হোম > প্রযুক্তি

২০২৭ সালেই সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করবে টেসলা

আজকের পত্রিকা ডেস্ক­

২০১৯ সালে টেসলা সাইবারট্রাক উন্মোচন করেন ইলন মাস্ক। ছবি: এএফপি

বিক্রির লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতা, উৎপাদন ব্যয় বৃদ্ধি ও স্থায়িত্ব নিয়ে উদ্বেগের কারণে আলোচিত বৈদ্যুতিক পিকআপ ট্রাক সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। আগামী বছরের মাঝামাঝি সময় থেকে গাড়িটির উৎপাদন বন্ধ করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাস্ক জানান, যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থিত টেসলার গিগাফ্যাক্টরিতে ২০২৭ সালের মাঝামাঝি সময়ে সাইবারট্রাকের উৎপাদন পর্যায়ক্রমে কমিয়ে আনা হবে। এর পরিবর্তে স্বচালিত রোবোট্যাক্সি সাইবারক্যাবের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

২০১৯ সালে ব্যাপক প্রচারণার মধ্য দিয়ে সাইবারট্রাক উন্মোচন করে টেসলা। গাড়িটিকে শক্তিশালী, টেকসই এমনকি বুলেটপ্রুফ হিসেবেও প্রচার করা হয়েছিল। বছরে আড়াই লাখ সাইবারট্রাক বিক্রির লক্ষ্য নির্ধারণ করেছিলেন মাস্ক। তবে নানা সমস্যায় প্রত্যাশিত সাফল্য পায়নি গাড়িটি।

প্রাথমিকভাবে গাড়িটির দাম ৩৯ হাজার ৯০০ ডলার নির্ধারণ করা হলেও উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় পরবর্তী সময়ে দাম এক লাখ ডলার পর্যন্ত ওঠে। পাশাপাশি গাড়িটির অস্বাভাবিক নকশা, নিরাপত্তা ও স্থায়িত্ব নিয়ে প্রশ্ন ওঠে। শিল্প খাতের বিভিন্ন হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত সর্বোচ্চ ৫০ হাজারের মতো সাইবারট্রাক বিক্রি করতে পেরেছে টেসলা।

উন্মোচন অনুষ্ঠানের একটি ঘটনাও গাড়িটির জন্য নেতিবাচক প্রচারণার কারণ হয়ে দাঁড়ায়। সে সময় ধাতব বল দিয়ে আঘাত করার পরীক্ষায় গাড়িটির জানালার কাচ ভেঙে যায়। পরবর্তী সময়ে ক্রেতাদের বিভিন্ন অনলাইন পরীক্ষাতেও গাড়িটির সক্ষমতা ও গুণগত মান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

এদিকে গত মাসে টেসলা পরবর্তী প্রজন্মের রোডস্টার গাড়ি উন্মোচন করেছে। ২০২৮ সালে উৎপাদনে যাওয়ার কথা রয়েছে গাড়িটির। এর সর্বোচ্চ সংস্করণে মাস্কের আরেক প্রতিষ্ঠান স্পেসএক্সের তৈরি বিশেষ থ্রাস্টার ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে গাড়িটি উড়তে পারবে বলে দাবি করা হয়েছে। গাড়িটি ঘণ্টায় শূন্য থেকে ১০০ কিলোমিটার গতিতে পৌঁছাতে সময় নেবে মাত্র এক সেকেন্ড। রোডস্টারের জন্য ইতিমধ্যে অগ্রিম বুকিং নেওয়া শুরু করেছে টেসলা।

ট্রাম্প প্রশাসনের চাপে চীনা কোম্পানির সঙ্গে ৭ বিলিয়ন ডলারের চুক্তি বাতিল করল ওরাকল

বড় সংকটে ক্যানভা, হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা

ভুয়া চাকরির ইন্টারভিউয়ের ফাঁদ পেতে বাইন্যান্স থেকে চুরি হয় ৬.৩ বিলিয়ন ডলার

এআইয়ের তৈরি সৃজনশীল কাজের মালিক কে

সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতিকর প্রভাব রোধে নড়েচড়ে বসেছে বিশ্ব

২২ বছরের পুরোনো ত্রুটি, এআই ভেঙে দিল দুই দিনে

এআই চ্যাটবট ব্যবহারে যা করবেন, করবেন না

এআইয়ের নিয়ন্ত্রণ মানুষের হাতেই থাকা উচিত: স্যাম অল্টম্যান

টিএমজিবির নতুন সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক বিশ্বজিত

ফের হ্যাকিংয়ের ভয়, বাইন্যান্স থেকে ৩৬০ কোটি ডলার তুলে নিলেন গ্রাহকেরা