হোম > খেলা > ফুটবল

ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু সাফ, বাংলাদেশের খেলা কবে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

নভেম্বরে সাফ খেলবে বাংলাদেশ। ছবি: বাফুফে

সাফ চ্যাম্পিয়নশিপের ড্র হয়েছিল গত আগস্টে। তখনই জানা গিয়েছিল, ঘরের মাঠের আসরে বাংলাদেশের গ্রুপসঙ্গী ভুটান ও শ্রীলঙ্কা। এবার জানা গেল, কোন দলের বিপক্ষে কবে মাঠে নামবে বাংলাদেশ।

আজ প্রকাশিত সূচি অনুযায়ী ৫ নভেম্বর ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ অভিযান শুরু করবে বাংলাদেশ। ঢাকায় জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। একই দিন বিকেল সাড়ে ৩টায় অন্য গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।

বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ১১ নভেম্বর। সেদিন রাত ৮টায় শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে স্বাগতিক দল। ‘এ’ গ্রুপের অন্য ম্যাচে ৮ নভেম্বর ভুটানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে থাকা দুই দলের ম্যাচটিও হবে ঢাকায়।

‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে আছে মালদ্বীপ ও পাকিস্তান। ৮ নভেম্বর মালদ্বীপ–পাকিস্তান ম্যাচের পর ১১ নভেম্বর ভারত খেলবে মালদ্বীপের বিপক্ষে। গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে।

১৪ নভেম্বর হবে দুটি সেমিফাইনাল। বিকেল ৩টায় প্রথম সেমিফাইনালে খেলবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ও ‘এ’ গ্রুপের রানার্সআপ। রাত সাড়ে ৮টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ও ‘বি’ গ্রুপের রানার্সআপ। ফাইনাল ১৭ নভেম্বর রাত ৮টায়। টুর্নামেন্টের সব খেলাই হবে জাতীয় স্টেডিয়ামে।

তবে এই সূচি এখনো চূড়ান্ত নয়। ফিফার নিষেধাজ্ঞার কারণে আগস্টের ড্রয়ে নেপালকে রাখা হয়নি। ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিষেধাজ্ঞা উঠে গেলে নেপালও খেলতে পারবে। তাদের রাখা হবে বাংলাদেশের গ্রুপে। সে ক্ষেত্রে নতুন সূচি অনুযায়ী ৪ নভেম্বর থেকে খেলা শুরু হবে।

ঘরের মাঠে সর্বশেষ ২০০৩ সালে সাফের শিরোপা জিতেছিল বাংলাদেশ।