হাভিয়ের কাবরেরার চার বছরের অধ্যায়ের অবসান ঘটিয়ে জাতীয় দলের জন্য নতুন কোচ খুঁজে পেল বাফুফে। দু্ই বছরের চুক্তিতে জার্মান বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের সাবেক অধিনায়ক টমাস ডুলিকে নিয়োগ দিয়েছে তারা। আজ ঢাকায়ও এসেছেন ডুলি।
যুক্তরাষ্ট্রের হয়ে ৮১ ম্যাচ খেলা ডুলির এশিয়ায় কোচিং করানোর অভিজ্ঞতা আছে এক দশকের। তাঁর অধীনে ফিলিপাইন প্রথমবারের মতো নাম লেখায় এশিয়ান কাপে। এবার বাংলাদেশকেও একই মঞ্চে নিয়ে যেতে চান তিনি। আজকের পত্রিকাকে খুদে বার্তায় ডুলি বলেন, ‘ফিলিপাইনের মতো বাংলাদেশকে (এশিয়ান কাপে নিতে) সফল করতে আমি আশাবাদী। এতে কোনো সন্দেহ নেই।’
কাবরেরার অধীনে দুবার এশিয়ান কাপের বাছাইপর্ব খেলেছে বাংলাদেশ। কিন্তু মূলপর্বে খেলার স্বাদ পায়নি। এশিয়ান কাপে বাংলাদেশ সর্বশেষ খেলেছিল ১৯৮০ সালে।
কাবরেরার সঙ্গে ডুলির তুলনা করে গিয়ে জাতীয় দল কমিটির এক সদস্য আজকের পত্রিকাকে বলেন, ‘কাবরেরার সময় মাঠে কোন শৃঙ্খলা ছিল না। খেলা চলাকালীন অবস্থায় সিদ্ধান্তগুলো সে নিতে পারত না। কাবরেরার চেয়ে ডুলি এক্ষেত্রে অনেক এগিয়ে। তাঁর লোক দেখানো কোনো কিছু দরকার নেই। সে মেধা খরচ করে দল পরিচালনা করবে। তাঁর প্রোফাইলও বেশ ভালো।’
খেলোয়াড় হিসেবে ১৯৯৪ ও ১৯৯৮ বিশ্বকাপে অংশ নেওয়ার পাশাপাশি বুন্দেসলিগা ও উয়েফা কাপ জিতেছেন ডুলি। কোচিং ক্যারিয়ারে ইউর্গেন ক্লিন্সম্যানের অধীনে যুক্তরাষ্ট্রের সহকারী কোচ ছিলেন এবং পরবর্তীতে ফিলিপাইনকে ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে তোলেন তিনি। সর্বশেষ গায়ানা জাতীয় দলের দায়িত্বে ছিলেন।
৫ জুন সানমারিনোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ডুলির বাংলাদেশ অধ্যায়। ইউরোপ সফরের আগে ২৪ মে থেকে ঢাকায় ক্যাম্প করবে জাতীয় দল।