স্বাগতিক বলে কথা। তার ওপর দর্শকদের উচ্ছ্বাস-উন্মাদনা। গোয়ায় ২০২৬ নারী সাফের আয়োজক ভারতের শুরুটা হয়েছে দুর্দান্ত। মালদ্বীপকে স্রেফ তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে স্বাগতিকেরা।
২০২৬ নারী সাফের প্রথম দিনে আজ দুটি ম্যাচ হয়েছে। দুটিই হয়েছে মারগাওয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে। যার মধ্যে মালদ্বীপকে ১১-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে ভারত। এই ভারত-মালদ্বীপের গ্রুপেই (গ্রুপ ‘বি’) পড়েছে বাংলাদেশ। সবশেষ দুইবারের নারী সাফের শিরোপাজয়ী বাংলাদেশ টুর্নামেন্ট শুরু করবে ২৮ মে। সেদিন মালদ্বীপের বিপক্ষে খেলতে নামবেন রূপনা চাকমা-মিলি আক্তার-মারিয়া মান্দারা।
আজ মালদ্বীপের বিপক্ষে চার গোল করেছেন আবেকা সিং। ভারতীয় এই মিডফিল্ডার ৩৪, ৬৬, ৭০ ও ৮৬ মিনিটে গোল চারটি করেছেন। দুটি করে গোল করেছেন কারিশমা শিরভয়কার ও প্রিয়াংকা দেবি নওরেম। ১০ মিনিটে প্রিয়াংকার গোলেই মূলত গোলবন্যার সূচনা। ৮৬ মিনিটে শেষটা করেছেন আবেকা। গ্রেস দাংমেই, পেয়ারি জাজা ও সঙ্গীতা বাসফোরে একটি করে গোল করেছেন।
দিনের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে নেপাল। ম্যাচের একমাত্র গোল ২৮ মিনিটে করেন নেপালি ডিফেন্ডার গীতা রানা। এই গ্রুপের (গ্রুপ ‘এ’) অপর দল শ্রীলঙ্কার সাফ অভিযান শুরু হবে ২৮ মে। মারগাওয়ে লঙ্কানরা খেলতে নামবে ভুটানের বিপক্ষে।
নারী সাফের শিরোপা বাংলাদেশ ও ভারত ভাগাভাগি করে জিতেছে। সর্বোচ্চ পাঁচবার শিরোপা জিতেছে ভারত। তারা প্রথম পাঁচ আসরের পাঁচটিতেই চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ ২০২২ ও ২০২৪ সালে সবশেষ দুইবার চ্যাম্পিয়ন হয়েছে। এই দুইবার তারা জিতেছে নেপালকে হারিয়ে। এবার বাংলাদেশ নামবে হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে।