চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশায় প্রাইভেট কারের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। আহত হন আরও ছয়জন। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বিওসি মোড়ের ওয়াপদা-সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশার যাত্রী রনজিত ধর (৫৫) ও বাবুল দে প্রকাশ বালি (৬৫)। তাঁদের বাড়ি চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড দাশপাড়া এলাকায়।
জানা গেছে, দোহাজারীর শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রমের উদ্বোধন উপলক্ষে সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নে নিমন্ত্রণ জানাতে গিয়েছিলেন রনজিত ধর ও বাবুল দে। ফেরার পথে তাঁরা এ দুর্ঘটনার শিকার হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশে রিকশাটি যাত্রী তুলছিল। এমন সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি প্রাইভেট কার এসে রিকশাটিকে ধাক্কা দেয়। এতে রিকশাটি ছিটকে পড়ে এবং যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহত ব্যক্তিদের উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রনজিত ও বাবুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন দোহাজারী দাশপাড়া এলাকার দিলীপ মল্লিক (৬৫), টিকলু বিশ্বাস (৪০) এবং সীতাকুণ্ড এলাকার প্রাইভেট কারের যাত্রী মিরাজ (৪০), জেরিন আফরোজ (৬০), ইহসান (৪০) ও মশিউর রহমান (৪৩)। তাঁরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দীন চৌধুরী বলেন, দুর্ঘটনার পর প্রাইভেট কার ও রিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।