বিশ্বকাপের শেষ ষোলোয় ব্রাজিলের মুখোমুখি হবে নরওয়ে। ডালাসস্টেডিয়ামে আইভরি কোস্টকে আজ ২-১ গোলে হারিয়ে এই টিকিট নিশ্চিত করেছে তারা। পুরো ম্যাচ জুড়ে আফ্রিকান হাতিদের দাপট থাকলেও ৮৬ মিনিটে আর্লিং হালান্ডের করা জয়সূচক গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়।
খেলার শুরু থেকেই বল দখল এবং আক্রমণে আধিপত্য দেখায় আইভরি কোস্ট। লাতিন ঘরানার ছোট ছোট পাসে তারা নরওয়ের রক্ষণভাগকে বেশ চাপে ফেলেছিল। তবে ৩৯ মিনিটে খেলার ধারার বিপরীতে গিয়ে একক নৈপুণ্যে নরওয়েকে এগিয়ে দেন উইঙ্গার আন্তোনিও নুসা। বাঁ প্রান্ত দিয়ে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে বক্সে ঢুকে দুর্দান্ত এক বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন তিনি। এর কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন হালান্ড। কিন্তু গোললাইন থেকে ইব্রাহিম সাঙ্গারের অবিশ্বাস্য এক ব্লক আইভরি কোস্টকে ম্যাচ থেকে ছিটকে যেতে দেয়নি। ফলে ১-০তে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে নরওয়ে।
দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া আইভরি কোস্ট কোচ বড় পরিবর্তন আনেন। ৬০ মিনিটে বনি ও উলাইকে তুলে তিনি মাঠে নামান আমাদ দিয়ালো এবং এলি ওয়াহিকে। একৌশলগত চালটি ম্যাচের গতিপথ পুরোপুরি বদলে দেয়। মাঠে নেমেই দিয়ালো প্রথমে ৬৬ মিনিটে নরওয়ের হেগেমের একটি নিশ্চিত গোলের শট লাইন থেকে ক্লিয়ার করেন। ৭৪ মিনিটে ডান প্রান্ত থেকে নিকোলাস পেপের সঙ্চগেমৎকার ওয়ান-টুর পর বক্সে ঢুকে কোনাকুনি শটে আইভরি কোস্টকে সমতায় ফেরান দিয়ালো নিজেই।
খেলা যখন ১-১ সমতায় থেকে অতিরিক্ত সময়ের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই ম্যাচের মূল চরিত্রে হাজির হলেন হালান্ড। পুরো ম্যাচে আইভরি কোস্টের ডিফেন্ডাররা তাকে কড়া পাহারায় আটকে রাখলেও ৮৬ মিনিটে তিনি আর ভুল করেননি। ওসকার ববের পাস থেকে যখন প্যাট্রিক বার্গ বক্সে নিচু ক্রস বাড়ালেন, সেখানে ওত পেতে থাকা হালান্ড আলতো টোকায় বল জালে পাঠিয়ে নরওয়েকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন। নরওয়ের জার্সিতে নিজের খেলা শেষ ১৩ ম্যাচের প্রতিটিতেই তিনি গোল করলেন, আর এই সময়ে প্রতিপক্ষের জালে বল ফেলেছেন ২৫ বার। চলতি বিশ্বকাপে এটি তাঁর পঞ্চম গোল। শুধু তাই নয়, বিশ্বকাপের শেষ ৭২ বছরের ইতিহাসে প্রথম তিন ম্যাচেই গোল করা প্রথম ফুটবলার তিনি।
তবে নাটকের শেষ অঙ্ক তখনও বাকি ছিল। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে বক্সের বেশ বাইরে থেকে নেওয়া দিয়ালোর ফ্রি কিক গোলপোস্টের কোণ দিয়ে ভেতরে ঢুকে যাচ্ছিল। কিন্তু গোলরক্ষক নেলান্দ বাজপাখির মতো লাফিয়ে উঠে বলটি বাইরে ঠেলে দেন। তাতে নরওয়েও হাফ ছেড়ে বাঁচে। এই রোমাঞ্চকর জয়ে রোববার নিউজার্সিতে বাংলাদেশ সময় রাত ২টায় ব্রাজিলের মুখোমুখি হবে তারা। যেখানে জাপানকে হারিয়ে শেষ ষোলোর টিকিট আগেই কেটে রেখেছে ব্রাজিল।