২০২৬ ফুটবল বিশ্বকাপ এখন শেষভাগে এসে পৌঁছেছে। যে বিশ্বকাপের জন্য বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী উন্মুখ হয়ে থাকেন, এক মাস বুঁদ হয়ে থাকে পুরো ফুটবল বিশ্ব, সেটার ইতি ঘটছে রোববার। নিউজার্সিতে হতে যাওয়া এই ফাইনাল ঘিরে জাঁকালো আয়োজনের পরিকল্পনা রয়েছে ফিফার। তবে এমনটা করতে গিয়ে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফুটবলেরই নিয়ম ভাঙছে।
নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে রোববার ফাইনালে হাফটাইমে সুপার বোলের আদলে ১১ মিনিটের বিশেষ সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে সহ-প্রধান শিল্পী হিসেবে থাকবেন ম্যাডোনা, শাকিরা এবং কে-পপ বয় ব্যান্ড বিটিএস। বিশ্বকাপের আয়োজক সংস্থা ফিফার অভ্যন্তরীণ সূত্রের বরাতে জানা গেছে, বিরতি প্রায় ২০ মিনিট হতে পারে। তবে একটি বিকল্প পরিকল্পনা হলো স্বাভাবিক ১৫ মিনিটের হাফটাইম বিরতির পর অতিরিক্ত ১১ মিনিটের বিশেষ সঙ্গীতানুষ্ঠান আয়োজন করা। খেলার আইন প্রণয়নকারী সংস্থা আইএফএবির (ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড) নিয়ম অনুযায়ী ফুটবলাররা সর্বোচ্চ ১৫ মিনিটের হাফটাইম বিরতি পাবেন।
বাংলাদেশ সময় রোববার রাত ১টায় শুরু হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ফাইনাল। গত সপ্তাহে জাস্টিন বিবারকে অনুষ্ঠানের শিল্পীদের তালিকায় যুক্ত করা হয়েছে। প্রধান শিল্পীদের পাশাপাশি বার্না বয়, গুস্তাভো দুদামেল এবং পিএস২২ কোরাসও পরিবেশন করবে। কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন পুরো অনুষ্ঠানটির সৃজনশীল তত্ত্বাবধান (কিউরেশন) করেছেন।
নিউজার্সিতে রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হবে সমাপনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে টম ক্রুজ, লরা পাওসিনি, নিকোল শেরজিঞ্জার, রবি উইলিয়ামস এবং আইশোস্পিড পারফর্ম করবেন। এ ছাড়া জেনিফার হাডসন যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন।
এর আগে বিশ্বকাপের পাঁচ সেমিফাইনাল খেলে প্রত্যেকবারই ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। আজ ষষ্ঠ সেমি খেলতে নামছে আলবিসেলেস্তেরা। তবে ম্যাচের আগে আয়োজক শহর আটালান্টায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস ভক্ত-সমর্থকদের মনে কিছুটা উদ্বেগ তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) জানিয়েছে, জর্জিয়া অঙ্গরাজ্যে বুধবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বিচ্ছিন্নভাবে বজ্রসহ ঝড় আঘাত হানতে পারে। তাদের পূর্বাভাস অনুযায়ী, সবচেয়ে বড় ঝুঁকি বজ্রপাত এবং শহরের কয়েকটি এলাকায় আকস্মিক বন্যা।
এরই মধ্যে ২০২৬ ফুটবল বিশ্বকাপের এক ফাইনালিস্ট নির্ধারিত হয়ে গেছে। ডালাসে গতকাল ফ্রান্সকে ২-০ গোলে হারিয়েছে স্পেন। তাতে স্প্যানিশরা ১৬ বছর পর বিশ্বকাপ ফাইনালে উঠেছে। আজ আটলান্টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-ইংল্যান্ড। বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে গড়াবে এই ম্যাচ।