হোম > খেলা > ক্রিকেট

স্বস্তির জয়ের আশায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিউজিল্যান্ডের অনেক নিয়মিত ক্রিকেটারই নেই বাংলাদেশ সিরিজের দলে। তাঁদের অনুপস্থিতিতে জায়গা পাওয়া আদিত্য আশোক, জশ ক্লার্কসন, জ্যাকব ডাফি, উইলিয়াম রুর্কিদের নাম এই সিরিজের আগে কেউ কেউ হয়তো শোনেনওনি। কিন্তু কিউইদের দ্বিতীয় সারির দলটির বিপক্ষে টানা দুই ওয়ানডে হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ দল। 
সিরিজ খুইয়ে ফেলা বাংলাদেশের লড়াই এখন ধবলধোলাই এড়ানোর। আগামীকাল ভোরে নেপিয়ারের ম্যাকলিন পার্কে তিন ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ। যে ম্যাচে সান্ত্বনার জয়ই খুঁজবেন নাজমুল হোসেন শান্তরা। টেস্ট সংস্করণে শান্তর অধিনায়কত্বের অভিষেক হয়েছিল কিউইদের বিপক্ষে দারুণ এক জয়ে। কিন্তু ওয়ানডে সংস্করণে তাঁর নেতৃত্বে খেলা পাঁচ ম্যাচের একটিতেও জয় নেই। 

অধরা সেই জয় আজ পেলে নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে বিজয়ী অধিনায়কও হয়ে যাবেন শান্ত। তবে সেই সুযোগ অতিথিদের দেবে কি নিউজিল্যান্ড? অলরাউন্ডার রাচিন রবীন্দ্র তো গতকাল বলেই ফেললেন, ‘নেলসনে ভালো সময় কেটেছে। আশা করছি জয় দিয়েই সিরিজ শেষ করব।’ 

প্রায় চার বছর পর ওয়ানডে ম্যাচ হচ্ছে নেপিয়ারে। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ ম্যাচও হয়েছিল বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যে। সেই ম্যাচে ৮ উইকেটে হেরেছিল সফরকারীরা। এই মাঠে কিউইদের বিপক্ষে ৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টির সব কটিতেই হেরেছে বাংলাদেশ। 

পরিসংখ্যানিক এই অস্বস্তি আছেই, আছে নেপিয়ারের ‘সানস্ট্রাইক’ ভীতিও! সূর্যের প্রখর আলোর কারণে এখানে খেলা বন্ধ রাখার ঘটনাও আছে। ২০১৯ সালে ভারতের বিপক্ষে ওয়ানডে ম্যাচ আধা ঘণ্টার মতো বন্ধ রাখতে হয়েছিল। 

২০২১ সালে নিউজিল্যান্ড সফরে অতিরিক্ত ক্যাচ মিস করেছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। পরে নাসুম আহমেদ অকপটে জানিয়েছিলেন, আকাশ বেশি পরিষ্কার থাকায়, সূর্যের প্রখর আলোয় বল যখন অনেক ওপরে ওঠে, বিভ্রান্তিতে পড়তে হয় তাঁদের। 

নেপিয়ারে ধবলধোলাই এড়ানোর লড়াই শুরুর আগে কোচ চণ্ডিকা হাথুরুসিংহে স্বস্তি পেতে পারেন সৌম্য সরকারকে নিয়ে। এই মাঠে ২০২১ সালে খেলা সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচে ২৭ বলে ৫১ রানের অসাধারণ এক ইনিংস খেলেছিলেন এই বাঁহাতি ব্যাটার। এখানে সবশেষ ওয়ানডে ম্যাচে ২২ বলে ৩০ রান করেছিলেন সৌম্য। লম্বা সময় ছন্দ হারিয়ে এবার নেলসনে দ্বিতীয় ওয়ানডেতে ১৬৯ রানের দুর্দান্ত এক ইনিংসে খেলেছেন। লম্বা একটা সময় পর রানে ফেরা সৌম্য আজও নিশ্চয় ব্যাট হাতে বড় ইনিংস খেলতে চাইবেন। দ্বিতীয় ওয়ানডের পর ‘পরের সেঞ্চুরি কবে করবেন’—এমন প্রশ্নে সৌম্য বলেওছিলেন, ‘পরের ম্যাচেই হতে পারে।’

সরকার ক্রিকেটীয় স্বায়ত্তশাসনের গলায় ছুরি ধরেছে, আইসিসির হস্তক্ষেপ চেয়ে বুলবুল

অবসর নিয়ে নীরবতা ভাঙলেন মোস্তাফিজের সতীর্থ

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার, খেলতে কি পারবেন পিএসএলে

নির্বাচনের ঘোষণা দিলেন তামিম

তামিমের কমিটির ১১ জনের পাঁচজন চট্টগ্রামের, তিন মন্ত্রীর সন্তান, আছেন প্রতিমন্ত্রীর স্ত্রীও

পিটারসেনের আইপিএল নিয়ে মন্তব্যের জেরে ইংল্যান্ডকে ধুয়ে দিলেন মোদি

কোন ক্ষমতাবলে বুলবুলের কমিটি ভেঙে দিল ক্রীড়া পরিষদ

বোর্ড ভাঙার খবর শুনে বিসিবি ছাড়লেন বুলবুল

বিসিবির কমিটি ভেঙে দিল সরকার, তামিমকে প্রধান করে অ্যাডহক কমিটি

ক্যারিয়ার নষ্টের জন্য আইপিএলকে দুষছেন পিটারসেন