বাগেরহাটের ২৪৭টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। নির্ধারিত সময় আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকেই ভোট গ্রহণ শুরু হয়। প্রথম প্রহরে কেন্দ্রে ভোটারদের তেমন ভিড় না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে ধারণা ভোট গ্রহণকারী কর্মকর্তাদের।
এদিন বাগেরহাট শহরের খানজাহান আলী ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন বাগেরহাট-২ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। ভোট প্রদান শেষে নেতা-কর্মীদের নিয়ে সঙ্গে বিজয়ের ব্যাপারে আশা প্রকাশ করেন এই আইনজীবী। বাগেরহাট সদর উপজেলার সিংড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন এই আসনের জামায়াত মনোনীত প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ। নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করলেও জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছেন তরুণ এই প্রার্থী।
বাগেরহাট জেলার চারটি আসনে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বাগেরহাট-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম ও বাগেরহাট-৪ আসনের বিএনপির স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন ভোটের আগমুহূর্তে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। কার্যত তারা এই দুটি আসনে নির্বাচনের মাঠে নেই। সেই হিসেবে জেলায় মোট ২১ জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।
বাগেরহাট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি ও বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম (ঘোড়া প্রতীক) এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মাসুদ রানা (ফুটবল প্রতীক)। এ ছাড়া বিএনপির প্রার্থী কপিল কৃষ্ণ মণ্ডল, জামায়াতে ইসলামীর মাওলানা মশিউর রহমান খান, বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত প্রার্থী আবু সবুর শেখ, এবি পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম, জাতীয় পার্টি-জেপির এস এম গোলাম সরোয়ার এবং মুসলিম লীগের এমডি শামসুল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বাগেরহাট-২ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মাদ জাকির হোসেন, জামায়াতে ইসলামীর শেখ মঞ্জুরুল হক রাহাদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের অ্যাডভোকেট আতিয়ার রহমান এবং স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি ও বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বাগেরহাট-৩ আসনে বিএনপির প্রার্থী ড. শেখ ফরিদুল ইসলাম, জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের জিল্লুর রহমান এবং জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির মো. হাবিবুর রহমান মাস্টার প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বাগেরহাট-৪ আসনে বিএনপির প্রার্থী সোমনাথ দে, জামায়াতে ইসলামীর অধ্যক্ষ আব্দুল আলিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের ওমর ফারুক, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির মো. আ. লতিফ খান এবং জাতীয় পার্টি-জেপির সাজন কুমার মিস্ত্রি প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বাগেরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মো. বাতেন বলেন, ‘শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। আশা করি, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ শেষ হবে।’
বাগেরহাটের ৯টি উপজেলায় ৫৪৭টি কেন্দ্রে ১৩ লাখ ৬১ হাজার ১১১ জন ভোটার ভোট দেবেন।