসবাবপত্র পুড়িয়ে ফেলেন। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।

অভিযোগকারীদের ভাষ্য, প্রধান শিক্ষক মো. শাহ আলম কবিরের বিরুদ্ধে বিদ্যালয়ের অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে এবং এ বিষয়ে দুদকে মামলা চলমান। তাঁদের দাবি, দুর্নীতির আলামত নষ্ট করতেই বইয়ের সঙ্গে আসবাবপত্র পুড়িয়ে ফেলা হয়েছে।

শিক্ষার্থী লামিয়া ও জান্নাতি বলে, প্রধান শিক্ষক অনেক নতুন ও পুরোনো বই আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন। এ সময় বিদ্যালয় ধোঁয়ায় একাকার হয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক বলেন, প্রধান শিক্ষক কাউকে না জানিয়ে বইয়ে আগুন দিয়েছেন। তাঁদের দাবি, দুর্নীতির আলামত নষ্ট করতেই এ ঘটনা ঘটানো হয়েছে। তাঁরা তদন্ত করে বই পোড়ানোর মূল কারণ উদ্‌ঘাটনের দাবি জানান।

অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক মো. শাহ আলম কবির বলেন, ‘উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কিছু পুরোনো বই ও আসবাবপত্র পুড়িয়ে ফেলেছি, কোনো নতুন বই পোড়ানো হয়নি।’ বই পোড়ানোর আগে প্রশাসন ও ব্যবস্থাপনা কমিটির অনুমোদন নিয়েছেন কি না—এ প্রশ্নের জবাব দেননি তিনি।

আমতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সুপারভাইজার মো. গোলাম মাহমুদ সেলিম বলেন, বই পোড়ানোর বিষয়ে প্রধান শিক্ষক তাঁকে ও শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেননি।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আশরাফুল ইসলাম বলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জমিসংক্রান্ত বিরোধের জের: বৃষ্টিতে ভিজে ঘণ্টাখানেক আর্তনাদের পরও মাকে ঘরে জায়গা দেননি ইসলামী আন্দোলনের নেতা

পাথরঘাটায় বিদ্যুতায়িত হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

গভীর রাতে স্বেচ্ছাসেবক দল নেতার খাসজমি দখল, দুই নির্মাণশ্রমিকের জেল

পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

নারী চিকিৎসককে অনৈতিক প্রস্তাবের অভিযোগ, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক বরখাস্ত

বরগুনায় আবারও ইসমাইল শাহের মাজারে অগ্নিসংযোগ

পাথরঘাটায় বন বিভাগের চারা রোপণ করতে যাওয়ার পথে ট্রলারডুবি, শ্রমিক নিখোঁজ

আমতলীতে হামের প্রাদুর্ভাব, হাসপাতালে অ্যান্টিবায়োটিক ও স্যালাইন সংকট

‘মায়ের লাশ রেখে কেমনে এখানে আসি’—কান্নাজড়িত কণ্ঠে বললেন সুরমা

ট্যালেন্টপুলে বৃত্তি পেল যমজ তিন বোন