হোম > খেলা > ফুটবল

মেসির ‘দুর্ঘটনা’ মাথায় রেখেই কলকাতায় ব্রাজিলের সাবেক সেনা কর্মকর্তারা

ক্রীড়া ডেস্ক    

গত বছর মেসির কলকাতা সফরে হয়েছিল ঝামেলা। সেই ধারণা থেকেই সতর্ক হয়ে আসছে ব্রাজিল। ছবি: সংগৃহীত

লিওনেল মেসির কলকাতা সফরের এক বছরও হয়নি। এবার পশ্চিমবঙ্গের রাজধানী শহরে আসছে ব্রাজিল। প্রীতি ম্যাচ খেলতে এলেও কার্লো আনচেলত্তির দল বুঝে যায়নি গত বছর মেসির আগমনকে কেন্দ্র করে কলকাতায় কী ঘটেছিল। সেভাবেই আঁটঘাঁট বেঁধে এসেছে সেলেসাওরা।

সল্টলেকের যুব ভারতী স্টেডিয়ামে শনিবার প্রীতি ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল-ভারত। তার আগে দলের সদস্যদের নিরাপত্তাব্যবস্থা বাড়াতে ব্রাজিলের আট সদস্যের একটি নিরাপত্তা প্রতিনিধি দল গতকাল কলকাতায় এসেছে। প্রতিনিধি দলে নিরাপত্তা বিশেষজ্ঞ, সাবেক সেনা কর্মকর্তারা আছেন। তাঁদের কলকাতায় পৌঁছানোর খবর নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে ব্রাজিলের নিরাপত্তা বাড়ানোর খবর সূত্রের বরাতে গতকাল দিয়েছে টাইমস অব ইন্ডিয়া। ভারতের সংবাদমাধ্যমটি সূত্রের বরাতে লিখেছে, ‘ব্রাজিলের এই প্রতিনিধি দলে নিরাপত্তা বিশেষজ্ঞদের পাশাপাশি সাবেক সেনা কর্মকর্তারা থাকবেন। মূল দল পৌঁছানোর আগেই তারা বুধবার ভোরে কলকাতায় আসবেন। খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করা, আন্তর্জাতিক মানদণ্ড ধরে রাখতে পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করাই প্রতিনিধি দলের কাজ।’

ভারত সফরের অংশ হিসেবে গত বছরের ডিসেম্বরে মেসি কলকাতার সল্টলেক স্টেডিয়ামে এসেছিলেন। কিন্তু চরম অব্যবস্থাপনার কারণে মাত্র ২৫ মিনিট পরই তিনি বাধ্য হয়ে স্টেডিয়াম ছেড়ে চলে গিয়েছিলেন। দর্শকেরা ক্ষিপ্ত হয়ে অনেক ভাঙচুর করেছিলেন। তবে কলকাতা সফর বিতর্কিত হলেও হায়দরাবাদ, মুম্বাই, দিল্লি, গুজরাটে নির্বিঘ্নে ঘুরেছিলেন।

ব্রাজিলের পাশাপাশি লাতিন আমেরিকার আরেক দল উরুগুয়ের বিপক্ষে খেলবে ভারত। ৬ অক্টোবর সল্টলেকে হবে ভারত-উরুগুয়ে ম্যাচ। এই দুই ম্যাচ সামনে রেখে যুব ভারতী স্টেডিয়ামের সংস্কারকাজ চলছে পুরোদমে। গ্যালারির স্ট্যান্ডগুলোতে চলছে রংয়ের কাজ। আসন পরিবর্তন করে নম্বর বসানো হচ্ছে নতুন করে। রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর স্টেডিয়ামের সংস্কার কার্যক্রম দেখভাল করছে।

এবারের ফিফা উইন্ডোতে তিন ম্যাচের দুটিই ব্রাজিল খেলেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ২৫ সেপ্টেম্বর কুইনসল্যান্ডের কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামে ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচ ড্র হয়েছিল ১-১ গোলে। যোগ করা সময়ে রায়ানের হেডে দেওয়া গোলে ড্র করেছিল ব্রাজিল। এরপর সানকর্প স্টেডিয়ামে ২৮ সেপ্টেম্বর পিছিয়ে পড়ে ব্রাজিল ৪-২ গোলে হারিয়েছে অস্ট্রেলিয়া। পরশু সল্টলেকে ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে ব্রাজিল-ভারত।