২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হয়ে গেছে গত রাতেই। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মাঠে নামবে আরও পড়ে। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে থেকেই আর্জেন্টিনা দল পরিণত হয়েছে ছোটখাট এক হাসপাতালে। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরুর পরও দুশ্চিন্তা তাই কাটেনি।
নিকোলাস তালিয়াফিকো ও নিকোলাস গঞ্জালেসের চোট কোচ আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিকে অনেক বেশি দুশ্চিন্তায় ফেলেছে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তের গত রাতের এক প্রতিবেদন থেকে জানা গেছে, বাঁ পায়ে তাঁর হালকা চোটের কারণে আর্জেন্টিনার প্রথম দুই ম্যাচে নাও খেলতে পারেন। এদিকে গঞ্জালেসের মাংসপেশি ছিঁড়ে গেছে। আইসল্যান্ডের বিপক্ষে গত পরশু খেলার পরও তিনি অস্বস্তি বোধ করেছেন।
হন্ডুরাসের বিপক্ষে ৭ জুন প্রস্তুতি ম্যাচে প্রথম একাদশে খেলেছিলেন তালিয়াফিকো। সে দিনই মাংসপেশিতে চোট পেয়েছিলেন। যাঁর ফলে আইসল্যান্ডের বিপক্ষে তিনি খেলতেই পারেননি। এদিকে ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। আগামী কয়েক ঘণ্টার মধ্যে তাঁর শারীরিক অবস্থা মূল্যায়ন করে দেখা হবে। আর গঞ্জালেসের মাংসপেশির ওপর মাত্রাতিরিক্ত চাপ পড়েছে। পরশু তাই তিনি আলাদাভাবে অনুশীলন করেছেন।
গঞ্জালেস-তালিয়াফিকোর কারও অবশ্য বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কা নেই। তবু পুরোপুরি ফিট না হলে একটা দুশ্চিন্তা তো থাকেই। এদিকে লিওনার্দো বালের্দি ছিটকে গেছেন বিশ্বকাপ থেকে। তাঁর পরিবর্তে ডাক পেয়েছেন মার্কোস সেনেসি।
গত রাতে আসতেকা স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়েছে মেক্সিকো। আর্জেন্টিনা নামবে শিরোপা ধরে রাখার অভিযানে। ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আলবিসেলেস্তেরা বিশ্বকাপ ধরে রাখার অভিযান শুরু করবে। ২২ ও ২৮ জুন গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান। ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে ফাইনাল।