মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় এদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছিল তৎকালীন অন্তর্বর্তী সরকার। তবে বর্তমান সরকার সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছে। জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন—দেশে আইপিএল সম্প্রচারে আর কোনো বাধা নেই।
প্রতি বছর আইপিএল দেখায় টি-স্পোর্টস। কিন্তু এবার ভারতীয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট সম্প্রচার করবে না দেশের একমাত্র খেলাধুলাভিত্তিক টিভি চ্যানেলটি। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সম্প্রচার স্বস্ত কিনেছে টি-স্পোর্টস। তাই আইপিএল দেখানোর পরিকল্পনা নেই—আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছে টি-স্পোর্টসের একটি সূত্র। দেশের অন্যান্য কোনো টিভি চ্যানেল আইপিএল সম্প্রচার করবে কি না সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
এমন অবস্থায় আইপিএল দেখতে দেশের ক্রিকেটপ্রেমীদের চোখ রাখতে হবে স্টার স্পোর্টসে। কোনো দেশি টিভি চ্যানেল আইপিএল সম্প্রচারে ইচ্ছা প্রকাশ করলে সরকার সেটাকে ইতিবাচকভাবেই দেখবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। খেলাধুলা নিয়ে রাজনীতি না করার মানসিকতা থেকেই আইপিএল সম্প্রচারের নিষেধাজ্ঞা থেকে সরে আসা হয়েছে বলে দাবি করেছেন তিনি।
ওই সাক্ষাৎকারে স্বপন বলেন, ‘আমাদের কাছে আইপিএল দেখানোর ব্যাপারে কোনো আবেদন নিয়ে কেউ আসেনি। খেলাধুলা নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। ফলে বিষয়গুলো বাণিজ্যিকভাবেই আমরা দেখব। কোনো চ্যানেল যদি আইপিএল দেখানোর জন্য আমাদের কাছে আবেদন করে আমরা ইতিবাচকভাবেই বিবেচনা করব।’
স্বপন আরও যোগ করেন, ‘আমরা কাউকে বাধা দেব না। যদি দেখা যায়, যাবে। আমাদের কেউ যদি দেখানোর আবেদন করে সেটাও ইতিবাচকভাবে আমরা দেখব। জোর করে কিছু করা হবে না।’
আইপিএলের ১৯তম মৌসুম শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে সাইনরাইজার্স হায়দরাবাদ। দুই মাসব্যাপী এই টুর্নামেন্টে মোট ৭৪টি ম্যাচ মাঠে গড়াবে। ৩১ মে ফাইনাল দিয়ে টুর্নামেন্ট শেষ হবে।