হোম > খেলা > ফুটবল

স্বস্তি ফিরল নেইমারকে নিয়ে

ক্রীড়া ডেস্ক    

বিশ্বকাপের আগেই ফিট হয়ে উঠবেন তারকা ফরোয়ার্ড। ছবি: সংগৃহীত

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমারের নাম ঘোষণার পর থেকেই উচ্ছ্বাসে ভাসছিল সমর্থকরা। দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে থাকার পর আবারও জাতীয় দলের জার্সিতে এই ফরোয়ার্ডকে দেখার অপেক্ষায় ছিলেন ভক্তরা। বিশেষ করে আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে নেইমারের ফেরাটা ব্রাজিলের জন্য বড় সুখবর হিসেবেই দেখা হচ্ছিল।

সেই আনন্দ খুব বেশি স্থায়ী হয়নি। বিশ্বকাপ দল ঘোষণার দুই দিনের মধ্যেই নেইমারকে নিয়ে চোটের খবর আসে। সান্তোসের হয়ে খেলতে গিয়ে মাংসপেশিতে চোট অনুভব করেন আক্রমণভাগের এই ফুটবলার। ক্লাবটির পক্ষ থেকেই চোটের খবর দেওয়া হয়েছিল। চোটের কারণে মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে, এমন কথাও শোনা গিয়েছিল।

এতেই নতুন করে দুশ্চিন্তা শুরু হয় ব্রাজিলের সমর্থকদের মধ্যে। গত কয়েক বছর ধরেই একের পর এক চোটে ভুগছেন নেইমার। বড় চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। এবার বিশ্বকাপে পুরোপুরি ফিট নেইমারকে পাওয়া যায় কি না সেটা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। এরই মাঝে স্বস্তির খবর দিল টিএনটি স্পোর্টস ব্রাজিল। সংবাদমাধ্যমটি জানিয়েছে, নেইমারের বর্তমান চোট গুরুতর নয়। প্রতিবেদনে বলা হয়েছে, ৫ থেকে ১০ দিনের মতো মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে। তবে বিশ্বকাপ শুরুর আগেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন তিনি। দলের মেডিকেল স্টাফও নেইমারের পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে আশাবাদী।

বর্তমানে নেইমারকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং পর্যাপ্ত বিশ্রাম দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। চিকিৎসকরা মনে করছেন, সঠিক পুনর্বাসন অনুসরণ করলে দ্রুতই মাঠে ফিরতে পারবেন তিনি। বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, চোট এড়াতে বিশ্বকাপের আগে সান্তোসের হয়ে আর কোনো ম্যাচে নামবেন না নেইমার।

এক বছরে বাংলাদেশের র‍্যাঙ্কিং ১৬০-এর নিচে নিয়ে আসতে চান নতুন কোচ

সিটির সঙ্গে ১০ বছরের সম্পর্ক শেষ করলেন গার্দিওলা

চমক রেখে ইংল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

এবার আর আন্ডারডগ নয় মরক্কো

অভিনব উপায়ে দল ঘোষণা করল ২৮ বছর পর বিশ্বকাপ খেলতে যাওয়া নরওয়ে

বাংলাদেশকে এশিয়ান কাপে খেলাতে চান নতুন কোচ

হামজাদের নতুন কোচ ডুলি এখন বাংলাদেশে

বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়ায় হতাশ ইংল্যান্ড তারকা

৬৬ দল নিয়ে বিশ্বকাপ আয়োজন করতে চায় ফিফা

সৌদি লিগে চ্যাম্পিয়ন হয়ে অঝোরে কাঁদলেন রোনালদো