হোম > প্রযুক্তি

সবাইকে খুশি নয়, বরং বিতর্ক উসকে দেবে জাগুয়ারের নতুন বৈদ্যুতিক গাড়ি

আজকের পত্রিকা ডেস্ক­

জাগুয়ারের নতুন বৈদ্যুতিক গাড়ি ‘টাইপ ০১ ’। ছবি: দ্য ন্যাশনাল

জাগুয়ার ফিরেছে—দৃঢ় কণ্ঠে এমন ঘোষণাই দিলেন ব্রিটিশ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রডন গ্লোভার। প্রতিষ্ঠানটির নতুন সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি ‘টাইপ ০১’ নিয়ে তাঁর প্রত্যাশা স্পষ্ট। তবে এটি বাজারে আসার আগেই তৈরি হয়েছে বিতর্ক। এর ব্যতিক্রমী নকশা দেখে কেউ মুগ্ধ, কেউ আবার হতাশ। গ্লোভার অবশ্য বলছেন, সবাইকে খুশি করা তাঁদের লক্ষ্য নয়। বরং নতুন নকশার মাধ্যমে জাগুয়ারকে নতুন করে পরিচিত করতে চান তাঁরা।

দুই বছর আগে ‘টাইপ ০০’ নামের একটি ধারণাভিত্তিক গাড়ি উন্মোচন করেছিল জাগুয়ার। তখন থেকেই সমালোচনার শুরু। অনেকে মনে করেন, গাড়িটির নকশায় জাগুয়ারের ঐতিহ্য হারিয়ে গেছে। দেখতে অনেকটা মহাকাশযানের মতো এই গাড়ি প্রচলিত জাগুয়ারের চেহারা থেকে একেবারেই আলাদা। প্রতিষ্ঠানটির প্রচারণাতেও ছিল নতুনত্ব। গোলাপি গাড়ি এবং আধুনিক পোশাক ও চুলের সাজে মডেলদের উপস্থিতি পুরোনো ভাবমূর্তি থেকে সরে আসারই ইঙ্গিত দিচ্ছিল।

জাগুয়ারের দাবি, তাদের আধুনিক ক্রেতারা হবেন তুলনামূলক তরুণ, শহুরে ও বিত্তবান। তাঁরা এমন গাড়ি চান, যা তাঁদের ব্যক্তিত্ব প্রকাশ করবে এবং সবার গাড়ি থেকে আলাদা হবে। এ কারণেই পুরোনো গ্রাহকদের পাশাপাশি নতুন ক্রেতাদের আকৃষ্ট করতে চায় প্রতিষ্ঠানটি।

জাগুয়ারের বৈশ্বিক বিপণন বিভাগের প্রধান কার্লি হার্ডাকার জানান, নতুন গাড়িটির দাম শুরু হবে প্রায় ১ লাখ ৩০ হাজার পাউন্ড থেকে, যা প্রায় ১ লাখ ৭৪ হাজার ডলারের সমান। বেশি দামের এই গাড়ির মাধ্যমে প্রতিষ্ঠানটি কমসংখ্যক গাড়ি তৈরি করে বিলাসবহুল বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে চায়।

হার্ডাকার বলেন, ৬৫ বছর আগে জাগুয়ারের বিখ্যাত ই-টাইপ গাড়ি বাজারে আসার পরও অনেকে এর নকশার সমালোচনা করেছিলেন। অন্যদিকে ফেরারি প্রতিষ্ঠাতা এনজো ফেরারি গাড়িটিকে বিশ্বের সবচেয়ে সুন্দর গাড়ি বলে প্রশংসা করেছিলেন। তাঁর মতে, এমন গাড়ি তৈরি করা উচিত নয়, যেটিকে সবাই মোটামুটি ভালো বলবে, কিন্তু কেনার আগ্রহ দেখাবে না।

প্রতিষ্ঠানটির দাবি, প্রায় পাঁচ হাজার সম্ভাব্য ক্রেতার ওপর চালানো জরিপে ‘টাইপ ০১’ সবচেয়ে বেশি এক এবং ১০ নম্বর পেয়েছে। অর্থাৎ, গাড়িটি নিয়ে মানুষের মধ্যে তীব্র মতভেদ রয়েছে। কেউ একে একেবারেই পছন্দ করেননি, আবার কেউ কিনতে আগ্রহী হয়েছেন।

প্রায় ছয় বছর ধরে তৈরি গাড়িটিতে রয়েছে এক হাজারের বেশি হর্সপাওয়ার। জাগুয়ারের দাবি, এটি তাদের সবচেয়ে দ্রুতগতির ও বায়ুর বাধা মোকাবিলায় সবচেয়ে দক্ষ গাড়ি। এর উন্নয়নে প্রায় ৩৬০টি নতুন পেটেন্টের আবেদন করা হয়েছে।

গাড়িটির মিনিমালিস্ট ইন্টেরিয়রে প্রথাগত চামড়া ও কাঠের পরিবর্তে রয়েছে ভাস্কর্যসদৃশ আসন এবং উদ্ভাবনী টেক্সটাইল ফিনিশ। ছবি: জাগুয়ার

গাড়িটির নকশায় যেমন নতুনত্ব রয়েছে, তেমনি রয়েছে বিশেষ প্রকৌশল। সাধারণ বৈদ্যুতিক গাড়িতে ব্যাটারি মূলত যাত্রীদের আসনের নিচে থাকে। কিন্তু ‘টাইপ ০১’-এ ব্যাটারির একটি অংশ সামনের দিকে রাখা হয়েছে। এতে গাড়ির ওজনের ভারসাম্য বজায় রাখা, চলার দূরত্ব বাড়ানো এবং পেছনের যাত্রীদের জন্য বেশি জায়গা রাখার সুবিধা হয়েছে। গাড়িটিতে ২৩ ইঞ্চি চাকা এবং সংঘর্ষের সময় আঘাত সামলানোর জন্য বিশেষ কাঠামোও রয়েছে।

বাইরের নকশায় সরু হেডলাইট, পেছনে গ্রিলের মতো নকশা এবং বিশেষ টেইললাইট ব্যবহার করা হয়েছে। ভেতরে চামড়া ও কাঠের বদলে ব্যবহার করা হয়েছে হালকা ও মজবুত বিশেষ কাপড়। আসনগুলোর নকশাও আধুনিক আসবাবের মতো।

গাড়িটির নকশাবিদ আলেক্সেই আন্দ্রেয়েভের মতে, প্রথম দেখায় মানুষের অস্বস্তি হওয়া অস্বাভাবিক নয়। কারণ, তাঁরা আগে এমন গাড়ি দেখেননি।

তবে জাগুয়ারের জন্য এই নতুন কৌশল বড় পরীক্ষা। চীনা গাড়ি নির্মাতাদের প্রতিযোগিতা ও বাণিজ্য শুল্কের মতো চ্যালেঞ্জও রয়েছে। নতুন নকশা প্রতিষ্ঠানটিকে বিলাসবহুল গাড়ির বাজারে এগিয়ে নেবে, নাকি আরও সংকটে ফেলবে, তা নির্ভর করবে ক্রেতাদের প্রতিক্রিয়ার ওপর। আপাতত গ্লোভারের ঘোষণা, ‘জাগুয়ার ফিরেছে।’

২০ বছর আগে চুরি যাওয়া শিল্পকর্ম উদ্ধার করে দিল এআই

মানুষের নীতি বলে কিছু নেই—মানবজাতি নিয়ে মত দিল ১৪টি এআই মডেল

জৈব অস্ত্র থেকে ব্ল্যাকমেল—অ্যানথ্রপিকের ১০০ পাতার ঝুঁকিতালিকায় যা যা আছে

ফোল্ডেবল আইফোনের হাইপ কি শেষ, দাগ পড়ছে স্ক্রিনে

৬০ হাজার কর্মীকে ‘স্বেচ্ছায় পদত্যাগে’র সুযোগ দিচ্ছে মাইক্রোসফট

সাইবার আক্রমণের বৈশ্বিক চিত্র, কতটা সুরক্ষিত আমাদের সাইবার দুনিয়া

সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ আনুন নিজের হাতে

কৃত্রিম বুদ্ধিমত্তার চেতনাসম্পন্ন হওয়া নিয়ে বিতর্ক

প্রযুক্তিবিশ্বে যে উদ্যোগগুলো মুখ থুবড়ে পড়েছে

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু