হোম > খেলা > ক্রিকেট

নামিবিয়াকে উড়িয়ে পাকিস্তানকে ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

ক্রীড়া ডেস্ক    

নামিবিয়ার বিপক্ষে ৭ উইকেটের বিশাল জয় পেয়েছে নেদারল্যান্ডস। ছবি: ক্রিকইনফো

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে শনিবার বিশ্বকাপ শুরুর প্রথম দিন পাকিস্তানকে হারানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি নেদারল্যান্ডস। আজ ভেন্যু বদলাতেই বদলে গেল ডাচরা। নামিবিয়ার বিপক্ষে ৭ উইকেটের বিশাল জয় পেল নেদারল্যান্ডস।

বড় জয়ে পয়েন্ট টেবিলেও উন্নতি হয়েছে নেদারল্যান্ডসের। ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকায় তিন থেকে দুইয়ে উঠল ডাচরা। দুই ম্যাচে এক জয় ও এক হারে নেদারল্যান্ডসের পয়েন্ট ২। ভারত-পাকিস্তানেরও পয়েন্ট ২। তবে নেট রানরেটের কারণে গ্রুপের পয়েন্ট তালিকার দুইয়ে অবস্থান করছে ডাচরা। স্কট এডওয়ার্ডসের নেতৃত্বাধীন ডাচদের নেট রানরেট ‍+০.৩৫৬। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ভারতের নেট রানরেট ‍+১.৪৫০। ‍+০.২৪০ নেট রানরেট নিয়ে তিনে পাকিস্তান।

‘এ’ গ্রুপের অপর দুই দল নামিবিয়া-যুক্তরাষ্ট্র ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনো জয়ের দেখা পায়নি। আজ বিশ্বকাপ শুরুর অভিযানে নেমে হোঁচট খেল নামিবিয়া। ‍-১.০৩৩ নেট রানরেট নিয়ে তাদের অবস্থান চারে। ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকার তলানিতে থাকা যুক্তরাষ্ট্রের নেট রানরেট -১.৪৫০।

১৫৭ রানের লক্ষ্যে নেমে দলীয় ১৬ রানে ভেঙে যায় নেদারল্যান্ডসের উদ্বোধনী জুটি। তৃতীয় ওভারের প্রথম বলে ম্যাক্স ও’ডাউডকে (৭) ফেরান নামিবিয়ার বাঁহাতি স্পিনার বার্নার্ড স্কল্টজ। তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন বাস ডি লিড। ডি লিড ও আরেক ওপেনার মাইকেল আক্রমণাত্মক ব্যাটিং শুরু করলেও দ্বিতীয় উইকেটে তাঁদের জুটিটা ছিল ২০ বলে ৩০ রানের। ষষ্ঠ ওভারের তৃতীয় বলে লেভিটকে ফিরিয়ে জুটি ভাঙেন রুবেন ট্রাম্পলম্যান।

লেভিট ১৫ বলে ১ চার ও ৩ ছক্কায় ২৮ রান করেন। দুই ওপেনারকে হারিয়ে নেদারল্যান্ডসের স্কোর হয়ে যায় ৫.৩ ওভারে ২ উইকেটে ৪৬ রান। পাওয়ার প্লের (প্রথম ৬ ওভার) মধ্যে ২ উইকেট হারানোর পর হাল ধরেন ডি লিড ও কলিন অ্যাকারমান। তৃতীয় উইকেটে ৫১ বলে ৭০ রানের জুটি গড়েন তাঁরা (ডি লিড-অ্যাকারমান)।

ডি লিড-অ্যাকারমানের জুটিটা ভাঙতে পারত আরও আগেই। দশম ওভারের পঞ্চম বলে নামিবিয়ার বাঁহাতি পেসার জে জে স্মিটকে তুলে মারতে যান অ্যাকারমান। তবে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে লরেন স্টিনক্যাম্প হাতছাড়া করেছেন। তখন অ্যাকারমানের রান ১৩ ও নেদারল্যান্ডসের স্কোর ছিল ৭৬ রান।

১৩ রানে বেঁচে যাওয়া অ্যাকারমান আউট হয়েছেন ৩২ রানে। ১৪তম ওভারের শেষ বলে অ্যাকারমানকে ফেরান ইয়ান নিকোল লফটি ইটন। পরে এডওয়ার্ডস ও ডি লিড বাকি পথ নিরাপদে পাড়ি দিয়েছেন। চতুর্থ উইকেটে ২৪ বলে ৪৩ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন তাঁরা (এডওয়ার্ডস-ডি লিড)। যেখানে ১৮তম ওভারে ২১ রান নিয়ে ম্যাচ শেষ করে এসেছেন দুই ডাচ ব্যাটার ডি লিড ও এডওয়ার্ডস। ডাচ অধিনায়ক ৯ বলে ১ চার ও ১ ছক্কায় ১৮ রান করে অপরাজিত থাকেন।

এর আগে আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নেদারল্যান্ডসের অধিনায়ক এডওয়ার্ডস। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা নামিবিয়া ২০ ওভারে ৮ উইকেটে করেছে ১৫৬ রান। ইনিংস সর্বোচ্চ ৪২ রান করেন ইয়ান নিকোল লফটি ইটন। নেদারল্যান্ডসের লোগান ফন বিক ও ডি লিড দুটি করে উইকেট নিয়েছেন। অলরাউন্ড পারফরম্যান্সে ডি লিড হয়েছেন ম্যাচসেরা। ৪৮ বলে ৭২ রানের ইনিংসের পাশাপাশি ৩ ওভারে ২০ রানে ২ উইকেট নিয়েছেন তিনি।

পাকিস্তানের এই সিদ্ধান্তে ক্রিকেটের জয় হয়েছে, মনে করেন আফ্রিদি

বিশ্বকাপে পরিবারের সঙ্গে থাকতে পারছেন না ভারতীয় ক্রিকেটাররা

‘বাংলাদেশ-পাকিস্তানের সঙ্গে আলোচনা করে আইসিসি যা করেছে, তাতে ভারত অনেক খুশি’

অতীত মনে করিয়ে পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের প্রচ্ছন্ন হুমকি

ভারত-পাকিস্তান মিলিয়েই আরব আমিরাত

‘বাংলাদেশের বাদ পড়ার কথা ছিল, এখনো বাদই আছে’

এটা ছিল পাকিস্তানের সাজানো নাটক, বলছেন ভারতীয় কোচ

শুধু বিশ্বকাপটাই খেলা হলো না লিটনদের

বর্জনের সিদ্ধান্ত থেকে সরে এল পাকিস্তান, নেপথ্যে কী কারণ

বিসিবির চাওয়া পূরণ করল আইসিসি