ক্যারিবিয়ান সুপার লিগে (সিপিএল) দারুণ সময় পার করছেন মেহেদী হাসান মিরাজ। গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে দুর্দান্ত বোলিংয়ে প্রথম ২ ম্যাচেই তুলে নেন ৭ উইকেট। তৃতীয় ম্যাচেও স্পিন ভেল্কি দেখালেন এই অলরাউন্ডার।
বার্বাডোজ ট্রাইডেন্টসের বিপক্ষে আজ ৪ ওভারে ২৫ রানে ২ উইকেট নেন মিরাজ। অর্থাৎ প্রথম ৩ ম্যাচেই ঝুলিতে ৯ উইকেট পুরলেন এই বাংলাদেশি ক্রিকেটার। দ্বিতীয় ম্যাচে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন তিনি; দল জিতেছিল ৬ উইকেটে।
এর আগে মিরাজের খেলা প্রথম ম্যাচেও জয়ের দেখা পেয়েছিল গায়ানা। তৃতীয় ম্যাচে এসে সিপিএলে প্রথম হারের তিক্ত অভিজ্ঞতা হলো তাঁর। বার্বাডোজের কাছে ৬ উইকেটে হেরেছে গায়ানা।
আগে ব্যাট করতে নেমে ১৮.১ ওভারে মাত্র ৯৯ রানে গুটিয়ে যায় গায়ানা। গ্লেন ফিলিপসের ২৪ রানের ইনিংসটি সর্বোচ্চ। ২২ রান আসে রোমারিও শেফার্ডের ব্যাট থেকে। এ ছাড়া মিরাজ করেন ১৮ রান। বার্বাডোজের হয়ে আল্লাহ গজনফার ও জোহান লিন তিনটি করে উইকেট নেন।
মূলত ব্যাটারদের ব্যর্থতার কারণেই দারুণ বোলিং করেও গায়ানাকে জয় এনে দিতে পারেননি মিরাজ। কুইন্টন ডি ককের পর সাদরাক ডেসকার্টসকে ফেরান তিনি। ১৪.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বার্বাডোজ। গায়ানার হয়ে ইমরান তাহির ও পারমল বাকি উইকেট দুটি ভাগাভাগি করে নেন।
বার্বাডোজের কাছে হারলেও পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই লিগ পর্ব শেষ করেছে গায়ানা। ১০ ম্যাচে ৮ জয়ে তাদের সংগ্রহ ১৬ পয়েন্ট। প্লে অফে আগামী ১৮ সেপ্টেম্বর অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের বিপক্ষে মাঠে নামবে তাহিরের গায়ানা।