২০২৬ বিসিএলের শুরুর দিনে ব্যাটে-বলের লড়াই চলেছে সমান তালে। প্রথম দিনে কোনো সেঞ্চুরি না হলেও তিনটা ফিফটি হয়েছে। বোলিংয়ে আলো ছড়িয়েছেন তাইজুল ইসলাম ও আবদুল্লাহ আল মামুন।
সিলেটের দুই মাঠে আজ শুরু হয়েছে ২০২৬ বিসিএল। শুরুর দিন যে চার ফিফটি হয়েছে, তার তিনটিই হয়েছে মধ্যাঞ্চল-পূর্বাঞ্চল ম্যাচে। এই ম্যাচটি চলছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। অপরদিকে সিলেট একাডেমি গ্রাউন্ডে উত্তরাঞ্চল-দক্ষিণাঞ্চল ম্যাচে বোলাররা ছড়ি ঘুরিয়েছেন। ব্যাটে-বলের সমান লড়াইয়ের দিনে সেঞ্চুরির অপেক্ষায় আছেন আশিকুর রহমান শিবলি ও আবু হায়দার রনি। ৭৫ ও ৯০ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন শিবলি ও রনি।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পূর্বাঞ্চলের অধিনায়ক জাকির হাসান। আগে ব্যাটিং পেয়ে ১৮ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে মধ্যাঞ্চল। মাহফিজুল ইসলাম রবিন (২) ও নাঈম শেখ (১) এক অঙ্কের ঘরে আউট হয়েছেন। তৃতীয় উইকেটে জিসান আলম-সাদমান ৫৭ রানের জুটি গড়ে সামাল দেন প্রাথমিক ধাক্কা। ৩১তম ওভারের তৃতীয় বলে সাদমানকে ফিরিয়ে জুটি ভাঙেন নাঈম হাসান। ১১৪ বলে ১০ চারে ৫৬ রান করেছেন সাদমান।
সাদমানের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে মধ্যাঞ্চল। ৫০ রানে ৪ উইকেট হারিয়ে ৬ উইকেটে ১২৫ রানে পরিণত হয় দলটি। এমন পরিস্থিতিতে হাল ধরেন দুই মিডল অর্ডার ব্যাটার শিবলি ও রনি। সপ্তম উইকেটে ১৫০ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন তাঁরা (শিবলি-রনি)। ৮১ ওভারে ৬ উইকেটে ২৭২ রান করেছে মধ্যাঞ্চল। শিবলির স্ট্রাইকরেট ৪৯.৬৭। আর রনি ১১০ বলে ১০ চার ও ৩ ছক্কায় করেন ৯০ রান।
সিলেট একাডেমি গ্রাউন্ডে অপর ম্যাচে উত্তরাঞ্চল অধিনায়ক আকবর আলী ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। আগে ব্যাটিং পাওয়া দক্ষিণাঞ্চল ৮০.২ ওভারে ৩১৪ রানে গুটিয়ে গেছে। ইনিংস সর্বোচ্চ ৫৩ রান করেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। উত্তরাঞ্চলের তাইজুল ও আব্দুল্লাহ আল মামুন তিনটি করে উইকেট পেয়েছেন। ব্যাটিংয়ে নেমে উত্তরাঞ্চল কোনো উইকেট না হারিয়ে ১৬ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে। দুই ওপেনার আব্দুল্লাহ আল মামুন ও সাব্বির হোসেন করেছেন ৬ ও ১০ রানে।