৫ জুন ইউরোপের মাটিতে প্রথমবারের মতো কোনো ইউরোপীয় দলের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। প্রতিপক্ষ ফিফা র্যাংকিংয়ের একেবারে তলানিতে থাকা সান মারিনো। এই প্রীতি ম্যাচকে সামনে রেখে নতুন প্রধান কোচ টমাস ডুলির অধীনে নিজেদের প্রস্তুত করছেন জামালরা। দলের ভেতরে এখন বইছে পরিবর্তনের হাওয়া, যার কেন্দ্রে রয়েছে কোচের নতুন ফুটবল দর্শন এবং খেলোয়াড়দের মানসিকতায় বদল আনার প্রচেষ্টা।
নতুন কোচ টমাস ডুলির বার্তা একেবারেই পরিষ্কার—র্যাংকিংয়ে ২১১ নম্বরে থাকা সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের হারার কোনো সুযোগ নেই। তিনি খেলোয়াড়দের মনে এই চাপটুকু দিতে চান যাতে তারা নিজেদের প্রমাণ করতে পারে। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ সংবাদ সম্মেলনে ডুলি বলেন, ‘আমাদের দেখাতে হবে তাদের এবং আমাদের মধ্যে পার্থক্য কোথায়। তারা কেন সবার শেষে এবং আমরা কেন নই, সেটা আমাদের প্রমাণ করতে হবে।’
তবে সান মারিনো ফুটবলারদের উচ্চতা ও সেট পিসে সক্ষমতা নিয়ে বেশ সতর্ক ডুলি। তিনি চান দল মাটি কামড়ে পাসিং ফুটবল খেলুক। ৪-২-৩-১ ছকে পজেশন ধরে রেখে ফুটবল খেলার ওপর জোর দিচ্ছেন তিনি। ডুলি বলেন, ‘আমি ফুটবলের পেছনে দৌড়াতে চাই না, আমি ফুটবল খেলতে চাই। আমাদের পাসিং এবং রিসিভিং নিখুঁত হতে হবে।’
কোচের এই নতুন দর্শনে বেশ আশাবাদী বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। কোচের সঙ্গে দলের চমৎকার যোগাযোগ হচ্ছে জানিয়ে জামাল বলেন, ‘উনি অনেক চেষ্টা করছেন। নিয়মিত মিটিং করছেন, ব্যক্তিগতভাবে ওয়ান-টু-ওয়ান কথা বলছেন। মাঠে তিনি আসলে কী চান, তা পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছেন।’ খেলোয়াড়দের ভুল শুধরে দিতে ভিডিও অ্যানালাইসিসের দারুণ ব্যবহার করছেন ডুলি। জামাল এ প্রসঙ্গে বলেন, ‘আমরা কীভাবে সিলি গোল হজম করছি, উনি অ্যানালাইসিস দিয়ে সেটা দেখাচ্ছেন। উনি পাসিং খুব পছন্দ করেন। আমরা কীভাবে প্রেসিং উন্নত করতে পারি, সেটা নিয়ে কাজ করছেন। উনি নিজে একজন ডিফেন্ডার ছিলেন, তাই রক্ষণ নিয়ে তাঁর অগাধ জ্ঞান আমাদের দারুণ কাজে দিচ্ছে।’
সব মিলিয়ে নতুন কোচের অধীনে একটি নতুন শুরুর অপেক্ষায় বাংলাদেশ দল। ইউরোপের মাটিতে প্রথম ম্যাচ নিয়ে খেলোয়াড়দের মধ্যে রয়েছে বাড়তি রোমাঞ্চ। অধিনায়ক জামাল ভূঁইয়া দলের লক্ষ্য সম্পর্কে বলেন, ‘সবকিছুই নতুন, নতুন শুরু। আমি আমার সেরাটা দেব। অবশ্যই আমরা সামনের ম্যাচ জিততে চাই, কারণ প্রথমবারের মতো আমরা ইউরোপে খেলতে যাচ্ছি। আর কোচেরও এটি প্রথম ম্যাচ। তাই কোচের জন্যও আমাদের জিততে হবে।’
আগামীকাল রাতের ফ্লাইটে ইতালির রোম হয়ে সান মারিনোর উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। হামজা চৌধুরী, শমিত শোম ও জায়ান আহমেদ দলের সঙ্গে যোগ দেবেন ২ জুন।