হোম > খেলা > ফুটবল

মেসি ও তাঁর স্ত্রীকে বেনিন দলের বিশেষ উপহার

ক্রীড়া ডেস্ক    

লিওনেল মেসি ও তাঁর স্ত্রীকে বিশেষ উপহার দিয়েছে বেনিন ফুটবল দল। ছবি: এএফপি

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির অধ্যায় শেষ হয়েছে মাত্র কয়েক ঘণ্টা আগে। ৩৭ দিন আগে সামাজিক মাধ্যমে ঘোষণা দিলেও আজ ঘরের মাঠে দর্শকদের সামনে থেকে বিদায় নিয়েছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার। বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত আর্জেন্টিনা-বেনিন ম্যাচটার তাৎপর্য তাই বলে শেষ করা যাবে না। প্রতিপক্ষ দলের কাছ থেকে আর্জেন্টাইন তারকা বিশেষ উপহারও পেয়েছেন।

বিদায়ী ম্যাচ উপলক্ষে মেসি ও তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোকে বিশেষ উপহার দেওয়া হয়েছে বেনিন ফুটবল দলের পক্ষ থেকে। বেনিন মিডফিল্ডার সেসি দি আলমেদা আজ মাঠেই মেসির এই তারকার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। আর্জেন্টিনার তারকা ফুটবলারকে উপহার দেন দাহোমের অ্যামাজনের একটি ক্ষুদ্র প্রতিকৃতি।

মেসিকে বোঝাতে স্প্যানিশ ভাষায় অ্যামাজনের প্রতিকৃতি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন দি আলমেদা। আর্জেন্টিনার ফুটবলারের কাছে উপহার দেওয়ার পর বেনিন মিডফিল্ডার বলেন, ‘এটি অ্যামাজনের এক প্রতিকৃতি। এই উপহার আপনার স্ত্রীর জন্য। কারণ, বেনিনে বিশ্বাস করা হয়, এটি মহান শক্তির প্রতীক।’ এখানেই শেষ নয়। পরে বেনিন দল মেসিকে একটি গোলাপ, ম্যাচের আগে জাতীয় দলগুলোর মধ্যে প্রচলিত সেই ঐতিহ্যবাহী পেন্যান্ট এবং সবশেষে ফুটবলারদের পক্ষ থেকে মেসিকে হাতে লেখা একটা চিঠি উপহার দেন।

সব উপহার হাতে নিয়ে মেসি রেফারিদের সঙ্গে দুই অধিনায়কের ঐতিহ্যবাহী ছবির জন্য দাঁড়ান। তারপরই শুরু হয় আর্জেন্টিনা-বেনিন ম্যাচ। এবার জেনে যাওয়া যাক এই অ্যামাজন আসলে কী। যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক কোম্পানি অ্যামাজন নয়। এই অ্যামাজনরা ছিল সম্পূর্ণ নারীদের নিয়ে গঠিত একটি সেনাবাহিনী, যাদের প্রধান দায়িত্ব ছিল দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। তারা রাজ্যের হয়ে বহু যুদ্ধে লড়াই করেছে, এমনকি ফ্রান্সের বিরুদ্ধেও যুদ্ধ করেছে। তারা বিশেষভাবে সাহসী, নির্ভীক ও দুর্ধর্ষ যোদ্ধা হিসেবে পরিচিত ছিল।

আর্জেন্টিনা-বেনিন ম্যাচের শেষ বাঁশি বাজতেই আজ শেষ হয় মেসির আন্তর্জাতিক ফুটবলের ২১ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার। বিদায়ী ভাষণ দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন স্বয়ং মেসি। আবেগ সামলে দীর্ঘ বক্তব্য দিয়েছেন আর্জেন্টিনার ৩৯ বছর বয়সী ফুটবলার। কোচ লিওনেল স্কালোনি, এনসো ফের্নান্দেসকেও কাঁদতে দেখা গেছে।

মেসির সঙ্গে ২০২২ ফুটবল বিশ্বকাপ, ২০২৪ কোপা আমেরিকা জয়ের স্মৃতি রয়েছে ফের্নান্দেসের। আজ দর্শকপূর্ণ স্টেডিয়ামে তারকা ফুটবলারের বিদায়ী ম্যাচ শেষে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ফের্নান্দেস। ২৫ বছর বয়সী আর্জেন্টাইন মিডফিল্ডার বলেন, ‘আসলেই দিনটা খুব আবেগঘন। আশা করছি, লিও এই রাতটা উপভোগ করছেন। তাঁকে খুব মিস করব আমরা।’

বিদায়ী ম্যাচে দলের তিনটি গোলেই অবদান রেখেছেন মেসি। নিকো পাস, নিকোলাস ওতামেন্দিকে দিয়ে গোল করিয়েছেন। ৭১ মিনিটে পেনাল্টি থেকে করেন গোল। তাঁর বিদায়ী ভাষণ লিওনেল স্কালোনিসহ মনুমেন্তালের দর্শকেরা মন্ত্রমুগ্ধের মতো শুনেছেন। ফের্নান্দেসসহ কয়েক জন ফুটবলারের চোখে দেখা গেছে অশ্রু। আতশবাজি আর মেসিকে ঘিরে নাচানাচিতে হয়ে গেল তাঁর বিদায়। মেসির মতো ওতামেন্দিও আজ আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন। বন্ধু মেসির বিদায়ী ম্যাচে আবেগঘন বার্তা দিয়েছেন আনহেল দি মারিয়াও।