হোম > সারা দেশ > বাগেরহাট

প্রহরী-শ্রমিকদের জিম্মি করে ৮ ঘণ্টা ধরে গুদাম লুট

বাগেরহাট ও ফকিরহাট প্রতিনিধি

গুদাম থেকে লুট করা হয় বিভিন্ন ধরনের মালপত্র। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটের ফকিরহাটে একটি প্রতিষ্ঠানে নিরাপত্তা প্রহরী ও শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে কোটি টাকার মালামাল লুট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (৪ জুলাই) রাতে উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের আওতাধীন ‘এনজিন মেটাল ইন্ডাস্ট্রিজে’ এই ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী শ্রমিকেরা বলেন, শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে মুখোশ পরিহিত ১৫-২০ জন লোক নিরাপত্তা প্রহরীকে অস্ত্রের ভয় দেখিয়ে ওই প্রতিষ্ঠানে ভেতরে প্রবেশ করে। এ সময় সাতজন নিরাপত্তাকর্মী ও চারজন শ্রমিককে বেঁধে ফেলে তারা। এরপর তারা কোম্পানির গুদামে ঢুকে সেখান থেকে অ্যালুমিনিয়াম বার ১৫ টন, তামার (স্কার্প) তার আড়াই টন এবং বৈদ্যুতিক তামার তার এক টন দুটি ট্রাকে করে নিয়ে রাত ৪টার দিকে পালিয়ে যায়। পরে নিরাপত্তাকর্মীরা বাঁধন খুলে কর্তৃপক্ষকে বিষয়টি জানান। এসব মালামাল ও জিনিসপত্র প্রতিষ্ঠানের কাঁচামাল হিসেবে ব্যবহার করার জন্য গুদামজাত করে রাখা হয়েছিল। ডাকাতদের কাছে দেশীয় অস্ত্র ছিল বলে শ্রমিকেরা জানান।

হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের জেনারেল ম্যানেজার (অপারেশন) মো. সিদ্দিকুর রহমান জানান, দুই দিন ছুটি থাকায় শ্রমিকেরা সন্ধ্যায় কারখানা ত্যাগ করেছিলেন। ডাকাত দল রাত ৮টার দিকে নিরাপত্তাকর্মীদের ভয় দেখিয়ে ভেতরে প্রবেশ করে। তারা প্রায় আট ঘণ্টা অবস্থান করে। পরে ডাকাত দল ট্রাকে করে ভোর ৪টার দিকে এসব মালামাল ও জিনিসপত্র নিয়ে চলে যায়।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, ‘শনিবার (৫ জুলাই) ভোর ৫টার দিকে খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীমসহ পুলিশের একটি দল সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। সেখানে গিয়ে জানতে পারি, একদল ডাকাত নিরাপত্তাকর্মী ও শ্রমিকদের অস্ত্রের ভয় দেখিয়ে কোম্পানি থেকে বিভিন্ন মালামাল ও জিনিসপত্র নিয়ে গেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। তবে কর্তৃপক্ষ মামলা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

খানজাহান আলী বিমানবন্দরের উন্নয়ন ও কার্যকর ব্যবহার সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ: প্রধানমন্ত্রী

মোংলা বন্দরের আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

প্রতিবেশীর ঘরে আগুন নেভাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল যুবকের

সিরাজগঞ্জের নিখোঁজ বৃদ্ধকে ফেরাল ফকিরহাট প্রশাসন

পশুর নদে ভেসে উঠল নিখোঁজ জেলের মরদেহ

চিতলমারীতে বিদ্যালয়ে কুকুরের উৎপাত, আতঙ্কে ৩৫০ শিশুশিক্ষার্থী

বাগেরহাটে বাংলালিংকের বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে টাকা-সিম ছিনতাই

বাগেরহাটে শোয়ার ঘর থেকে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোরেলগঞ্জে নিখোঁজের এক দিন পর খালে কিশোরের ভাসমান মরদেহ

সুন্দরবনে দস্যু-কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, উদ্ধার ৫ জেলে