দুবাইয়ের দ্য লুপ প্রজেক্টটি স্মার্ট প্রযুক্তিচালিত একটি আরবান হাইওয়ে। এটি শুধু যাতায়াতের পথ নয়, বরং অত্যাধুনিক প্রযুক্তির এক সমন্বিত প্রদর্শনী। ৯৩ কিলোমিটার দীর্ঘ এই আরবান হাইওয়েতে পরিবেশবান্ধব যাতায়াত নিশ্চিত করতে এবং দুবাইয়ের নাগরিকদের জীবনমান উন্নয়নে স্মার্ট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। দ্য লুপ নামের এই ভবিষ্যৎমুখী প্রকল্প গাড়িকেন্দ্রিক অবকাঠামো থেকে বেরিয়ে এসে মানুষের স্বাচ্ছন্দ্য ও পরিবেশবান্ধব প্রযুক্তির এক অনন্য মিশেল হিসেবে তৈরি করা হচ্ছে। এই বহুমুখী প্রযুক্তির সমন্বয় দ্য লুপকে শুধু একটি টেকসই যাতায়াতব্যবস্থাই নয়, বরং বিশ্বের অন্যতম স্মার্ট অবকাঠামো হিসেবে প্রতিষ্ঠা করবে বলে ধারণা বিশেষজ্ঞদের।
এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছে ইলন মাস্কের প্রতিষ্ঠান দ্য বোরিং কোম্পানি। চলতি বছরের এপ্রিল পর্যন্ত এই প্রকল্পের আপডেটে জানানো হয়েছে, প্রকল্পটির জন্য প্রিকাস্ট কংক্রিট সেগমেন্ট উৎপাদন শুরু হয়েছে। প্রথম পর্যায়ে ৬ দশমিক ৪ কিলোমিটার টানেল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা ডাউন টাউন দুবাই এবং ডিআইএফসি এলাকাকে সংযুক্ত করবে। এ বছরের শেষের দিকে প্রকল্পটির কাজ পুরোদমে শুরু হওয়ার কথা রয়েছে।
দ্য লুপে যেসব প্রযুক্তি থাকছে
- কাইনেটিক এনার্জি ফ্লোরিং: এই প্রকল্পের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো, এর রানিং ট্র্যাকে ব্যবহৃত কাইনেটিক পেভিং প্রযুক্তি। মানুষের পায়ের প্রতিটি পদক্ষেপ থেকে এখানে বিদ্যুৎ উৎপন্ন হবে। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন জেনারেটর ব্যবহার করে এই প্রযুক্তি কাজ করে। এখানে মানুষের পায়ের ওজনে যান্ত্রিক স্থানচ্যুতি ঘটে এবং তা ব্যবহারযোগ্য বিদ্যুৎশক্তিতে রূপান্তরিত হয়।
রিসাইকেলড ম্যাটেরিয়াল: কাইনেটিক এনার্জি উৎপাদনকারী এই ফ্লোরগুলো তৈরি করা হয়েছে পুরোনো গাড়ির টায়ার রিসাইকেল করে। এই বিশেষ ফ্লোরিং নমনীয় হওয়ায় পা রাখলে সামান্য দেবে যায় এবং শক্তি উৎপাদন করে।
- রিয়েল-টাইম ডেটা সেন্সর: ফ্লোরিংয়ের সঙ্গে বিশেষ সেন্সর যুক্ত করা হয়েছে। এটি রিয়েল টাইমে প্রতিদিন কতজন মানুষ যাতায়াত করছে এবং এ থেকে কী পরিমাণ শক্তি উৎপন্ন হচ্ছে, সেই সংক্রান্ত তথ্য জানাবে।
- জলবায়ু নিয়ন্ত্রণ প্রযুক্তি: দুবাইয়ের আবহাওয়ায় হাঁটা বা সাইকেল চালানোকে বছরব্যাপী আরামদায়ক করে তুলতে পারবে এই টানেল। এর পুরো ৯৩ কিলোমিটার পথকে একটি নির্দিষ্ট জলবায়ু-নিয়ন্ত্রিত পরিবেশ কিংবা আবহাওয়া-নিয়ন্ত্রিত গণ্ডির মধ্যে রাখা হবে।
- টেকসই সেচব্যবস্থা: এই প্রকল্পের সবুজায়ন ও বৃক্ষরোপণ করার জন্য শতভাগ রিসাইকেলড পানি বা পুনঃপ্রক্রিয়াজাত পানি সেচকাজে ব্যবহার করা হবে।
- খাদ্যনিরাপত্তা ও উৎপাদন প্রযুক্তি: দ্য লুপের সঙ্গে ভার্টিক্যাল ফার্ম বা উল্লম্ব খামার প্রযুক্তি ইন্টিগ্রেট করা হয়েছে। এটি শহরের খাদ্যনিরাপত্তা বৃদ্ধিতে সহায়তা করবে।
- দ্য লুপ অ্যাপ: ডিজিটাল প্রযুক্তির অংশ হিসেবে প্রকল্পটির নিজস্ব অ্যাপ থাকবে। বাসিন্দারা দৈনিক কতটুকু পথ সাইকেলে বা হেঁটে পার হলেন, তার ওপর ভিত্তি করে এই অ্যাপের মাধ্যমে রিওয়ার্ড বা পুরস্কার দেওয়া হবে। এই ধরনের অনুপ্রেরণা নাগরিকদের টেকসই যাতায়াতব্যবস্থায় উৎসাহিত করবে।
- নবায়নযোগ্য শক্তি: পুরো প্রকল্পটি শতভাগ নবায়নযোগ্য শক্তি দিয়ে পরিচালিত হবে। সেখানে কাইনেটিক পাওয়ারের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ গ্রিডে যোগ হবে।
সূত্র: ইউআরবি, দ্য বোরিং কোম্পানি