জনপ্রিয় অনলাইন গ্রাফিকস প্ল্যাটফর্ম ক্যানভা বড় ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। এতে প্রতিষ্ঠানটির ২২ শতাংশ কর্মী প্রভাবিত হবেন বলে বিবিসির প্রতিবেদনে জানা গেছে।
অস্ট্রেলিয়ার অন্যতম পরিচিত স্টার্টআপটির সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেলানি পারকিনস বলেন, তাঁদের ১৩ বছরের ইতিহাসে এটি ‘নিঃসন্দেহে সবচেয়ে কঠিন মুহূর্ত’।
তিনি আরও জানান, মোট ১ হাজার ২৭১ জন কর্মী চাকরি হারাবেন, তাঁদের অন্য স্থানে চলে যেতে বলা হবে অথবা দায়িত্ব পরিবর্তন করতে হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাব নিয়ে উদ্বেগ এবং নিজেদের প্ল্যাটফর্মে এই প্রযুক্তি যুক্ত করার ব্যয়ের কারণে গত এক বছরে ক্যানভার বাজারমূল্য কমেছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।
কর্মীদের উদ্দেশে লেখা এক বার্তায় পারকিনস বলেন, ‘এ বছর এখন পর্যন্ত আমাদের জন্য সবচেয়ে কঠিন সময় গেছে। এ বছরের শুরুতেই আমরা জানিয়েছিলাম, এক দশকের মধ্যে প্রথমবারের মতো আমাদের প্রবৃদ্ধির গতি কমেছে।’
তিনি আরও বলেন, ‘অত্যন্ত কঠিন একটি সিদ্ধান্তের’ কারণে প্রতিষ্ঠানে ‘উল্লেখযোগ্য পরিবর্তন’ আনতে হচ্ছে।
পারকিনসের ভাষায়, ‘কিছু কর্মীর ক্ষেত্রে এর অর্থ হবে তাঁদের দায়িত্বে পরিবর্তন আনা অথবা কেন্দ্রীয় কার্যালয়গুলোতে স্থানান্তরিত হওয়ার অনুরোধ জানানো। দুঃখজনকভাবে, এর অর্থ এমন সহকর্মী ও বন্ধুদের বিদায় জানানো, যাঁরা ক্যানভাকে আজকের অবস্থানে নিয়ে আসতে সহায়তা করেছেন।’
৩৭টি দেশে কর্মী রয়েছে ক্যানভার। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের আরও বেশি পণ্য উন্নয়ন দলের প্রধান কর্মস্থল হবে অস্ট্রেলিয়ার সিডনি। আগামী বছর থেকে হাইব্রিড পদ্ধতিতে কাজ করা কর্মীদের সপ্তাহে দুই থেকে তিন দিন অফিসে উপস্থিত থাকতে হবে।
চলতি বছরের শুরুতে ক্যানভার দুই বিনিয়োগকারী প্রতিষ্ঠান ব্ল্যাকবার্ড ভেঞ্চারস ও এয়ারট্রি প্রতিষ্ঠানটির মূল্যায়ন কমিয়েছে বলে খবর প্রকাশিত হয়। গত বছরের শেষ দিকে ক্যানভার মূল্যায়ন ছিল ৬ হাজার কোটি অস্ট্রেলীয় ডলার (৪১৮০ কোটি মার্কিন ডলার)। পরে তা কমিয়ে প্রায় ৪ হাজার ৯০০ কোটি অস্ট্রেলীয় ডলারে নামানো হয়।
নতুন পণ্য বাজারে আনার সঙ্গে সম্পর্কিত এআই প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যয়ের কারণে ক্যানভা নিজেও অভ্যন্তরীণভাবে প্রতিষ্ঠানের মূল্যায়ন কমিয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।
বুধবার কর্মীদের উদ্দেশে লেখা বার্তায় পারকিনস বলেন, ‘নতুন প্রযুক্তি মানুষ কী তৈরি করতে পারে, কীভাবে তৈরি করে এবং তারা যেসব পণ্য ব্যবহার করে সেগুলোর কাছে কী প্রত্যাশা করে—সবকিছু বদলে দিচ্ছে।’
১৯ বছর বয়সে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা ছেড়ে নিজের প্রথম উদ্যোগ শুরু করেছিলেন পারকিনস। ২০১৩ সালে তিনি ক্যানভা প্রতিষ্ঠা করেন।
ক্যানভা এমন একটি অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে নানা ধরনের টেমপ্লেট ও নকশার সরঞ্জাম রয়েছে। প্রযুক্তিগত দক্ষতা কিংবা নকশা বিষয়ে পূর্ব অভিজ্ঞতা না থাকলেও ব্যবহারকারীরা এগুলো দিয়ে পেশাদার মানের গ্রাফিকস ও উপস্থাপনা তৈরি করতে পারেন। বিয়ের আমন্ত্রণপত্র থেকে শুরু করে ব্যবসায়িক প্রস্তাব উপস্থাপনার স্লাইড—বিভিন্ন ধরনের নকশা তৈরির সুযোগ দেয় প্ল্যাটফর্মটি।