ধরুন, সকাল সকাল ঘুম ভেঙে গেল। ফোনটা হাতে নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকেই একটানা স্ক্রল করছেন। স্ক্রিনে ভেসে উঠছে এমন সব ভিডিও, যা হয়তো আপনি এখন আর দেখতেই চান না। সকালের শুরুটা ঠিক তখনই বিরক্তিতে ভরে যাবে। হয়তো আপনার অফিসে নিয়ে যাওয়ার ব্যাগটা পরিবর্তন করবেন, কিংবা কাউকে কোনো উপহার দেবেন, সেটা নিয়ে কিছু সার্চ করেছিলেন। ব্যস, নিউজ ফিড ভরে উঠবে সেই জিনিসপত্রের ভিডিও দিয়ে। আপনার হয়তো সেই ব্যাগও কেনা হয়ে গেছে, সেই গিফটও দেওয়া শেষ। এরপরও সেই জিনিসের ভিডিও দিয়ে ভরে উঠেছে আপনার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলো। জীবনের আগ্রহ বা অগ্রাধিকার প্রতিনিয়ত বদলায়। অথচ সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদমগুলো এত দিন পুরোনো অভ্যাস আঁকড়ে ধরেই ব্যবহারকারীদের ওপর তথ্যের পাহাড় চাপিয়ে দিত।
তবে স্বস্তির খবর হলো, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক বা ইউটিউবের মতো বিশ্বখ্যাত প্ল্যাটফর্মগুলো এখন তাদের অ্যালগরিদমের লাগাম ব্যবহারকারীদের হাতেই তুলে দিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ওপর একচ্ছত্র নির্ভরতা কমিয়ে ব্যবহারকারী নিজেই ঠিক করতে পারবেন তিনি কী দেখতে চান আর কী এড়াতে চান। আর তাই যুক্ত করা হয়েছে নতুন সব ফিচার।
মেটা নিয়ে এসেছে ইওর অ্যালগরিদম সুবিধা। এর মাধ্যমে অ্যাপটি আপনার পছন্দ সম্পর্কে কী ভাবছে তা যেমন দেখা যায়, তেমনি অপ্রয়োজনীয় বিষয় তালিকা থেকে বাদও দেওয়া যায়।
» রিলস/এক্সপ্লোর থেকে: রিলস বা এক্সপ্লোর ট্যাবে গিয়ে ওপরে ডান পাশে থাকা ইওর অ্যালগরিদম আইকনে ক্লিক করুন। সেখানে ইনস্টাগ্রামের ধারণা করা বিষয়গুলোর তালিকা দেখতে পাবেন। পছন্দ অনুযায়ী নতুন বিষয় যোগ করুন বা পুরোনো বিষয় সরিয়ে দিন।
» প্রোফাইল থেকে: প্রোফাইলে গিয়ে ওপরে ডান কোনায় থাকা মেনু অপশনে ট্যাপ করুন। কনটেন্ট প্রেফারেন্সেসে গিয়ে নির্দিষ্ট বিষয় টিউন করুন। একবারে সব মুছে নতুন করে শুরু করতে রিসেট সাজেসটেড কনটেন্ট অপশন ব্যবহার করতে পারেন।
» পোস্টের লেবেল: কোনো পোস্টের ওপর যেমন ফ্রম রানিং লেখা থাকলে সেখানে ক্লিক করে সেই বিষয়বস্তু বেশি বা কম দেখার নির্দেশ দিন।
টিকটকে একঘেয়ে বা অপছন্দের ভিডিও এড়াতে ম্যানেজ টপিকস এবং স্মার্ট কিওয়ার্ড ফিল্টারিং ফিচার দুটি দারুণ কাজ করে।
» সেটিংস থেকে: প্রোফাইলে গিয়ে ডান ওপরের মেনু () থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যান। এরপর কনটেন্ট প্রেফারেন্সেস থেকে ম্যানেজ টপিকসে ট্যাপ করে স্লাইডার ঘুরিয়ে কোনো বিষয়ের উপস্থিতি বাড়িয়ে বা কমিয়ে নিন।
» ফর ইউ ফিড থেকে সরাসরি: পছন্দের বা অপছন্দের কোনো ভিডিও চলাকালীন শেয়ার বাটনে ক্লিক করে হোয়াই দিস ভিডিও নির্বাচন করুন। এরপর অ্যাডজাস্ট ইওর ফর ইউ থেকে সরাসরি ম্যানেজ টপিকসে গিয়ে কাস্টমাইজ করুন।
» কিওয়ার্ড ব্লক: নির্দিষ্ট কোনো বিষয়ের শব্দ বা হ্যাশট্যাগ ব্লক করতে টিকটকের স্মার্ট কিওয়ার্ড ফিল্টারিং ব্যবহার করুন, যা সেই সম্পর্কিত সব ভিডিও আপনার ফিড থেকে লুকিয়ে ফেলবে।
ইউটিউব এখন ব্যবহারকারীদের নিজস্ব পছন্দের কাস্টম ট্যাব তৈরির সুযোগ দিচ্ছে।
» ইউটিউব অ্যাপ বা ওয়েবসাইট খুলে হোম ট্যাবে যান।
» ফিড বারের ওপরে থাকা ইওর কাস্টম ফিড বা প্লাস বাটনে ট্যাপ করুন।
» সাজেস্টেড প্রম্পটস থেকে বেছে নিন অথবা টেল আস ইন ইওর ওন ওয়ার্ডস ঘরে নিজের ভাষায় লিখে দিন আপনি কেমন ভিডিও দেখতে চান।
» সাবমিট করলেই তৈরি হয়ে যাবে আপনার নিজস্ব কাস্টম ট্যাব। বিনা মূল্যে সর্বোচ্চ ৩টি এবং প্রিমিয়াম ব্যবহারকারীরা ৮টি কাস্টম ট্যাব রাখতে পারবেন।
সূত্র: সিএনএন, মেটা, টিকটক