হোম > খেলা > ক্রিকেট

চট্টগ্রামকে শেষ চারে তুললেন জ্যাকস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাঁচা-মরার ম্যাচ হয়তো নয়। তবে এর চেয়ে কোনো অংশে কমও নয়। জিতলেই বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শেষ চার নিশ্চিত, হারলে তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকে—এমন সমীকরণ নিয়ে তলানির দল সিলেট সানরাইজার্সের মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

উইল জ্যাকসের অসাধারণ ব্যাটিংয়ে চ্যালেঞ্জটা জিতেই নিল চট্টগ্রাম। শঙ্কার মেঘ উড়িয়ে উঠে গেল শেষ চারে।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ শনিবার সিলেটকে ৪ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৮৫ রানের বড় সংগ্রহ গড়ে সিলেট। জবাবে ৫ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় বন্দর নগরীর দল। জ্যাকস অপরাজিত থাকেন ৯২ রানে। এবারের বিপিএলে এটি তাঁর চতুর্থ ফিফটি। বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ৩৯৮ রান এখন এই ইংলিশ ব্যাটারের।

৩৫ বলে ফিফটি ছোঁয়ার পর আরও আগ্রাসী হয়ে ওঠেন জ্যাকস। ক্যারিয়ারসেরা ইনিংসে ৮ চার ও ৪ ছক্কা মারেন তিনি। আলাউদ্দিন বাবুর করা শেষ ওভারের প্রথম বলে ছক্কা মেরে ম্যাচের যবনিকা টানেন তিনি।

ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের পর তৃতীয় দল হিসেবে বিপিএলের প্লে-অফ নিশ্চিত করল চট্টগ্রাম। ১০ ম্যাচে তাদের অর্জন ১০ পয়েন্ট। রয়েছে পয়েন্ট তালিকার তিন নম্বরে। সমান সংখ্যক ম্যাচে মাত্র ৩ পয়েন্ট পাওয়া সিলেটের বিদায় নিশ্চিত হয়েছে অনেক আগে।

আগামী সোমবার এলিমিনেটরের মিনিস্টার ঢাকা অথবা খুলনা টাইগার্সের মুখোমুখি হবে আফিফ হোসেন-মেহেদী হাসান মিরাজের চট্টগ্রাম।  

সংক্ষিপ্ত স্কোর
সিলেট: ২০ ওভারে ১৮৫/৬
(বোপারা ৪৪; মৃত্যুঞ্জয় ৩/৩৭)

চট্টগ্রাম: ১৯.১ ওভারে ১৮৮/৬
(জ্যাকস ৯২; সোহাগ ২/২১)

ফল: চট্টগ্রাম ৪ উইকেটে জয়ী 
ম্যাচসেরা: জ্যাকস (চট্টগ্রাম)

বাংলাদেশের সিরিজ জয়ের হাতছানি

১০০ বলের ক্রিকেটেও কোটিপতি মোস্তাফিজ

বাংলাদেশের কাছে হারের পর পাকিস্তান কোচকে বরখাস্তের দাবি

টেস্টের ১৫০ বছর পূর্তির ম্যাচে থাকছেন এক বিশেষ অতিথি

বিপিএলে রেকর্ড বোলিংয়ে বর্ষসেরা পুরস্কার পেলেন তাসকিন

‘বাংলাদেশের কাছে পাকিস্তানের এমন ভরাডুবি হবে, আগেই জানতাম’

আইসিসির শাস্তি পেলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ও দুই কর্মকর্তা

পাকিস্তানকে কাঁপিয়ে দেওয়া রানাকে নিয়ে আইসিসির পোস্ট

পান্ডিয়ার বিরুদ্ধে ভারতের পতাকা অবমাননার মামলা

‘পাকিস্তানকে মজা করে পিটিয়েছে বাংলাদেশ’