রসায়নবিদ, শিক্ষার্থী ও বিজ্ঞানপ্রেমীদের জন্য আজ ২৩ অক্টোবর এক বিশেষ দিন। বিশ্বজুড়ে প্রতি বছর এই দিনে অত্যন্ত আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয় অনানুষ্ঠানিক বিজ্ঞানভিত্তিক দিবস ‘মোল ডে’ বা ছুঁচা বা চিকা দিবস।
রসায়ন শাস্ত্রের একটি অতি মৌলিক একক ‘মোল’ (Mole) এবং আন্তর্জাতিক প্রখ্যাত বিজ্ঞানী আমাদেও অ্যাভোগাড্রোর স্মরণে প্রতি বছর ২৩ অক্টোবর সকাল ৬টা ২ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ২ মিনিট পর্যন্ত এই দিবসটি উদযাপিত হয়ে আসছে।
‘মোল ডে’ পালনের জন্য নির্ধারিত সময় এবং তারিখের পেছনে রয়েছে একটি গভীর গাণিতিক সংযোগ। মার্কিন যুক্তরাষ্ট্রের তারিখ লেখার রীতি অনুযায়ী ২৩ অক্টোবর সকাল ৬টা ২ মিনিট থেকে নির্দেশিত সময়টিকে সংক্ষিপ্ত রূপে প্রকাশ করলে দাঁড়ায়— ৬:০২ ১০/২৩। এই সংখ্যাটি মূলত রসায়নের বিখ্যাত ‘অ্যাভোগাড্রো সংখ্যা’ (Avogadro's Number)-কে নির্দেশ করে, যার আনুমানিক মান ৬.০২x১০^২৩।
আন্তর্জাতিক একক পদ্ধতিতে (এসআই ইউনিট) পদার্থের পরিমাণ পরিমাপের জন্য ব্যবহৃত সাতটি মৌলিক এককের অন্যতম হলো ‘মোল’। যেকোনো পদার্থের এক মোলে ঠিক ৬.০২x১০^২৩ টি কণা (পরমাণু, অণু বা আয়ন) বিদ্যমান থাকে।
যেকোনো অণুর ক্ষেত্রে, তার আণবিক ভরের সমপরিমাণ ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায়, সেটাই হলো এক মোল। সহজ একটি উদাহরণ দেওয়া যাক— পানির এক অণুর আণবিক ভর ১৮। সুতরাং, ১৮ গ্রাম পানি মানে হলো ঠিক ১ মোল পানি। আর এই ১৮ গ্রাম পানির মধ্যে ঠিক ৬.০২x১০^২৩টি পানির অণু উপস্থিত রয়েছে।
রসায়নের প্রতি তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে এবং বিষয়টিকে ক্লাসরুমের বাইরে মজাদার ও আকর্ষণীয় হিসেবে উপস্থাপন করতে আশির দশকে এই দিবস উদযাপনের ধারণা শুরু হয়। পরবর্তীতে ১৯৯১ সালে আন্তর্জাতিক ‘ন্যাশনাল মোল ডে ফাউন্ডেশন’ প্রতিষ্ঠিত হয়।
বিশ্বের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগগুলোতে আজ দিনব্যাপী নানা ধরনের গাণিতিক কুইজ, বৈজ্ঞানিক প্রদর্শনী, হাস্যরসাত্মক পোস্টার প্রতিযোগিতা এবং গবেষণামূলক আলোচনার আয়োজন করা হয়।
বিজ্ঞানের জটিল গাণিতিক তত্ত্বকে সহজ ও আনন্দদায়কভাবে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এই দিবসটি এক বিশেষ ভূমিকা পালন করে আসছে।