হোম > ল–র–ব–য–হ

পিৎজায় আনারস দিতে অস্বীকৃতি, অস্ট্রেলিয়ায় চাকরি গেল ইতালীয় শেফের

আজকের পত্রিকা ডেস্ক­

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের ইতালীয় রেস্তোরাঁ লা কোস্তার প্রধান রাঁধুনি ছিলেন ডেভিডে তাম্বুরেল্লাহ। ছবি: সংগৃহীত

পিৎজায় আনারস ব্যবহারে আপত্তি জানিয়ে অস্ট্রেলিয়ায় চাকরি হারিয়েছেন ইতালীয় এক শেফ। নিজের সংস্কৃতির প্রতি অপমানজনক দাবি করে পিৎজায় আনারস দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন তিনি। এ নিয়ে মালিকপক্ষের সঙ্গে বিরোধের জেরে চাকরি হারানোর পর অস্ট্রেলিয়ার ‘ফেয়ার ওয়ার্ক কমিশনে’ (এফডব্লিউসি) অন্যায্যভাবে বরখাস্তের অভিযোগ করেন ওই শেফ। তবে নির্ধারিত সময়ের পরে আবেদন করায় তাঁর অভিযোগ খারিজ হয়ে গেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ডেভিডে তাম্বুরেল্লা নামের ওই শেফ অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের ইতালীয় রেস্তোরাঁ লা কোস্তার প্রধান রাঁধুনি ছিলেন। তিন বছরের বেশি সময় কাজ করার পর গত ২০ মে তাঁকে চাকরিচ্যুত করা হয়। রেস্তোরাঁটির ব্যবস্থাপনা পরিচালক এলিয়ট ইনগ্রামের অভিযোগ, অন্তত তিনবার পিৎজায় আনারস দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন তাম্বুরেল্লা।

অস্ট্রেলিয়ার ফেয়ার ওয়ার্ক কমিশনের শুনানিতে জানা যায়, ঘটনার দুই সপ্তাহ আগে কর্মদক্ষতা নিয়ে আলোচনার জন্য তাম্বুরেল্লাকে বৈঠকে ডেকেছিলেন মালিক। সেখানে আনারস ব্যবহারে তাঁর অনীহার বিষয়টিও উঠে আসে। বিরোধ চূড়ান্ত রূপ নেয় ১৫ হাজার অস্ট্রেলীয় ডলার ব্যয়ের একটি অনুষ্ঠানের খাবারের তালিকায় আনারসযুক্ত পিৎজার অর্ডার আসার পর। তখন তাম্বুরেল্লা তাঁর বসকে ইতালীয়দের কাছে পিৎজায় আনারস না দেওয়ার গুরুত্ব যাচাই করতে বলেন।

ইনগ্রাম জানান, হ্যাম ও আনারসের সমন্বয়ে তৈরি পিৎজা তাঁর নিজেরও খুব পছন্দ নয়। তবে আতিথেয়তাশিল্পে ১৭ বছরের অভিজ্ঞতায় তিনি শিখেছেন, কোন বিষয়ে আপস করতে হবে, তা বোঝা জরুরি। রেস্তোরাঁটির শিশুদের খাবারের তালিকায় আগে থেকেই হ্যাম ও আনারসের পিৎজা ছিল।

শুধু আনারস নিয়ে আপত্তিই নয়, কর্মক্ষেত্রে ভাষার ব্যবহার এবং ক্ষোভ প্রকাশের প্রবণতা নিয়েও তাম্বুরেল্লার বিরুদ্ধে অভিযোগ ছিল। তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করেন।

চাকরি হারানোর ঘটনায় তাম্বুরেল্লার অভিবাসনপ্রক্রিয়াতেও প্রভাব পড়ে। নিয়োগকর্তার পৃষ্ঠপোষকতায় স্থায়ী বসবাসের জন্য ১৮৬ সাবক্লাস ভিসার আবেদনপ্রক্রিয়ায় তিন বছরের বেশি সময় ধরে ছিলেন তিনি। চাকরিচ্যুতির পর রেস্তোরাঁ কর্তৃপক্ষ সেই প্রক্রিয়া বন্ধ করে দেয়।

এদিকে গত জুলাইয়ে ইজারার মেয়াদ শেষ হওয়ায় লা কোস্তা রেস্তোরাঁটিও বন্ধ হয়ে যায়। বর্তমানে অন্য একটি ইতালীয় রেস্তোরাঁয় কাজ পেয়েছেন তাম্বুরেল্লা। সেখানে অবশ্য খাবারের তালিকায় আনারস নেই।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্য দেশটির বাণিজ্যিকভাবে উৎপাদিত আনারসের প্রধান উৎস। আর হ্যাম ও আনারস দিয়ে তৈরি হাওয়াইয়ান পিৎজা প্রথম পরিবেশন করা হয় ১৯৬২ সালে কানাডার অন্টারিওতে। এর প্রচলন করেন গ্রিক বংশোদ্ভূত রেস্তোরাঁ ব্যবসায়ী স্যাম পানোপোলস।

প্রথম জন্মদিনের দুই দিন আগে গলায় বেলুন আটকে প্রাণ গেল বেবি ডনের

৪৮ বছর ধরে পানি পান করেন না ওয়ারেন বাফেট, তৃষ্ণা মেটান কী দিয়ে

চাকরির বেতন ১০ হাজার, ব্যাংকে ঢুকল ১০ হাজার কোটি

স্বামীর আয়ু বৃদ্ধির ধর্মীয় আচারে স্ত্রীর অস্বীকৃতি, থানায় ‘হত্যা চক্রান্তের’ অভিযোগ এক ব্যক্তির

দুই ভাইয়ের চালচলনে গ্রামবাসীর সন্দেহ, মাটি খুঁড়ে মিলল কোটি-কোটি টাকা

মাটি খুঁড়ে জমানো সোনার কণায় প্রেমিকার জন্য আংটি বানালেন যুবক

চিকিৎসক যদি নারী হন, কম ব্যথা অনুভব করেন পুরুষ রোগী: গবেষণা

নিরামিষ খেয়ে হীনবল, পাঁচ বছর পর ফের মাংস খাওয়া শুরু করলেন বেয়ার গ্রিলস

আজ বিশ্ব চিকা দিবস, এর সঙ্গে বিজ্ঞানের সম্পর্ক কী

হোম অফিসের কথা বলে সিঙ্গাপুরে, যেভাবে ধরা পড়ে হারালেন চাকরি