হোম > বিশ্লেষণ

ক্ষেপণাস্ত্রের পাল্লা বৃদ্ধি, পরমাণু অস্ত্রের পক্ষে জনমত: ইরানের নতুন ভূরাজনৈতিক কৌশল কোন পথে

আব্দুর রহমান 

ছবি: সংগৃহীত

ইরানের সামরিক ও পারমাণবিক নীতিতে গুরুত্বপূর্ণ কৌশলগত পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। দীর্ঘদিন ধরে দেশটি ক্ষেপণাস্ত্রের পাল্লা দুই হাজার কিলোমিটারে সীমাবদ্ধ রাখার যে নীতি অনুসরণ করেছিল, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবার আনুষ্ঠানিকভাবে সেই বিধিনিষেধ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে। একই সময়ে ইরানের অভ্যন্তরে পারমাণবিক অস্ত্র তৈরির পক্ষে রাজনৈতিক, ধর্মীয় ও সামরিক পর্যায় থেকে ক্রমবর্ধমান চাপ তৈরি হচ্ছে। এমনকি একসময় কট্টরপন্থীদের মধ্যে সীমাবদ্ধ থাকা পারমাণবিক বোমা তৈরির দাবি এখন দেশটির মূলধারার জনপরিসরেও জায়গা করে নিচ্ছে।

দুটি ঘটনাকে আলাদা করে দেখার সুযোগ নেই। একদিকে ইরান প্রচলিত সামরিক সক্ষমতার ভৌগোলিক পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে, অন্যদিকে পারমাণবিক অস্ত্র তৈরির প্রশ্নে কয়েক দশকের ধর্মীয় ও রাজনৈতিক অবস্থান পুনর্বিবেচনার দাবি জোরালো হচ্ছে। এর মধ্য দিয়ে তেহরানের নিরাপত্তা দর্শনে একটি মৌলিক প্রশ্ন সামনে এসেছে—প্রচলিত ক্ষেপণাস্ত্র ও সামরিক সক্ষমতা দিয়ে কি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি প্রতিরোধ গড়ে তোলা সম্ভব, নাকি শেষ পর্যন্ত পারমাণবিক অস্ত্রই হয়ে উঠবে রাষ্ট্রটির নিরাপত্তার চূড়ান্ত নিশ্চয়তা?

ইরানের সাম্প্রতিক অবস্থান, দেশটির অভ্যন্তরীণ বিতর্ক এবং আঞ্চলিক সংঘাতের গতিপ্রকৃতি বিশ্লেষণ করলে বোঝা যায়, তেহরান এখন শুধু অস্ত্রের পাল্লা বাড়ানোর কথা ভাবছে না; বরং ভবিষ্যতে যুদ্ধের ধরন, প্রতিপক্ষের ভৌগোলিক পরিসর এবং নিজেদের প্রতিরোধ ক্ষমতার সংজ্ঞাও নতুন করে নির্ধারণের দিকে এগোচ্ছে।

ক্ষেপণাস্ত্রের ২ হাজার কিলোমিটার পাল্লার সীমা তুলে নেওয়া: প্রযুক্তিগত নয়, রাজনৈতিক সিদ্ধান্ত

তেহরানে ‘এয়ার অ্যান্ড স্পেস উইক’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি ঘোষণা করেন, ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লার ওপর আরোপ করা স্বেচ্ছাধীন সীমাবদ্ধতা তুলে নিয়েছে। তিনি বলেন, ইরান শুধু বক্তব্য দিয়ে নিজেদের সামরিক সক্ষমতা প্রমাণ করতে চায় না; বরং বাস্তব সামরিক অভিযানের মধ্য দিয়ে তা দেখাতে প্রস্তুত। তাঁর ভাষায়, এখন মূল কাজ হলো যুদ্ধক্ষেত্রে সক্ষমতার প্রমাণ দেওয়া।

মোহেব্বি আরও জানান, ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর কাজ নিরবচ্ছিন্নভাবে চলছে। একই সঙ্গে দেশটির নেতৃত্ব যদি পারমাণবিক নীতি পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেয়, সে জন্যও প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হবে। তিনি আরও প্রকাশ করেন, ইরানে অসংখ্য ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নগরী ও উৎপাদনকেন্দ্র গড়ে তোলা হয়েছে। ফলে যুদ্ধের সময় কিংবা বোমাবর্ষণের মধ্যেও অস্ত্র উৎপাদন ও উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হবে।

ঘোষণাটির গুরুত্ব বুঝতে হলে দুই হাজার কিলোমিটারের সীমার ইতিহাসে ফিরে যেতে হবে। ২০১৭ সালে আইআরজিসির তৎকালীন প্রধান কমান্ডার মোহাম্মদ আলী জাফরি জানিয়েছিলেন, প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা দুই হাজার কিলোমিটারে সীমাবদ্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন। ২০২১ সালের জুনে খামেনি নিজেও বিষয়টি স্বীকার করেন। তিনি জানান, ক্ষেপণাস্ত্রের পাল্লা পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত বাড়ানোর আগ্রহ থাকলেও তিনি তা অনুমোদন করেননি। বরং দুই হাজার কিলোমিটারকেই সর্বোচ্চ সীমা হিসেবে নির্ধারণ করেছিলেন। এ নিয়ে অসন্তোষও ছিল বলে তিনি স্বীকার করেন।

অর্থাৎ, ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা দুই হাজার কিলোমিটারে আটকে থাকার পেছনে প্রযুক্তিগত অক্ষমতা ছিল না। এটি ছিল সর্বোচ্চ রাজনৈতিক নেতৃত্বের নেওয়া একটি কৌশলগত সিদ্ধান্ত।

ইসরায়েলের সঙ্গে গত বছরের জুনের যুদ্ধে নিহত আইআরজিসির সাবেক প্রধান কমান্ডার হোসেইন সালামিও এক টেলিভিশন সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর ক্ষেত্রে ইরানের কোনো প্রযুক্তিগত বাধা ছিল না। সে সময় তেহরান ইউরোপকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করত না। তাই ইউরোপের গভীর অভ্যন্তরে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরির প্রয়োজনীয়তা অনুভব করেনি। ইরানি সংবাদমাধ্যম তাবনাকের বিশ্লেষণ অনুযায়ী, এই সীমাবদ্ধতা একদিকে ইরানের আঞ্চলিক প্রতিরক্ষা চাহিদা পূরণ করেছিল, অন্যদিকে ইউরোপীয় দেশগুলোর কাছেও একটি রাজনৈতিক ও নিরাপত্তাগত আশ্বাস হিসেবে কাজ করেছিল।

এখানেই ইরানের পুরোনো ক্ষেপণাস্ত্রনীতির রাজনৈতিক তাৎপর্য। তেহরান কার্যত একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমার মধ্যে নিজেদের সামরিক প্রতিরোধ ক্ষমতা আটকে রেখে ইউরোপকে সরাসরি হুমকির বাইরে রাখার বার্তা দিয়েছিল। কিন্তু এখন সেই হিসাব বদলে যাচ্ছে।

২০০০-এর দশকেই ২ হাজার কিলোমিটারের বেশি পাল্লার সক্ষমতা অর্জন করে ইরান

ইরানের সামরিক বিশেষজ্ঞ মোহাম্মদ সাদেক আলিজাদেহের বক্তব্য অনুযায়ী, দেশটির দুই হাজার কিলোমিটারের বেশি দূরত্বে আঘাত হানতে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তিগত সামর্থ্য ২০০০-এর দশকের মাঝামাঝি সময় থেকেই ছিল। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রয়াত প্রতিষ্ঠাতা হাসান তেহরানি মোগাদ্দাম তখন সলিড ফুয়েল বা কঠিন জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র প্রকল্প নিয়ে কাজ করছিলেন। এর অন্যতম উদ্দেশ্য ছিল ইসরায়েলে পৌঁছাতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরি।

এরপর, ২০০৫ সালে তেহরানি মোকাদ্দাম আয়াতুল্লাহ আলী খামেনির কাছে একটি চিঠি পাঠিয়ে জানান, তাঁর তত্ত্বাবধানে প্রকল্পটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আলিজাদেহর ভাষ্য অনুযায়ী, প্রকল্পটির দুটি প্রধান লক্ষ্য ছিল ইসরায়েলে আঘাত হানতে সক্ষম একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি এবং একটি স্যাটেলাইট উৎক্ষেপণযান নির্মাণ। দুই ধাপবিশিষ্ট সিজ্জিল ক্ষেপণাস্ত্র ছিল এই উন্নয়ন কর্মসূচির অন্যতম ফলাফল।

অর্থাৎ, ইরান বহু আগেই দুই হাজার কিলোমিটারের বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তিগত সক্ষমতা অর্জন করেছিল। কিন্তু খামেনি সেই সক্ষমতাকে সরাসরি সামরিক অস্ত্র উৎপাদনে রূপ দেওয়ার অনুমতি দেননি। অন্যদিকে স্যাটেলাইট উৎক্ষেপণের কাজে ব্যবহৃত ক্ষেপণাস্ত্র প্রযুক্তির উন্নয়নে তাঁর আপত্তি ছিল না। ফলে আইআরজিসি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মহাকাশ কর্মসূচি অব্যাহত থাকে।

তখন তেহরানের কৌশলগত মূল্যায়ন ছিল, ইরানের প্রধান নিরাপত্তা হুমকি দুই হাজার কিলোমিটারের ব্যাসার্ধের মধ্যে সীমাবদ্ধ। ইসরায়েলই ছিল একমাত্র রাষ্ট্র, যারা ইরানের বিরুদ্ধে সামরিক হামলার ঝুঁকি নিতে প্রস্তুত। সে কারণে ইরানের যেকোনো প্রান্ত থেকে ইসরায়েলকে লক্ষ্যবস্তু করার মতো পাল্লা বজায় রাখাই যথেষ্ট বলে বিবেচনা করা হয়েছিল।

কিন্তু ২০২৫ সালের জুন এবং ২০২৬ সালের ফেব্রুয়ারির সংঘাত সেই পুরোনো ধারণাকে বদলে দিয়েছে বলে দাবি করছেন আলিজাদেহ। তাঁর বক্তব্য অনুযায়ী, ওই দুই যুদ্ধের সময় ইরান দেখতে পায়, পশ্চিম এশিয়ার বাইরেও বিভিন্ন অঞ্চলের অবকাঠামো ও রসদ সরবরাহকেন্দ্র যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনায় সহায়তা করেছে। বিশেষ করে পূর্ব ও দক্ষিণ-পূর্ব ইউরোপ এবং দক্ষিণ ভারত মহাসাগরীয় অঞ্চলের স্থাপনাগুলো যুক্তরাষ্ট্রের ব্যবহারের জন্য নিজেদের সক্ষমতা উন্মুক্ত করে দেয়।

ফলে ইরানের দৃষ্টিতে এসব দেশ ও তাদের অবকাঠামো আর কেবল নিরপেক্ষ ভৌগোলিক অবস্থান নয়; বরং ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানের অংশীদার হয়ে উঠেছে। আলিজাদেহর দাবি, এই পরিবর্তিত বাস্তবতার পরিপ্রেক্ষিতেই ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ক্ষেপণাস্ত্রের পাল্লার ওপর থেকে দুই হাজার কিলোমিটারের সীমাবদ্ধতা তুলে নিয়েছেন।

এই সিদ্ধান্তের আরেকটি সামরিক ব্যাখ্যা দিয়েছেন ইরানের বিশেষজ্ঞ মোহাম্মদ তাহেরি। তাঁর মতে, ইরানের মধ্যাঞ্চল ও পশ্চিমাঞ্চলে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রের ঘনত্ব দেশটিকে দুর্বল করে তুলেছে। এসব স্থাপনা বারবার ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু হয়েছে। ফলে ইরানের আরও পূর্বাঞ্চল থেকে, অর্থাৎ ইসরায়েল থেকে সবচেয়ে দূরবর্তী ভূখণ্ড থেকেও হামলা চালানোর সক্ষমতা অর্জন এখন কৌশলগত প্রয়োজন। তাহেরির বক্তব্য অনুযায়ী, সর্বশেষ যুদ্ধ দেখিয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে সহায়তা দেওয়া অনেক স্থাপনা পশ্চিম এশিয়ার বাইরেও অবস্থিত। এসব স্থাপনায় সম্ভাব্য আঘাত হানতে হলে ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানো প্রয়োজন।

এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ—ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর সিদ্ধান্ত শুধু ইসরায়েলকে লক্ষ্য করে নেওয়া হচ্ছে না। বরং ইরান এখন যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি, সহযোগী অবকাঠামো এবং আঞ্চলিক সংঘাতের বাইরের সহায়ক কেন্দ্রগুলোকেও নিজেদের সম্ভাব্য নিরাপত্তা হিসাবের মধ্যে আনছে।

পারমাণবিক অস্ত্র তৈরির দাবি: কট্টরপন্থীদের অবস্থান থেকে জাতীয় বিতর্কে

ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর ঘোষণার পাশাপাশি ইরানের অভ্যন্তরে আরও গুরুত্বপূর্ণ একটি বিতর্ক ক্রমেই জোরালো হচ্ছে। সেটি হলো, দেশটির পারমাণবিক নীতি পরিবর্তন করে সরাসরি পারমাণবিক অস্ত্র তৈরির পথে যাওয়া উচিত কি না। দুই সপ্তাহ আগের শুক্রবারের জুমার খুতবা থেকে শুরু করে রাজপথের সমাবেশ, ধর্মীয় নেতা, সরকারি কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের বক্তব্যে পারমাণবিক অস্ত্র তৈরির দাবি ক্রমেই সামনে আসছে। একসময় যে দাবি কেবল কট্টরপন্থী মহলের মধ্যে সীমাবদ্ধ ছিল, এখন তা ইরানের মূলধারার জনপরিসরে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর কুহদাশতের জুমার নামাজের ইমাম আলী সেপাহভান্দকে একটি বহুল প্রচারিত ভিডিওতে বলতে শোনা যায়, ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্রে সজ্জিত হতে হবে, যাতে দেশটি শক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়তে পারে।

যুদ্ধের ময়দানে গত বছর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতে নিহত সামরিক কমান্ডারদের ছবিতে সাজানো একটি নামাজের হলঘরে তিনি বক্তব্য দিচ্ছিলেন। এ সময় মুসল্লিরা স্লোগান দেন, ‘পারমাণবিক প্রতিরোধ আমাদের অবিচ্ছেদ্য অধিকার!’ তেহরানে জুমার নামাজের ইমাম মোহাম্মদ জাভাদ হাজ আলী আকবারিও ঘোষণা করেন, ইরানের পারমাণবিক নীতিতে পরিবর্তন আনা এখন একটি ‘জাতীয় দাবি’। তাঁর বক্তব্যের পর মুসল্লিরা দীর্ঘদিন ধরে ব্যবহৃত ‘পারমাণবিক শক্তি আমাদের অবিচ্ছেদ্য অধিকার’ স্লোগান দিতে শুরু করেন। তখন তিনি হেসে বলেন, ‘এটি পুরোনো স্লোগান। আমরা এর চেয়ে অনেক দূর এগিয়ে গেছি।’

এই বক্তব্যগুলো শুধু জনসমাবেশের আবেগী প্রতিক্রিয়া হিসেবে দেখার সুযোগ নেই। কারণ, ইরানের শীর্ষ পর্যায়ের রাজনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তারাও এখন বিষয়টি নিয়ে প্রকাশ্যে আলোচনা করছেন।

কিছুদিন আগে, দেশটির শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ী রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, পারমাণবিক নীতি পুনর্বিবেচনার বিষয়টি ইরানের নেতৃত্বের আলোচনায় রয়েছে। তবে এখনো এ বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি বলেন, মূল বিতর্ক হলো, আবার যুদ্ধ শুরু হলে ইরান কি যুদ্ধের আগের একই নীতি বজায় রাখতে চায়?

এই বক্তব্যের গুরুত্ব অনেক। কারণ, ইরান এত দিন প্রকাশ্যে দাবি করে এসেছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জারি করা ফতোয়ায় পারমাণবিক অস্ত্র তৈরি ও ব্যবহার নিষিদ্ধ ছিল। ধর্মতান্ত্রিক রাষ্ট্রের সর্বোচ্চ নেতা হিসেবে দেওয়া এই নির্দেশনা সামরিক বাহিনী, আইআরজিসিসহ রাষ্ট্রের সব প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য ছিল। কিন্তু এখন সেই ধর্মীয় ও রাজনৈতিক অবস্থানের বিরুদ্ধেই ইরানের ভেতরে ক্রমবর্ধমান চাপ তৈরি হচ্ছে। এমনকি জুমার নামাজের ইমামদের একটি অংশ কার্যত প্রয়াত সর্বোচ্চ নেতার ফতোয়াকে চ্যালেঞ্জ করছেন।

ইরানবিষয়ক বিশ্লেষক এবং স্বাধীন আঞ্চলিক সংবাদমাধ্যম আমওয়াজ মিডিয়ার সম্পাদক মোহাম্মদ আলী সাবানির মতে, পারমাণবিক অস্ত্র তৈরির বিরুদ্ধে যে সামাজিক ও ধর্মীয় বাধা ছিল, তা এখন আর আগের মতো কার্যকর নেই। এই পরিবর্তনের পক্ষে একটি ধর্মীয় ভিত্তিও তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, এই পরিবর্তন শেষ পর্যন্ত ইরানের কৌশলগত ও রাজনৈতিক অবস্থানেও প্রতিফলিত হয় কি না।

অর্থাৎ, বিতর্কটি শুধু পারমাণবিক অস্ত্র তৈরির প্রযুক্তিগত সক্ষমতা অর্জন নিয়ে নয়। বরং অস্ত্র তৈরির বিরুদ্ধে কয়েক দশক ধরে প্রতিষ্ঠিত ধর্মীয় বৈধতার কাঠামোও প্রশ্নের মুখে পড়ছে।

পারমাণবিক অস্ত্র না বানানোর নীতি কেন ভাঙনের মুখে

ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির বিরুদ্ধে অবস্থানের ইতিহাস কয়েক দশকের। খামেনির ফতোয়া অনুযায়ী, পারমাণবিক অস্ত্র তৈরি ও ব্যবহার নিষিদ্ধ ছিল। ইরানের সরকারও দীর্ঘদিন ধরে দাবি করে এসেছে, তাদের পারমাণবিক কর্মসূচির উদ্দেশ্য সম্পূর্ণ শান্তিপূর্ণ। কিন্তু এই ঘোষিত অবস্থানের পাশাপাশি দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর সন্দেহ কখনোই দূর হয়নি।

পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো গত কয়েক বছরে এমন কিছু আলামতের কথা জানিয়েছে, যেগুলো থেকে ধারণা করা হয়, ইরান ইউরেনিয়াম এমন মাত্রায় সমৃদ্ধ করছিল, যা পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় মাত্রার কাছাকাছি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা অভিযোগ করেছিলেন, খামেনির ফতোয়া থাকা সত্ত্বেও ইরান পারমাণবিক অস্ত্র তৈরির প্রস্তুতি নিচ্ছে।

এই আশঙ্কা নিয়ন্ত্রণে রাখতে ২০১৫ সালে যুক্তরাষ্ট্র ও অন্যান্য বিশ্বশক্তি ইরানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তিতে পৌঁছায়। চুক্তির আওতায় ইরানের পারমাণবিক কার্যক্রম সীমিত করার কথা ছিল। তবে তিন বছর পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে প্রত্যাহার করে নেন। আঞ্চলিক বিশ্লেষকদের মতে, খামেনির কৌশল ছিল পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা নিয়ে একধরনের কৌশলগত অস্পষ্টতা বজায় রাখা। অর্থাৎ, ইরান সরাসরি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত না হয়েও যেন সম্ভাব্য প্রতিপক্ষের কাছে এমন একটি ধারণা তৈরি করতে পারে যে প্রয়োজন হলে দেশটি সেই পথে যেতে সক্ষম।

এর মাধ্যমে খামেনি আশা করেছিলেন, পারমাণবিক অস্ত্র তৈরি না করেই ইরানকে সম্ভাব্য সামরিক হামলা থেকে সুরক্ষিত রাখা সম্ভব হবে। কিন্তু এই কৌশল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসন ঠেকাতে পারেনি। ২০২৫ সালের জুন থেকে শুরু হওয়া সংঘাত এবং ২০২৬ সালের ফেব্রুয়ারির আরেকটি যুদ্ধ ইরানের নিরাপত্তা কাঠামোকে নতুন বাস্তবতার মুখোমুখি করেছে। ওই সংঘাতগুলোর একটিতে চলতি বছরের ফেব্রুয়ারিতে খামেনি নিজেও নিহত হন।

ইরানবিষয়ক বিশ্লেষক মোহাম্মদ আলী সাবানি এই পরিস্থিতির ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, খামেনি এমন একটি অবস্থান তৈরি করেছিলেন, যেখানে ইরান পুরোপুরি পারমাণবিক অস্ত্রের মালিকও হয়নি, আবার সেই অবস্থান থেকে বেরিয়েও আসেনি। ফলে যে বোমা তাদের হাতে ছিল না, সেটির জন্যই তাদের মূল্য দিতে হয়েছে। সাবানির মতে, ইরানের ভেতরে এখন এমন একটি উপলব্ধি তৈরি হয়েছে যে পারমাণবিক অস্ত্র হাতে না থাকলে যেকোনো সময় যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের কাছে দেশটিকে অসহায় হয়ে পড়তে হতে পারে।

এই উপলব্ধি আরও শক্তিশালী হওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যও ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

গত সেপ্টেম্বরে রিপাবলিকানদের মধ্যবর্তী নির্বাচনবিষয়ক এক সম্মেলনে ট্রাম্প বলেন, ইরানের হাতে যদি পারমাণবিক অস্ত্র থাকত, তাহলে তিনি নির্বিচারে বোমা হামলা চালানোর পরিবর্তে দেশটির সর্বোচ্চ নেতাকে ফোন করে তাঁর খোঁজখবর নিতেন এবং জানতে চাইতেন, তাঁর জন্য কিছু করার আছে কি না। ট্রাম্পের এই বক্তব্য ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির পক্ষে থাকা ব্যক্তিদের যুক্তিকে আরও শক্তিশালী করতে পারে। কারণ, তাঁদের দৃষ্টিতে এই বক্তব্যের মধ্য দিয়ে একটি বিষয় স্পষ্ট হয়—পারমাণবিক অস্ত্রের অধিকারী রাষ্ট্রের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে প্রতিপক্ষকে অনেক বেশি সতর্ক হতে হয়।

এ কারণেই ২০২৫ সালের জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর থেকে ইরানের ভেতরে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি থেকে বেরিয়ে আসার দাবি বাড়ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটির রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্বদের একটি ক্রমবর্ধমান অংশ এই দাবির পক্ষে কথা বলেছেন।

তেহরানের পররাষ্ট্রবিষয়ক বিশেষজ্ঞ মোহাম্মদ ঘাদেরির মতে, একসময় ইরানের নেতৃত্বের মধ্যে এনপিটি থেকে বেরিয়ে আসার পক্ষের অবস্থান ছিল সংখ্যালঘুদের। কিন্তু এখন সেটি সংখ্যাগরিষ্ঠের অবস্থানে পরিণত হচ্ছে। তাঁদের যুক্তি হলো, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হুমকি অব্যাহত থাকলে কার্যকর প্রতিরোধক্ষমতা প্রতিষ্ঠার জন্য এনপিটি থেকে বেরিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। এনপিটি থেকে বেরিয়ে আসার দাবি জোরালো হওয়া এবং পারমাণবিক অস্ত্র তৈরির আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া এক বিষয় নয়। ইরানের জাতীয় নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ী নিজেও জানিয়েছেন, এ বিষয়ে এখনো নতুন কোনো সিদ্ধান্ত হয়নি। তবে বিষয়টি যে দেশটির সর্বোচ্চ পর্যায়ের নীতিনির্ধারণী আলোচনায় প্রবেশ করেছে, সেটি স্পষ্ট।

পারমাণবিক অস্ত্রের বিতর্ক কি যুক্তরাষ্ট্রের সঙ্গে দর-কষাকষির কৌশল

ইরানের অভ্যন্তরে পারমাণবিক অস্ত্র তৈরির দাবি জোরালো হওয়ার আরেকটি ব্যাখ্যা দিয়েছেন ওয়াশিংটনভিত্তিক মধ্যপ্রাচ্যবিষয়ক গবেষণা সংস্থা ডনের ইরানবিষয়ক বিশ্লেষক ওমিদ মেমারিয়ান। তাঁর মতে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের আরেকটি সম্ভাব্য হামলার আশঙ্কার মধ্যে ইরান ইচ্ছাকৃতভাবেও পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনাকে সামনে আনতে পারে।

বিশেষ করে কাতার যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নিবিড় মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে, ঠিক সেই সময় ইরানের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা রেজায়ীর পারমাণবিক নীতি নিয়ে প্রকাশ্যে আলোচনায় অংশ নেওয়াকে মেমারিয়ান যুক্তরাষ্ট্রের ওপর চাপ তৈরির প্রচেষ্টা হিসেবে দেখছেন। তাঁর ব্যাখ্যায়, ইরান যুক্তরাষ্ট্রকে একটি বার্তা দিতে চাইছে: আলোচনা ব্যর্থ হলে তেহরান ভিন্ন পথে এগোতে পারে এবং এর জন্য ওয়াশিংটনকে বড় মূল্য দিতে হতে পারে।

এখানে পারমাণবিক অস্ত্রের সম্ভাবনা একটি দর-কষাকষির উপাদান হিসেবেও ব্যবহৃত হতে পারে। অর্থাৎ, ইরান একদিকে পারমাণবিক অস্ত্র তৈরির পক্ষে অভ্যন্তরীণ সমর্থন বাড়তে দিচ্ছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ক্ষেত্রেও সেই সম্ভাবনাকে চাপ সৃষ্টির উপাদান হিসেবে সামনে আনছে।

তবে বিষয়টি কেবল কূটনৈতিক কৌশল, নাকি সত্যিকার অর্থেই পারমাণবিক অস্ত্র তৈরির দিকে নীতিগত অগ্রযাত্রা, তা এখনো স্পষ্ট নয়।

এই বিতর্কে ইরানের ভেতরে মতপার্থক্যও রয়েছে। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানির মতো সংস্কারপন্থী নেতারা এখনো শান্তিপূর্ণ পারমাণবিক নীতির পক্ষে অবস্থান করছেন। প্রভাবশালী সংস্কারপন্থী সংবাদপত্র ‘শার্ঘ’-এ প্রকাশিত এক নিবন্ধে ইরানের সাবেক কূটনীতিক কুরুশ আহমাদি সতর্ক করে বলেছেন, শান্তিপূর্ণ পারমাণবিক নীতি পরিত্যাগ করলে ইরান গুরুতর ঝুঁকির মুখে পড়বে। তাঁর মতে, প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে পারমাণবিক অস্ত্র তৈরির পক্ষে ধারাবাহিক বক্তব্য আসা বিপজ্জনক। কারণ, এতে নতুন করে যুদ্ধ ঠেকানোর চেষ্টা করছেন এমন কর্মকর্তাদের কাজ আরও কঠিন হয়ে পড়ছে। ইরান যত দিন পারমাণবিক বোমা তৈরি করতে না পারবে, তত দিন দেশটির ওপর হামলার আশঙ্কা বরং আরও বাড়তে পারে বলেও তিনি যুক্তি দিয়েছেন।

ওয়াশিংটনভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির ইরানবিষয়ক বিশেষজ্ঞ সিনা তুসিও একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ নেতৃত্বের অধিকাংশ নিহত এবং দেশটির অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর পারমাণবিক অস্ত্র তৈরির বিরোধীদের পক্ষে নিজেদের যুক্তি তুলে ধরা কঠিন হয়ে পড়েছে।

তিনি বলেন, সংযমের পক্ষে থাকা ব্যক্তিদের সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, পারমাণবিক অস্ত্র তৈরির সীমার নিচে অবস্থান করে ইরান আসলে কী অর্জন করেছে? তুসি সতর্ক করেন, যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা ঠিক সেই পারমাণবিক অস্ত্র তৈরির পক্ষে থাকা যুক্তিগুলোকেই শক্তিশালী করতে পারে, যে অস্ত্র তৈরির প্রচেষ্টা ওয়াশিংটন বন্ধ করতে চায়।

অর্থাৎ, ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে সামরিক চাপ প্রয়োগের যে কৌশল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অনুসরণ করছে, সেটি উল্টো ইরানের ভেতরে পারমাণবিক অস্ত্র তৈরির রাজনৈতিক সমর্থন বাড়িয়ে দিতে পারে।

ভূরাজনৈতিক সমীকরণে কী পরিবর্তন আসছে

ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর সিদ্ধান্ত এবং পারমাণবিক অস্ত্র তৈরির পক্ষে অভ্যন্তরীণ চাপকে একসঙ্গে বিবেচনা করলে কয়েকটি গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়। প্রথমত, ইরানের নিরাপত্তা ভাবনা এখন আঞ্চলিক প্রতিরক্ষা থেকে বিস্তৃত ভৌগোলিক প্রতিরোধের দিকে যাচ্ছে। আগে ইরানের ক্ষেপণাস্ত্রনীতির কেন্দ্রবিন্দু ছিল ইসরায়েল। দুই হাজার কিলোমিটারের পাল্লার মধ্যে থেকেই দেশটির যেকোনো অঞ্চল থেকে ইসরায়েলকে লক্ষ্যবস্তু করার সক্ষমতা বজায় রাখাকে যথেষ্ট মনে করা হয়েছিল।

কিন্তু ২০২৫ সালের জুন ও ২০২৬ সালের ফেব্রুয়ারির যুদ্ধের অভিজ্ঞতা তেহরানের এই মূল্যায়ন বদলে দিয়েছে বলে ইরানি বিশেষজ্ঞরা দাবি করছেন। এখন ইরান শুধু ইসরায়েলের সামরিক স্থাপনা নয়, বরং যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে সহায়তা করতে পারে এমন পশ্চিম এশিয়ার বাইরের অবকাঠামো ও রসদ সরবরাহকেন্দ্রকেও নিজেদের নিরাপত্তা হিসাবের মধ্যে আনছে। পূর্ব ও দক্ষিণ-পূর্ব ইউরোপ এবং দক্ষিণ ভারত মহাসাগরীয় অঞ্চলের স্থাপনাগুলোর প্রসঙ্গ এই পরিবর্তনেরই ইঙ্গিত দেয়।

এর ফলে ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুর ভৌগোলিক পরিধি বিস্তৃত হওয়ার সুযোগ তৈরি হচ্ছে। একই সঙ্গে ইউরোপের প্রতি দেশটির আগের রাজনৈতিক ও নিরাপত্তাগত আশ্বাসও কার্যত প্রত্যাহার করা হচ্ছে।

দ্বিতীয়ত, ইরান তার সামরিক প্রতিরোধব্যবস্থাকে আরও গভীর ও বিকেন্দ্রীভূত করার চেষ্টা করছে। ইরানের মধ্যাঞ্চল ও পশ্চিমাঞ্চলের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রগুলো বারবার ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু হওয়ায় দেশটির সামরিক বিশেষজ্ঞরা পূর্বাঞ্চল থেকে আঘাত হানার সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা বলছেন।

এখানে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নগরী ও উৎপাদনকেন্দ্রের বিষয়টিও গুরুত্বপূর্ণ। আইআরজিসির দাবি অনুযায়ী, এসব স্থাপনার মাধ্যমে যুদ্ধ ও বোমাবর্ষণের মধ্যেও অস্ত্র উৎপাদন এবং উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হবে। অর্থাৎ, তেহরান শুধু দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করতে চায় না; একই সঙ্গে হামলার মধ্যেও যাতে তার সামরিক উৎপাদনব্যবস্থা সচল থাকে, সেই সক্ষমতাও গড়ে তুলছে।

তৃতীয়ত, ইরানের পারমাণবিক নীতির ধর্মীয় ও রাজনৈতিক ভিত্তি পরিবর্তনের মুখে পড়েছে। খামেনির ফতোয়া এত দিন পারমাণবিক অস্ত্র তৈরির বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও রাজনৈতিক বাধা হিসেবে কাজ করেছে। কিন্তু এখন জুমার ইমাম, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং নিরাপত্তা কর্মকর্তাদের বক্তব্যে সেই অবস্থান প্রশ্নবিদ্ধ হচ্ছে। বিশেষ করে পারমাণবিক অস্ত্র তৈরিকে জাতীয় দাবি হিসেবে উপস্থাপন করা এবং এনপিটি থেকে বেরিয়ে আসার পক্ষে সংখ্যাগরিষ্ঠ অবস্থান তৈরির দাবি ইঙ্গিত দেয়, বিষয়টি আর শুধু সামরিক বিশেষজ্ঞদের আলোচনায় সীমাবদ্ধ নেই।

তবে ইরানের নেতৃত্ব এখনো আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র তৈরির সিদ্ধান্ত ঘোষণা করেনি। এই পার্থক্যটি গুরুত্বপূর্ণ। কারণ, জনপরিসরে সমর্থন তৈরি হওয়া আর রাষ্ট্রীয় পর্যায়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া এক নয়।

চতুর্থত, যুক্তরাষ্ট্রের সামরিক চাপ ও ইরানের প্রতিরোধনীতির মধ্যে একটি বিপরীতমুখী সম্পর্ক তৈরি হচ্ছে। ওয়াশিংটনের লক্ষ্য ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা বন্ধ রাখা। কিন্তু ইরানের অভ্যন্তরে ক্রমবর্ধমান একটি অংশ মনে করছে, পারমাণবিক অস্ত্র না থাকার কারণেই দেশটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ঝুঁকিতে রয়েছে। এই উপলব্ধি যদি দেশটির নীতিনির্ধারণী পর্যায়ে প্রভাব বিস্তার করে, তাহলে যুক্তরাষ্ট্রের সামরিক চাপ উল্টো ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে ঠেলে দিতে পারে।

সিনা তুসির সতর্কবার্তার মূল তাৎপর্যও এখানেই। যে সামরিক চাপের মাধ্যমে ওয়াশিংটন ইরানের পারমাণবিক কর্মসূচি থামাতে চায়, সেই চাপই ইরানের ভেতরে পারমাণবিক অস্ত্র তৈরির পক্ষে রাজনৈতিক যুক্তিকে শক্তিশালী করতে পারে।

পঞ্চমত, পারমাণবিক অস্ত্রের প্রশ্নটি যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যৎ আলোচনার অন্যতম প্রধান উপাদান হয়ে উঠতে পারে। কাতারের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগের প্রচেষ্টার মধ্যে রেজায়ীর বক্তব্য এবং পারমাণবিক অস্ত্র তৈরির পক্ষে ক্রমবর্ধমান প্রচারণাকে মেমারিয়ান সম্ভাব্য দর-কষাকষির কৌশল হিসেবে দেখছেন।

ইরান যদি আলোচনার টেবিলে এই বার্তা দিতে চায় যে সমঝোতা না হলে দেশটি পারমাণবিক নীতিতে মৌলিক পরিবর্তন আনতে পারে, তাহলে সেটি যুক্তরাষ্ট্রের ওপর চাপ তৈরির একটি উপায় হতে পারে। তবে এই কৌশলের ঝুঁকিও রয়েছে। কারণ, পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা যত বেশি প্রকাশ্যে আসবে, ততই ইরানকে ঘিরে সামরিক ও কূটনৈতিক উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হবে।

সামনে ইরানের জন্য কী অপেক্ষা করছে

ইরানের সামনে এখন মূলত একটি কৌশলগত দ্বন্দ্ব। একদিকে দেশটি প্রচলিত ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়িয়ে সম্ভাব্য প্রতিপক্ষের বিরুদ্ধে আঘাত হানার ভৌগোলিক পরিধি বিস্তৃত করতে চাইছে। অন্যদিকে পারমাণবিক অস্ত্র তৈরির পক্ষে অভ্যন্তরীণ চাপ ক্রমেই রাজনৈতিক বৈধতা অর্জন করছে।

কিন্তু এই দুটি পথের মধ্যে পার্থক্য রয়েছে।

ক্ষেপণাস্ত্রের পাল্লার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ইতিমধ্যে আইআরজিসি দিয়েছে। কিন্তু পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। এনপিটি থেকে বেরিয়ে আসার দাবি বাড়লেও সেটিও এখন পর্যন্ত একটি রাজনৈতিক বিতর্ক ও নীতিগত চাপের পর্যায়ে রয়েছে।

তবে ইরানের সাম্প্রতিক বক্তব্যগুলো থেকে বোঝা যায়, দেশটির নিরাপত্তা নীতিতে আগের মতো সংযম বজায় রাখার পক্ষে অবস্থান ক্রমেই কঠিন হয়ে পড়ছে। প্রয়াত খামেনির কৌশল ছিল পারমাণবিক অস্ত্র তৈরি না করেও এমন একটি অবস্থান ধরে রাখা, যাতে ইরান সম্ভাব্য প্রতিপক্ষের কাছে ঝুঁকিপূর্ণ লক্ষ্যবস্তু হয়ে না ওঠে। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান সেই কৌশলের কার্যকারিতা নিয়ে ইরানের ভেতরেই প্রশ্ন তৈরি করেছে।

এখন নতুন নেতৃত্বের সামনে প্রশ্নটি আরও কঠিন: পারমাণবিক অস্ত্র না বানিয়ে আগের নীতি বজায় রাখা হবে, নাকি নিরাপত্তার নতুন বাস্তবতায় পারমাণবিক নীতি পরিবর্তন করা হবে? এই বিতর্কে মোজতবা খামেনির অবস্থান বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, ক্ষেপণাস্ত্রের পাল্লার সীমাবদ্ধতা তুলে নেওয়ার সিদ্ধান্ত তাঁর নেতৃত্বেই হয়েছে বলে ইরানি সামরিক বিশেষজ্ঞ আলিজাদেহ দাবি করেছেন। তবে পারমাণবিক অস্ত্র তৈরির প্রশ্নে তিনি কী সিদ্ধান্ত নেবেন, তা এখনো পরিষ্কার নয়।

এখানে ইরানের সংস্কারপন্থী নেতাদের অবস্থানও গুরুত্বপূর্ণ। আগেই উল্লেখ করা হয়ছে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও হাসান রুহানির মতো নেতারা এখনো শান্তিপূর্ণ পারমাণবিক নীতির পক্ষে। সাবেক কূটনীতিক কুরুশ আহমাদিও সতর্ক করছেন, এই নীতি পরিত্যাগ করলে ইরান আরও বড় ঝুঁকির মুখে পড়তে পারে। ফলে দেশটির ভেতরে পারমাণবিক অস্ত্র তৈরির পক্ষে ও বিপক্ষে রাজনৈতিক অবস্থান এখনো পুরোপুরি একমুখী হয়নি।

শেষ পর্যন্ত এটি কি নতুন ইরানি সামরিক মতবাদের সূচনা

ইরানের সাম্প্রতিক সিদ্ধান্ত ও অভ্যন্তরীণ বিতর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, দেশটি তার নিরাপত্তার সংজ্ঞা নতুন করে নির্ধারণ করছে। আগের নীতিতে ইরানের লক্ষ্য ছিল ২ হাজার কিলোমিটারের মধ্যে ক্ষেপণাস্ত্র প্রতিরোধক্ষমতা বজায় রাখা, পারমাণবিক অস্ত্র তৈরি না করা এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত সক্ষমতা থাকা সত্ত্বেও রাজনৈতিকভাবে একটি নির্দিষ্ট সীমা অতিক্রম না করা।

কিন্তু এখন সেই তিনটি অবস্থানই চ্যালেঞ্জের মুখে।

ক্ষেপণাস্ত্রের পাল্লার সীমা তুলে নেওয়া হয়েছে। ইউরোপকে নিরাপত্তার দিক থেকে হুমকিমুক্ত বিবেচনা করার পুরোনো অবস্থান বদলাচ্ছে। একই সঙ্গে পারমাণবিক অস্ত্র তৈরির বিরুদ্ধে কয়েক দশকের ধর্মীয় ও রাজনৈতিক নিষেধাজ্ঞাও জনপরিসরে প্রশ্নবিদ্ধ হচ্ছে। ভূরাজনৈতিকভাবে এর অর্থ হলো, ইরান আর শুধু নিজের সীমান্ত কিংবা পশ্চিম এশিয়ার মধ্যে নিরাপত্তার হিসাব সীমাবদ্ধ রাখতে চাইছে না। দেশটির সামরিক বিশেষজ্ঞদের বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও সহযোগী অবকাঠামোর ভৌগোলিক বিস্তার এখন তেহরানের প্রতিরক্ষা পরিকল্পনার অংশ হয়ে উঠছে।

অন্যদিকে পারমাণবিক অস্ত্র তৈরির পক্ষে অভ্যন্তরীণ চাপের বিস্তার ইঙ্গিত দিচ্ছে, ইরানের ভবিষ্যৎ প্রতিরোধনীতি শুধু দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ওপর নির্ভরশীল থাকবে কি না, সেই প্রশ্নও সামনে এসেছে।

তবে সবচেয়ে বড় অনিশ্চয়তা হলো, এই পরিবর্তন শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে। ইরান কি দূরপাল্লার প্রচলিত ক্ষেপণাস্ত্রের মাধ্যমে নিজের প্রতিরোধক্ষমতা বাড়িয়ে পারমাণবিক অস্ত্র তৈরির বিতর্ককে রাজনৈতিক চাপ সৃষ্টির উপকরণ হিসেবে ব্যবহার করবে, নাকি সত্যিকার অর্থেই কয়েক দশকের পারমাণবিক নীতি পরিত্যাগ করে অস্ত্র তৈরির পথে এগোবে?

এই প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি। কিন্তু একটি বিষয় স্পষ্ট—ইরানের পুরোনো নিরাপত্তা দর্শন আর আগের জায়গায় নেই। ২ হাজার কিলোমিটারের সীমা তুলে নেওয়া শুধু ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর ঘোষণা নয়; এটি তেহরানের পরিবর্তিত ভূরাজনৈতিক হিসাবের প্রকাশ। আর পারমাণবিক অস্ত্র তৈরির পক্ষে অভ্যন্তরীণ চাপ সেই পরিবর্তনকে আরও গভীর রাজনৈতিক ও কৌশলগত মাত্রা দিচ্ছে।

ইরান এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে প্রচলিত সামরিক প্রতিরোধের সীমা ছাড়িয়ে পারমাণবিক প্রতিরোধের প্রশ্নও রাষ্ট্রীয় নিরাপত্তার কেন্দ্রীয় বিতর্কে পরিণত হয়েছে। এই বিতর্কের পরিণতি শুধু ইরানের ভবিষ্যৎ সামরিক নীতি নির্ধারণ করবে না; যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউরোপ এবং বৃহত্তর পশ্চিম এশিয়ার নিরাপত্তা সমীকরণেও এর প্রভাব পড়তে পারে।

তথ্যসূত্র: দ্য নিউ আরব ও দ্য নিউইয়র্ক টাইমস

লেখক: আজকের পত্রিকার সহসম্পাদক

পারমাণবিক অস্ত্র নিয়ে ইসরায়েলের ৬০ বছরের গোপনীয়তা ও বর্তমান ভূরাজনৈতিক সংকট

হরমুজে ভারত, চীন, কাতার ও ইরাককে ছাড় দিচ্ছে ইরান—নেপথ্যে কী

হরমুজে ভারত-চীন-ইরাক ও কাতারের জাহাজকে কেন ছাড় দিয়েছে ইরান

ইসরায়েলে রেজিম চেঞ্জ: ফিলিস্তিন নীতির পরিবর্তন, নাকি দখলদারত্বের নতুন কৌশল

ট্রাম্পের সঙ্গে মাখামাখি করা প্রযুক্তি বিলিয়নিয়াররা এখন কী করবেন

ওয়াশিংটনে ক্ষমতার ভারসাম্যে বদল: দিল্লির খুশি হওয়ার সুযোগ আছে কি

হরমুজে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় গেরিলা রণকৌশলে ইরান

নির্বাচনে জয়ের পর ডেমোক্র্যাটরা কি এবার ইরান যুদ্ধ বন্ধ করতে পারবেন

যুক্তরাষ্ট্রের নির্বাচনে যুদ্ধের প্রভাব—জন-অসন্তোষ বাড়ছে ইরানেও

রিপাবলিকানদের বিপর্যয়: ইরান যুদ্ধ, ট্রাম্পের ভবিষ্যৎ ও মার্কিন রাজনীতিতে এর প্রভাব