২০২৬ বিশ্বকাপ শুধু শিরোপা জয়ের লড়াই নয়, ফুটবলারদের জন্য বিশ্ববাজারে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণেরও বড় এক মঞ্চ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া এই ফুটবল-মহাযজ্ঞের আগে তরুণদেরই জয়জয়কার দেখা যাচ্ছে। সিআইইএস ফুটবল অবজারভেটরি এবং ফুটবল বাজার নিয়ে কাজ করা বিশেষায়িত পোর্টালগুলোর সাম্প্রতিক পরিসংখ্যান বলছে—বিশ্ব ফুটবলের নতুন তারকারা বয়সে যত তরুণ হচ্ছেন, দামের দিক দিয়ে ততটাই ছাড়িয়ে যাচ্ছেন সবাইকে।
এর সবচেয়ে বড় ও চমকপ্রদ উদাহরণ স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল। ২০ বছর না পেরোতেই এই বার্সেলোনা উইঙ্গারের বাজারমূল্য এখন ৪০১ মিলিয়ন (৪০ কোটি ১০ লাখ) ডলারেরও বেশি! বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫ হাজার কোটি টাকা। বিশ্বজুড়ে দামি খেলোয়াড়দের তালিকায় তিনি এখন সবার ওপরে। সমবয়সী অন্য যেকোনো ফুটবলারের চেয়ে তাঁর দাম প্রায় তিন গুণ।
ইয়ামালের ঠিক পরেই আছেন নরওয়ে ও ম্যানচেস্টার সিটির ‘গোলমেশিন’ আরলিং হালান্ড। তবে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের বয়স ২৭ পেরিয়ে গেলেও এই তালিকার শীর্ষ তিনে ঠিকই নিজের জায়গা ধরে রেখেছেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।
আসন্ন বিশ্বকাপে অংশ নিতে যাওয়া শীর্ষ ১০ দামি ফুটবলারের তালিকাটি দেখলে ইউরোপের বড় পরাশক্তিগুলোর একচেটিয়া আধিপত্যই চোখে পড়বে। এই তালিকায় রিয়াল মাদ্রিদের তিনজন, বার্সেলোনার দুজন এবং ফরাসি ক্লাব পিএসজির দুজনের জায়গা হয়েছে।
তবে তালিকায় ফ্রান্সের উসমান দেম্বেলের নাম নেই! অথচ পিএসজির হয়ে সম্প্রতি সব শিরোপাই জিতেছেন তিনি, এমনকি ২০২৫ সালের ব্যালন ডি’অরও উঠেছে তাঁর হাতে।
ব্যক্তিগত এত বড় অর্জনের পরও দেম্বেলের না থাকার কারণটা বেশ পরিষ্কার। বর্তমান ফুটবল বাজার খেলোয়াড়দের অতীত বা বর্তমানের ব্যক্তিগত অর্জনের চেয়ে তাঁদের বয়স, পারফরম্যান্সের ধারাবাহিকতা এবং দীর্ঘমেয়াদি সম্ভাবনার ওপরই বেশি জোর দিচ্ছে। আর সে কারণেই সেরাদের এই তালিকায় রাজত্ব করছেন তরুণেরাই।
একনজরে ২০২৬ বিশ্বকাপের সবচেয়ে দামি ১০ ফুটবলার
১. লামিনে ইয়ামাল (বার্সেলোনা) – ৪০১.৩১ মিলিয়ন ডলার
২. আরলিং হালান্ড (ম্যানচেস্টার সিটি) – ২৯৮.৩৭ মিলিয়ন ডলার
৩. কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ) – ২৩৫.২৩ মিলিয়ন ডলার
৪. জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ) – ১৭৯.০৮ মিলিয়ন ডলার
৫. মাইকেল ওলিসে (বায়ার্ন মিউনিখ) – ১৬০.১০ মিলিয়ন ডলার
৬. ফ্লোরিয়ান ভাইর্টস (লিভারপুল) – ১৫৮.৭৬ মিলিয়ন ডলার
৭. দেজিরে দুয়ে (পিএসজি) – ১৫৭.৩৪ মিলিয়ন ডলার
৮. জোয়াও নেভেস (পিএসজি) – ১৫২.৭৮ মিলিয়ন ডলার
৯. আরদা গুলের (রিয়াল মাদ্রিদ) – ১৫২.৪৩ মিলিয়ন ডলার
১০. পেদ্রি (বার্সেলোনা) – ১৫২.০৫ মিলিয়ন ডলার