হোম > ল–র–ব–য–হ

ওমানে উটের সৌন্দর্য প্রতিযোগিতায় জালিয়াতি, বোটক্স-ফিলার প্রয়োগ নিয়ে তোলপাড়

আজকের পত্রিকা ডেস্ক­

১৯২২ সালে সৌদি আরবে উটের সৌন্দর্য প্রতিযোগিতার দৃশ্য। ছবি: এএফপি

ওমানে আয়োজিত ২০২৬ সালের ‘ক্যামেল বিউটি শো ফেস্টিভ্যাল’-এ কৃত্রিমভাবে সৌন্দর্য বাড়ানোর অভিযোগে ২০টি উটকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়েছে। উটের কুঁজ ও মুখমণ্ডলের শ্রী বাড়াতে বোটক্স ইনজেকশন, সিলিকন ওয়াক্স এবং ফিলার ব্যবহার করার প্রমাণ পাওয়ায় আয়োজক কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।

ওমানের আল মুসানা এলাকায় গত মাসে অনুষ্ঠিত এই মেলায় পশুচিকিৎসক ও পরিদর্শকেরা পরীক্ষার সময় দেখতে পান, বেশ কিছু উটের কুঁজ বড় করতে মানুষের ব্যবহৃত ডার্মাল ফিলারের মতো এক ধরনের ইনজেকশন ব্যবহার করা হয়েছে। এ ছাড়া উটের ঠোঁট আকর্ষণীয় করতে হায়ালুরোনিক অ্যাসিড, মুখমণ্ডল মসৃণ করতে বোটক্স এবং কুঁজ ফোলাতে সিলিকন ওয়াক্স ব্যবহার করা হয়েছে।

মধ্যপ্রাচ্যে উটের প্রজনন শিল্প অত্যন্ত লাভজনক এবং এই ধরনের প্রতিযোগিতার শিরোপার সঙ্গে জড়িয়ে থাকে মিলিয়ন ডলারের পুরস্কার। জয়ী উটের বাজারমূল্য একলাফে অনেক বেড়ে যায় এবং এটি পর্যটন ও বিনিয়োগের ক্ষেত্রেও বড় ভূমিকা রাখে। এই লোভে পড়েই মালিকেরা অনৈতিকভাবে উটের শারীরিক পরিবর্তন ঘটিয়ে প্রতিযোগিতায় জেতার চেষ্টা করেন।

আয়োজক কমিটির একজন মুখপাত্র বলেন, ‘আমরা উটের সৌন্দর্য বর্ধনে যেকোনো ধরনের কারচুপি এবং প্রতারণা বন্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতে যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হবে, তাদের ওপর আরও কঠোর জরিমানা ও নিষেধাজ্ঞা আরোপ করা হবে।’

একটি আদর্শ সুন্দরী উটের চারটি প্রধান বৈশিষ্ট্য বিচার করা হয়: শরীরের লোম, ঘাড়, মাথা এবং কুঁজ। বিচারকাজে স্বচ্ছতা আনতে এখন উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। প্রতিটি উটকে প্রথমে বিশেষজ্ঞদের সামনে দিয়ে হাঁটিয়ে তাদের চালচলন পরীক্ষা করা হয়। এরপর এক্স-রে এবং অন্যান্য ডাক্তারি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয় যে, উটের ঘাড়, মাথা বা কুঁজে কোনো কৃত্রিম ইনজেকশন বা ডিভাইস ব্যবহার করা হয়েছে কি না।

পশু অধিকার কর্মী ও পশুচিকিৎসকেরা এই ধরনের কর্মকাণ্ডকে ‘নিষ্ঠুরতা’ হিসেবে অভিহিত করেছেন। তাঁদের মতে, সিলিকন বা বোটক্স ব্যবহারের ফলে উটের শরীরে তীব্র ব্যথা, সংক্রমণ এবং নীলচে দাগ হতে পারে। এমনকি সিলিকন শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়লে উটের প্রাণহানির ঝুঁকিও থাকে। এ ছাড়া উটের শরীরের বিশেষ অংশে রক্ত চলাচল বন্ধ করতে রাবার ব্যান্ড ব্যবহারের মতো অমানবিক কৌশলও অনেক সময় অবলম্বন করা হয়।

উল্লেখ্য, এর আগে সৌদি আরবে অনুষ্ঠিত বিশ্বের বৃহত্তম উটের মেলা ‘কিং আব্দুল আজিজ ক্যামেল ফেস্টিভ্যাল’-এও বোটক্স ব্যবহারের দায়ে বহু উটকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়। সেখানে পুরস্কারের অর্থমূল্য ছিল প্রায় ৬০ মিলিয়ন (৬ কোটি) ডলার।

ছেলেকে ক্যানসারের রোগী সাজিয়ে মায়ের বিলাসী জীবন, ৪ বছরের জেল

টাকা তুলতে বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির বৃদ্ধ

স্বামীর বোনকে ‘দ্বিতীয় স্ত্রী’ দেখিয়ে বিবাহবিচ্ছেদ নারীর, হাইকোর্টের দ্বারস্থ মধ্যবয়সী ব্যক্তি

শৈশবে গিলে ফেলা থার্মোমিটার ২০ বছর পর ২০ মিনিটের অস্ত্রোপচারে উদ্ধার

ফুটবল বিশ্বকাপ ফাইনালের টিকিট বিক্রি হচ্ছে ২৫ কোটি টাকায়!

ভিটামিন বি আছে বিয়ারে—জার্মান গবেষকদের আবিষ্কার

প্রচণ্ড গরমে হোটেলের এসি কামরা ভাড়া নিলেন নারী

১২ কোটি টাকার বেশি দামি পিকাসোর ছবি মিলল মাত্র ১৪ হাজারে!

‘ভাই পোস্ট ডিলিট করেন, সমস্যা হবে’—ট্রাম্পের ইনবক্সে কে দিল এই পরামর্শ

আমেরিকার খাল-বিল এশিয়ান কার্পের দখলে, আতঙ্কে হেলমেট পরছেন জেলেরা