হোম > খেলা > ফুটবল

‘ব্রাজিলের সঙ্গে নেইমার পুরোটা সময় অনুশীলন করতে পারেনি, এটা দুঃখজনক’

ক্রীড়া ডেস্ক    

এবারের বিশ্বকাপে নেইমার এখন পর্যন্ত এক ম্যাচ খেলেছেন। ছবি: এএফপি

২৫ জুন মায়ামিতে গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে যখনই নেইমারকে নামালেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি, তখনই গ্যালারিতে শোনা যায় চিৎকার। ৯৮১ দিন পর আন্তর্জাতিক ফুটবলে ফিরেছেন বলে কথা। এমন উচ্ছ্বাস তো থাকবেই। মাঠে নেমেই সেদিন দর্শকদের অভিনন্দনের জবাব দিয়েছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড।

চোটের সঙ্গে লড়তে থাকা নেইমার মরক্কোর বিপক্ষে ১৪ জুন কাটিয়েছেন ডাগআউটে বসে। ক্যামেরার লেন্স বারবার খুঁজে নিচ্ছিল তাঁকেই। এরপর হাইতির বিপক্ষে তাঁকে ছাড়াই খেলতে যায় ব্রাজিল। আর স্কটল্যান্ডের বিপক্ষে ডাগআউটে যখন দৌড়-ঝাঁপ করছিলেন নেইমার, তখনই তাঁর মাঠে নামার ইঙ্গিত পাওয়া যায়। মাথিয়াস কুনিয়ার পরিবর্তে ৭৬ মিনিটে মাঠে নামানো হয় নেইমারকে।

‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ওঠা ব্রাজিলের মিশন শুরু হবে আজ জাপানের বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টনে মাঠে গড়াবে ব্রাজিল-জাপান ম্যাচ। সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই প্রশ্ন এসেছে নেইমারের ফিটনেস নিয়ে। আনচেলত্তি সন্তোষজনক উত্তর দিয়েছেন ব্রাজিলের ফরোয়ার্ডকে নিয়ে। একই সঙ্গে ব্রাজিল কোচের কণ্ঠে ছিল আক্ষেপেরও সুর,‘নেইমার খুব ভালোভাবে উন্নতি করেছে। আমার মনে হয় গত সপ্তাহে সে অনেক উন্নতি করেছে। তবে দুঃখের বিষয় এই যে সে আমাদের সঙ্গে পুরো সময় অনুশীলন করতে পারেনি।’

মায়ামিতে ২৫ জুন ‘সি’ গ্রুপের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে নেইমার খেলেছিলেন কেবল ১৫ মিনিট। আজ বাঁচা-মরার নকআউট পর্বের ম্যাচে তাঁকে কতক্ষণ খেলানো হবে—এ ব্যাপারে স্পষ্ট কোনো উত্তর তিনি দিতে পারেননি আনচেলত্তি। তবে কোচের কথায় এটুকু বোঝা গেছে যে পুরো ৯০ মিনিট খেলা হচ্ছে না নেইমারের। জাপান ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ বলেন, ‘সে ১৫ মিনিটের বেশি খেলতে পারবে। তার শারীরিক অবস্থা ভালো। তবে এটা অনেকটাই নির্ভর করবে ম্যাচের পরিস্থিতি এবং আগামীকাল (আজ) খেলা কীভাবে এগোয় তার ওপর।’

চোটগ্রস্ত নেইমারের বিশ্বকাপে খেলা নিয়েই ছিল যত অনিশ্চয়তা। শেষ পর্যন্ত তারকা ফরোয়ার্ডকে নিয়েই বিশ্বকাপ খেলতে মার্কিন মুলুকে যান আনচেলত্তি। এমনকি দল ঘোষণার পরও পরিবর্তন আনতে হয়েছে ব্রাজিলের। বর্তমানে ২৬ সদস্যের দলের মধ্যে নেইমারের পাশাপাশি ভিনিসিয়ুস জুনিয়র, কাসেমিরোর মতো একাধিক বিশ্বকাপ খেলা ফুটবলার আছেন। যেখানে ভিনি এবার তিন ম্যাচে করেছেন চার গোল। একটা অ্যাসিস্টও করেছেন তিনি। এই ভিনির সঙ্গে তাঁর (আনচেলত্তি) রিয়াল মাদ্রিদ থেকেই দারুণ বোঝাপড়া তৈরি হয়েছে।

হারলেই বাদ—জাপানের বিপক্ষে এই সমীকরণ নিয়ে আজ মাঠে নামছে ব্রাজিল। তবে আনচেলত্তির কাছে নকআউট পর্বের ম্যাচ নিয়ে তেমন একটা দুশ্চিন্তা নেই। বরং অভিজ্ঞদের ওপর তাঁর ভরসা অনেক বেশি। শেষ বত্রিশের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন,‘এটা (ব্রাজিল-জাপান ম্যাচ) কোনো দুই লেগের নকআউট টাই নয়। এক ম্যাচের নকআউট। এখানে দ্বিতীয় লেগের কোনো সুযোগ নেই। এ ধরনের পরিস্থিতিতে ব্রাজিল ভাগ্যবান যে তাদের দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে। তারা জানে এমন গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য কীভাবে প্রস্তুত হতে হয়। সেই দিক থেকে আমি খুবই আত্মবিশ্বাসী।’

জাপানকে আজ হারালে শেষ ষোলোতে উঠবে ব্রাজিল। সেলেসাওদের শেষ ষোলোতে প্রতিপক্ষ কে হচ্ছে, তা জানা যাবে আগামীকাল। বাংলাদেশ সময় আগামীকাল রাত ১১টায় ডালাসে হবে নরওয়ে-আইভরি কোস্ট ম্যাচ।

মার্তিনেসের বাংলাদেশ প্রীতির গল্প আর্জেন্টিনার সংবাদমাধ্যমে

শেষ আটে না হলেও যখন মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো

রাষ্ট্রপতির কড়া সমালোচনার পরই দক্ষিণ কোরিয়া কোচের পদত্যাগ

ব্রাজিলের সামনে জাপান চ্যালেঞ্জ

দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে শেষ ষোলোয় কানাডা

বাংলাদেশের দর্শকদের ভীষণ ভালোবাসেন মার্তিনেসরা

আমেরিকার মাটিতে আফ্রিকার দাপট

‘আমরা রোনালদোর সঙ্গে মেসি-হালান্ডের তুলনা করি না’

ব্রাজিলের ক্লাবে ফেরার ইঙ্গিত দিলেন আর্জেন্টিনার ফুটবলার

‘আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচের শেষটা দেখে কেউই এটাকে পাতানো ম্যাচ বলতে পারবেন না’