হোম > খেলা > ফুটবল

আর্জেন্টিনার ফুটবলারের উদ্দেশ্যে প্রকাশ করা পতাকায় আসলে কী ছিল

ক্রীড়া ডেস্ক    

এনসো ফের্নান্দেসকে উদ্দেশ্য করে দেখানো হয়েছিল এই পতাকা। ছবি: এএফপি

আটলান্টায় ফুটবল বিশ্বকাপের আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ রাজনৈতিকভাবে কতটা উত্তপ্ত ছিল, সেটা তো ম্যাচ শেষেই প্রমাণ হয়েছিল। ৪০ বছরেরও বেশি সময় আগে সংঘটিত সেই যুদ্ধই ছিল উত্তপ্ত হওয়ার কারণ। এবার এর রেশ দেখা গেল এক প্রীতি ম্যাচেও।

১৫ আগস্ট চেলসি-রিয়াল সোসিয়াদাদ ম্যাচে এনসো ফের্নান্দেস যখন মাঠে নামেন, তখন তাঁকে উদ্দেশ্য করেই একটি পতাকা মেলে ধরা হয়। স্টামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে একজন সমর্থক ‘ব্রিটিশ রাজা কর্তৃক ফকল্যান্ড দ্বীপপুঞ্জের জন্য নির্ধারিত’ পতাকা মেলে ধরেন। ফের্নান্দেস মাঠে নামার সময় এই পতাকা প্রদর্শন যে ১৯৮২ সালে সংঘটিত ফকল্যান্ড যুদ্ধকে উস্কে দেওয়ার জন্য সেটা আর বুঝতে বাকি থাকে না।

ঠিক এক মাস আগে (১৫ জুলাই) আটলান্টায় অনুষ্ঠিত আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালে ফকল্যান্ড যুদ্ধকে উস্কে দেওয়া হয়েছিল। ইংল্যান্ডকে ২-১ গোলে হারানোর পর আটলান্টার গ্যালারি থেকে মাঠে লিসান্দ্রো মার্তিনেস, জিওভানি লো সেলসো ও নিকোলাস ওতামেন্দি একটি ব্যানার নিয়ে নেমেছিলেন। সেই ব্যানারে লেখা ছিল, ‘ফকল্যান্ড (মালভিনাস) আর্জেন্টিনার।’ ব্রিটিশ সরকার কর্তৃপক্ষকে এ ব্যাপারে তদন্ত করার আহ্বান জানিয়েছিল এবং এটিকে স্টেডিয়ামে রাজনৈতিক বার্তা প্রদানের কারণে নিয়মের ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করেছিল।

‘ফকল্যান্ড আর্জেন্টিনার’ ব্যানারটি মূলত ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধকে ঘিরে। দক্ষিণ আটলান্টিকের ওই দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব নিয়ে সে সময় আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে যুদ্ধ হয়। আর্জেন্টিনা দ্বীপগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত পরাজিত হয়। ওই যুদ্ধে প্রায় ৬৫০ আর্জেন্টাইন, ২৫৫ ব্রিটিশ সেনা এবং তিন বেসামরিক নাগরিক নিহত হন। মাঠের ফুটবলে এটা ফের চলে আসায় ফিফা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিরুদ্ধে তদন্ত করেছিল বলে বিদেশি সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছিল।

এক মাস পর ফের এনসোকে উদ্দেশ্য করেই ফকল্যান্ড বিতর্ক উস্কে দেওয়া হয়। এদিন সোসিয়াদাদের বিপক্ষে তিনি নামেন রিস জেমসের পরিবর্তে। রাজনৈতিক কারণ ছাড়া অন্য কারণও হতে পারে। গত মাসে আটলান্টায় অনুষ্ঠিত সেমিফাইনালে এনসো সমতাসূচক গোল করেছিলেন। শেষ পর্যন্ত ম্যাচটা আর্জেন্টিনা ম্যাচটা জিতে গিয়েছিল বলে এখনো তিনি ইংল্যান্ডের সমর্থকদের কাছে ‘ভিলেন।’

এনসোর মাঠে নামার দিনে প্রীতি ম্যাচে রিয়াল সোসিয়াদাদকে ২-১ গোলে হারায় চেলসি। জোড়া গোল করেন চেলসি ফরোয়ার্ড জোয়াও পেদ্রো। দলের অপর গোল করেন মিডফিল্ডার মরগান রজার্স। সোসিয়াদাদের একমাত্র গোল করেন জন আরামবুরু।