হোম > খেলা > ক্রিকেট

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টস হেরেছেন শান্ত। ছবি: বিসিবি

সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেছেন সফরকারী দলের অধিনায়ক রোস্টন চেজ। আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

মিরপুর টেস্টের একাদশ থেকে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। শরীফুল ইসলামের পরিবর্তে নেওয়া হয়েছে তাসকিন আহমেদকে। এ ছাড়া একাদশে ফিরেছেন মুশফিকুর রহিম।

মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হেরে বিপাকে থাকা বাংলাদেশের সামনে এবার ধবলধোলাইয়ের লজ্জা এড়ানোর চ্যালেঞ্জ। নানা কারণে সিলেট টেস্টের আগে মানসিকভাবে পিছিয়ে থাকছে বাংলাদেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে দারুণ ক্রিকেট খেলে ফাইনালের সম্ভাবনা জাগিয়েছিল দল।

প্রথম ৬ টেস্টে ৩ জয়ের বিপরীতে ১ ড্রয়ে দারুণ উজ্জীবিত দল হঠাৎ পথ হারিয়েছে। আবুধাবিতে আফগানিস্তানের সঙ্গে হার সমতুল্য ড্রয়ের পর মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের সামনে পাত্তাই পায়নি বাংলাদেশ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই হতাশার গল্প লিখে সাড়ে তিন দিনেই হেরেছে স্বাগতিকেরা।

মিরপুর টেস্টে স্পিন-সহায়ক উইকেট বানিয়ে নিজেদের বিপদ ডেকে এনেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৮ উইকেট নিলেও দ্বিতীয় ইনিংসে উইকেটশূন্য ছিলেন স্পিনাররা। অথচ জোমেল ওয়ারিক্যান, রোস্টন চেজদের সামনে রীতিমতো অসহায় ছিলেন ব্যাটাররা। ২৭২ ও ১৪২ রানে অলআউট হয় বাংলাদেশ। ২০ উইকেটের ১৬টিই নেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা। ওয়েস্ট ইন্ডিজের দূর্বলতা বিবেচনা করে উইকেট বানিয়ে সেই ফাঁদেই পড়েছেন শান্তরা। সঙ্গে ক্যাচ মিসের মহড়া তো ছিলই। ধবলধোলাই এড়ানোর পাশাপাশি তাই সিলেট টেস্টকে বাংলাদেশের জন্য আত্মবিশ্বাস ফিরে পাওয়ার মঞ্চ হিসেবেও দেখা হচ্ছে।

দুই দলের একাদশ

বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ।

ওয়েস্ট ইন্ডিজ: জশুয়া ডি সিলভা, ব্রেন্ডন কিং, কেভিন উইকহ্যাম, কাভেম হজ, আমির জাঙ্গো, রোস্টন চেজ (অধিনায়ক), জাস্টিন গ্রিভস, শামার জোসেফ, জোমেল ওয়ারিকান, জশুয়া বিশপ ও জেডন সিলস।

টিভিতে আজ কোথায় কোন খেলা দেখবেন

মুখে এআই ডিভাইস লাগিয়ে আলোচনায় ভারতীয় অধিনায়ক

৩৭ বছরেও ক্ষুধা কমেনি কোহলির

কোহলির ব্যাটিং তাণ্ডবে ২২ ওভারে জিতল ভারত

বাংলাদেশ হঠাৎ ছন্দ হারাল কেন

‘মোস্তাফিজের চেয়ে ভালো কেউ নেই’

‘বুড়ো’ সাব্বির কেন ছোটদের দলে

বাংলাদেশ ম্যাচের আগেই ‘গোপন খবর’ পেয়ে যান এই ক্রিকেটার

সাদিকুরের সেঞ্চুরিতে চট্টগ্রামের রোমাঞ্চকর জয়

এবার আফগানিস্তানের লিগেও সাকিব, খেলবেন কোন দলে