সমাজে তারা পরিচিত বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ হিসেবে। তবে নাচ, গান ও আবৃত্তিতে নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখে তারা হয়ে উঠেছেন ‘কাননের কোকিল’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বিশেষ চাহিদাসম্পন্ন শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বিস্ময়ের অভিযাত্রী, কাননের কোকিল’ প্রাণবন্ত পরিবেশনায় মুখর হয়ে ওঠে।
আজ সোমবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নাচ, গান ও আবৃত্তির মাধ্যমে নিজেদের সৃজনশীলতা ও শিল্পীসত্তা তুলে ধরেন বিশেষ চাহিদাসম্পন্ন শিল্পীরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক হেলাল খান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সংগীত কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আলেয়া পারভীন। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. সাইফুর রহমান (খোকন মাহমুদ)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের (অতিরিক্ত দায়িত্ব) দায়িত্বে থাকা মোহা. হারুন-অর-রশীদ। তিনি বলেন, ‘সাংস্কৃতিক অধিকার প্রত্যেক মানুষের মৌলিক অধিকার। এখানে শারীরিক বা মানসিক সীমারেখা থাকা উচিত নয়। বরং সৃজনশীলতা ও প্রতিভা প্রকাশের মাধ্যম হওয়া উচিত তার মূল্যবোধের ভিত।’
সাংস্কৃতিক পর্বের শুরুতে ‘আয় তব সহচরি হাতে হাতে ধরি ধরি’ গানের সঙ্গে সমবেত নৃত্য পরিবেশন করেন উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থীরা। নৃত্য পরিচালনায় ছিলেন মোহাম্মদ হাসান। এরপর একক আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী শাহিন রেজা রাসেল।
অমিত হাসানের পরিচালনায় ‘এই রাঙামাটির পথে লো’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে ল্যাবরেটরি মডেল স্কুল। এরপর সুইড বাংলাদেশের শিল্পীরা ‘মন আমার দেহ ঘড়ি সন্ধান করি’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন। নৃত্য পরিচালনায় ছিলেন রেশমী আবেদীন।
এ ছাড়া একক সংগীত পরিবেশন করেন চুয়াডাঙ্গা জেলা কালচারাল অফিসার সুজন রহমান। তিনি ‘আলগা করো গো খোঁপার বাঁধন’ গানটি পরিবেশন করেন। শারমিন আক্তার শিকু ‘আমার মনের কোণের বাইরে’ এবং সায়মা শারমিন ইমা ‘আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে’ গান পরিবেশন করেন।
অনুষ্ঠানে ইনস্পিরেশন ওয়েলফেয়ার সোসাইটির শিল্পীরা ‘বিহুর এ লগন মধুর এ লগন’ গানের সঙ্গে সমবেত নৃত্য পরিবেশন করেন। নৃত্য পরিচালনায় ছিলেন রাফিয়া খন্দকার।
সবশেষে শান্ত রহমানের একক সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় আয়োজন। তিনি ‘আমার স্বপ্নগুলো কেন এমন হয়’ গানটি পরিবেশন করেন।
মনোমুগ্ধকর পরিবেশনায় বিশেষ চাহিদাসম্পন্ন শিল্পীদের প্রতিভা ও সৃজনশীলতার অনন্য প্রকাশ হয়ে ওঠে পুরো আয়োজন।