বাংলাদেশের কাছে ধবলধোলাইয়ের পর পাকিস্তান ক্রিকেটে চলছে অশান্তি। শান মাসুদ-মোহাম্মদ রিজওয়ানদের নিয়ে কাঁটাছেড়া করছেন রমিজ রাজা, বাসিত আলী, কামরান আকমালরা। মাসুদের নেতৃত্বও ঝুলছে সুতোয়। এমন অবস্থায় ক্রিকেটারদের ধুয়ে দিলেন পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচ সরফরাজ আহমেদ।
সিলেটে ২০ মে বাংলাদেশের কাছে ৭৮ রানে হেরে দ্বিতীয়বারের মতো তাদের কাছে ধবলধোলাই হয়েছে পাকিস্তান। হারের পর মাসুদের অধিনায়কত্ব নিয়ে চলছে টানাটানাি। টেলিকম এশিয়া স্পোর্টের প্রতিবেদন অনুযায়ী, সিলেটে হারের পর দলীয় বৈঠকে ক্রিকেটারদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। বৈঠকে ম্যানেজার নাভিদ চিমা এবং সাপোর্ট স্টাফের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। সরফরাজকে উদ্ধৃত করে টেলিকম এশিয়া স্পোর্ট লিখেছে, ‘ক্রিকেটারদের দলের জন্য খেলতে হবে। নিজেদের জন্য নয়।’
এ বছরের মার্চে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন পাকিস্তানের ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিজয়ী অধিনায়ক সরফরাজ। পরবর্তীতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে সরফরাজকে পাকিস্তান টেস্ট দলের কোচ নিয়োগ করা হয়। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে কোচ হিসেবে স্মরণীয় করে রাখার সুযোগ পেলেন কই! রিজওয়ান, সালমান আলী আগা ১৮১ ও ১৭৬ রান করেছেন ঠিকই। কিন্তু প্রয়োজনের সময়ে তাঁরা জ্বলে উঠতে পারেননি। এমনকি এক ম্যাচ খেলে বাবর যে ১১৫ রান করেছেন, চার ইনিংস খেলে তার চেয়ে কম রান করেছেন অধিনায়ক মাসুদ (১০৩)।
সরফরাজ মূলত ক্ষুব্ধ দলের সিনিয়র ক্রিকেটারদের নিয়ে। তাঁর দাবি রিজওয়ান-সালমানরা স্বার্থপর ক্রিকেট খেলে দলের ক্ষতি করেছেন। পাকিস্তান টেস্ট কোচের বরাত দিয়ে টেলিকম এশিয়া স্পোর্ট লিখেছে, ‘ক্রিকেটাররা নিজেদের জন্য খেলছিল। এমনটাই দেখা গেছে। ব্যক্তিগত পারফরম্যান্স ভালো হলেও সেটা তো দলের কাজে আসা উচিত। শুধু ব্যক্তি হিসেবে খেললে তো হবে না। সিনিয়র ক্রিকেটাররা দায়িত্ব নিতে ব্যর্থ হয়েছেন। অন্য দলগুলোর পারফরম্যান্স দেখলে বুঝতে পারবেন আমাদের দল কোথায়, কীভাবে পিছিয়ে যাচ্ছে।’
এমন অবস্থার পর মাসুদ বেশ চাপে আছেন। অভ্যন্তরীণ সূত্র অনুযায়ী, সিলেট টেস্টে হারের পর অধিনায়কের সঙ্গে অন্যান্য ক্রিকেটারদের কথাবার্তা একরকম বন্ধ হয়ে গেছে। এমনকি দেশে ফেরার পথে সতীর্থদের সঙ্গে খুব কমই কথা বলেছেন মাসুদ। বরং পরিবারের সঙ্গেই পাকিস্তান অধিনায়ক সময় বেশি কাটিয়েছেন। বাংলাদেশের কাছে টানা চার টেস্ট হারের পর অধিনায়ক হিসেবে মাসুদের ভবিষ্যৎ তাই অনিশ্চিত হয়ে পড়েছে। দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সালমান আগা পাকিস্তানের নতুন টেস্ট অধিনায়ক হচ্ছেন।
বাংলাদেশ সিরিজের প্রায় দুই মাস পর টেস্ট খেলতে নামবে পাকিস্তান। জুলাইয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান। সিরিজটি হবে ওয়েস্ট ইন্ডিজের মাঠে। দুই দলই টেস্ট চ্যাম্পিয়নশিপ, টেস্ট র্যাঙ্কিং—দুই জায়গাতেই তলানিতে অবস্থান করছে। ৮.৩৩ শতাংশ সফলতার হার নিয়ে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়ন চক্রে আট নম্বরে পাকিস্তান। ৯ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের সফলতার হার ৪.১৭ শতাংশ। আর টেস্টে দুই ধাপ পিছিয়ে আট নম্বরে থাকা পাকিস্তানের রেটিং পয়েন্ট ৭৫। ৯ নম্বরে অবস্থান করা ক্যারিবীয়দের রেটিং পয়েন্ট ৬৮। তারা পিছিয়েছে এক ধাপ।