হোম > খেলা > ফুটবল

‘মেসির শেষ ম্যাচে পাঁচ স্টেডিয়াম থাকলেও লাভ নেই’

ক্রীড়া ডেস্ক    

আর্জেন্টিনার হয়ে আর একবার মাঠে নামবেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

মাঝে আর মাত্র দুই দিন। আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলতে নামবেন লিওনেল মেসি। দীর্ঘ ২১ বছর যিনি মনে রাখার মতো অসংখ্য মুহূর্ত উপহার দিয়েছেন, তাঁর বিদায়ী ম্যাচ নিয়ে চলছে নানা পরিকল্পনা। ভক্ত-সমর্থকেরাও অধীর আগ্রহে তাঁকে মাঠে দেখতে অপেক্ষা করছেন। আর্জেন্টিনার তারকা ফুটবলারের বিদায়ী ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে ভাষা হারিয়ে ফেলেছেন কোচ লিওনেল স্কালোনিও।

এবারের ফিফা উইন্ডোতে মেসিকে ছাড়াই দুই ম্যাচ খেলে ফেলেছে আর্জেন্টিনা। বুধবার বাংলাদেশ সময় ভোর পাঁচটায় মনুমেন্তালে আর্জেন্টিনা-বেনিন যে ম্যাচটা শুরু হবে, সেটা তাঁর আন্তর্জাতিক ফুটবলে শেষ ম্যাচ। তাঁর বিদায়ী ম্যাচের টিকিট বিক্রি শুরুর পর সার্ভার ক্র্যাশ করা, ৯০ মিনিটে টিকিট বিক্রি হয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। বোঝাই যাচ্ছে, তাঁর বিদায়ী ম্যাচ ঘিরে কী উন্মাদনা কাজ করছে।

মারিও কেম্পেস স্টেডিয়ামে আজ সকালে বুরকিনা ফাসোকে ৭-০ গোলে হারানোর পর স্কালোনি সংবাদ সম্মেলনে এসেছেন। মেসির বিদায়ী ম্যাচ উপলক্ষ্যে এরই মধ্যে অনেক বার্তা তিনি (স্কালোনি) পেয়েছেন। স্কালোনি বলেন, ‘যদি পাঁচটা মনুমেন্তালও থাকত, সেগুলোও পূর্ণ হয়ে যেত। আমি সব জায়গা থেকে বার্তা পেয়েছি। আমার মনে হয় সবকিছুই বলা হয়ে গেছে। এখন শুধু উপভোগ করতে হবে।’

মনুমেন্তালে বুধবারের আর্জেন্টিনা-বেনিন ম্যাচ নিয়ে সবার মনে যে কী কাজ করছে, সেটা অনুমান করতে পারছেন স্কালোনি। দীর্ঘ ২১ বছর আর্জেন্টিনার জার্সিতে একের পর এক গোল করেছেন। দুই হাত তুলে উদযাপন করেছেন। ভক্ত-সমর্থকদের মনে সেই স্মৃতি এখনো টাটকা। বুরকিনা ফাসোকে হারানোর পর স্কালোনি বলেন, ‘আমি মনে করি, সবাই আবেগপ্রবণ হয়ে পড়বে। মেসিও। তিনি মনুমেন্তালের মাঠে পা রাখার মুহূর্ত থেকেই দিনটি সবার জন্য স্মরণীয় হয়ে থাকবে। তাঁর এই দিনের অংশ হতে পারাটা আমার কাছে অনেক বড় পাওনা।’

২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফুটবল বিশ্বকাপ, ২০২২ ফিনালিসিমা, ২০২৪ কোপা আমেরিকা—আর্জেন্টিনার হয়ে চার শিরোপা জিতেছেন মেসি। একের পর এক রেকর্ড গড়ে পেয়েছেন রেকর্ডের বরপুত্র উপাধি। সেই মেসিকে যখন আর কেবল একবার আর্জেন্টিনার জার্সিতে একবার পাওয়া যাবে, সেটা কল্পনা করতেই আবেগপ্রবণ হয়ে পড়েছেন স্কালোনি। আর্জেন্টিনার কোচ বলেন, ‘আমরা সব সময় যে শূন্যতার কথা বলি, তিনি চলে গেলে সেটাই থাকবে।’

আর্জেন্টিনা গত পাঁচ বছরে যে চার শিরোপা জিতেছে, সবগুলোই এসেছে মেসি-স্কালোনি জুটিতে। দীর্ঘ ৮ বছরে দুজনের মধ্যে দারুণ বোঝাপড়া গড়ে উঠেছে। সেই মেসির সঙ্গে আর কেবল দুটি অনুশীলন সেশন পাচ্ছেন স্কালোনি। বুরকিনা ফাসোকে ৭-০ গোলে হারানোর পর স্কালোনি বলেন, ‘তার (মেসি) সঙ্গে আমাদের আরও দুটি অনুশীলন সেশন আছে। যতটুকু সময় বাকি আছে, আমরা সেটুকুই উপভোগ করব। সে এমন কিছু রেখে যাচ্ছে, যার কোনো তুলনা নেই।’

৩১ আগস্ট সামাজিক মাধ্যমে এক পোস্টে মেসি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেও গল্পটা শেষ হয়নি। আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামবেন ৭ অক্টোবর। মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচটি তাঁর আন্তর্জাতিক ফুটবলে ২০৮তম ম্যাচ। আর্জেন্টিনার জার্সিতে ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন তিনি। অ্যাসিস্ট করেছেন ৬৮ গোলে।