‘এক নাগাড়ে ২ সপ্তাহ বা তার বেশি সময়ে কাশি থাকলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রয়োজনে কফ পরীক্ষা করে নিশ্চিত হতে হবে যক্ষা হয়েছে কিনা। যক্ষ্মা কোন মরণব্যধি নয়। আতংকিত না হয়ে চিকিৎসা গ্রহণ করলে যক্ষ্মা ভালো হয়।’
সাতক্ষীরায় বিশ্ব যক্ষ্মা দিবস-২০২১ অনুষ্ঠানে বক্তারা এসব বলেন। ‘মুজিব বর্ষের অঙ্গিকার, যক্ষ্মা মুক্ত বাংলাদেশ গড়ার’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ দিবসটি পালিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ আয়োজন করে।
সকালে সাতক্ষীরা সিভিল সার্জন অফিস থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন অফিসে এসে শেষ হয়। পরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. মো. হুসাইন শাফায়াতের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এমওসিএস ডা. জয়ন্ত সরকার, সিডিসি ডা. তানভীর আহমেদ, এমওডিসি ডা. মেহবুবা রহমান, জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক জগদীশ চন্দ্র হাওলাদার, প্রোগ্রাম অর্গানাইজার উজ্জল কুমার দাস, ব্রাক ম্যানেজার বিভাশ কুমার সাহা ও তরুণ কুমার বিশ্বাস। অনুষ্ঠান পরিচালনা করেন জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শাহনুর খাতুন।